সৌদি আরব ভেঙে পড়ছে, তাই ইরানে হামলা না করার অনুরোধ করেছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নতুন করে যুদ্ধ উসকে উঠলে মারাত্মক ঝুঁকিতে পড়ার আশঙ্কায় সৌদি আরবসহ সব উপসাগরীয় দেশ তাকে আবার ইরানে হামলা না করার অনুরোধ জানিয়েছে। ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে থাকা সৌদি আরব ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ধারাভাষ্যকার স্টিফেন এ স্মিথকে দেয়া ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব সম্পর্কে এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে মাত্র তিন দিনেই তিনি ইরানকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু নিজেদের দুর্বলতার কারণে সৌদি আরব ও অন্য উপসাগরীয় দেশগুলো তাকে তা না করার জন্য অনুরোধ করেছে।

ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের (ইরান) শেষ করে দিতে চাই, তবে এক দিনে তাদের জ্বালানি খাতে আঘাত হানব। তাদের জ্বালানি শেষ হয়ে যাবে। এক দিনে তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং এক দিনে তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। প্রতিদিন একটি করে খাত ধরলে আমার মাত্র তিন দিন সময় লাগবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, অনুগ্রহ করে পরিস্থিতি এখন যেভাবে আছে কিছুদিনের জন্য সেভাবেই থাকতে দিন, কারণ তারা ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের দিকে তাকালে দেখা যাবে, তারা সবাই অপেক্ষার এই সময়টাকেই অনেক বেশি পছন্দ করবে।’

উপসাগরীয় দেশগুলো এবং বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) ওপর নিজের প্রভাব নিয়ে ট্রাম্পের এমন দম্ভোক্তি এবারই প্রথম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিজেদের নিরাপত্তার নিশ্চয়তাদাতা হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে আসছে সৌদি আরব। এর আগে গত মার্চে ইরানের বিরুদ্ধে যুদ্ধ যখন পুরোদমে চলছিল, তখন ট্রাম্প বলেছিলেন, ‘তিনি (এমবিএস) ভাবেননি এমন কিছু ঘটবে। তিনি ভাবেননি যে তাকে আমার তোষামোদ করতে হবে। তিনি ভেবেছিলেন অন্য কোনো ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টের মতোই হবে, কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো আচরণ করতে হচ্ছে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের সময় পাল্টা হামলায় ছোট উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছিল। সৌদি আরব তখন সবচেয়ে ভয়াবহ সেই প্রভাব এড়াতে পারলেও পরবর্তী সময়ে ইয়েমেনের হুথিদের হামলার মুখে পড়েছে। সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং ইরান-ঘনিষ্ঠ হুথিদের মধ্যকার যুদ্ধবিরতি গত গ্রীষ্মে ভেঙে পড়ার পর থেকে সেখানে তীব্র লড়াই চলছে। সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও শহরগুলোতে আঘাত হেনেছে হুথিরা। এসব হামলার কারণে তেলবহির্ভূত অর্থনীতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আয়োজিত গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো বাতিল করতে বাধ্য হয়েছে রিয়াদ এবং দেশটির জ্বালানি রপ্তানিও বিঘ্নিত হয়েছে।

যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়ার বিষয়ে ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে অনেক বিশ্লেষক একমত হলেও চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এসব দেশের ভোগান্তির উদ্বেগ উড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে ট্রাম্প উল্লেখ করেছেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে লাখো কোটি (ট্রিলিয়ন) ডলার বিনিয়োগ করেছে। গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে ৪৮টি পর্যন্ত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর, যে চুক্তির মোট মূল্য দাঁড়াতে পারে ২ হাজার ৪০০ কোটি (২৪ বিলিয়ন) ডলারে। উপসাগরীয় দেশগুলো সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের দেশে বিশাল বিনিয়োগকারী। তারা আমাদের দেশে লাখো কোটি ডলার ব্যয় করে। যাদের রক্ষা করার জন্য আমরা এখানে আছি, তারা চায় আমি এখন যেভাবে কাজ করছি সেভাবেই যেন করি।’

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই, তবে হরমুজ প্রণালি অবরোধ করে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিতে চায় তারা। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কো রুবিও বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে ধারাবাহিকভাবে বের হতে না পারা একমাত্র তেল হলো ইরানি তেল। ইরানের ওপর অর্থনৈতিক চাপ এতটাই বিধ্বংসী যে প্রেসিডেন্ট সিদ্ধান্তে পৌঁছেছেন, বড় ধরনের সামরিক অভিযানের আর কোনো প্রয়োজন নেই।’

এএম