যুক্তরাষ্ট্র ভুল করলে যুদ্ধের শর্ত ও পরিধি ঠিক করবে ইরান: গালিবাফ

ইরানি পার্লামেন্টের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
বিদেশে এখন
0

চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে চলমান অচলাবস্থা ও উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অবস্থায় ঝুলে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

ইরানের প্রধান আলোচকের দায়িত্বে থাকা গালিবাফ নতুন কোনো ভুল হিসাব-নিকাশ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো সংঘাত বাধলে তার ভৌগোলিক পরিধি ও শর্ত নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী।

গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। তারা যদি আমাদের সাতটি যৌক্তিক শর্ত মেনে নেয়, তবেই চুক্তির দরজা খুলবে।’

এ সময় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাখ্যান করে সেটিকে ‘কূটনৈতিক হতাশা’ বলে অভিহিত করেন গালিবাফ। এর আগে বেসেন্ট দাবি করেছিলেন, ইরানের পক্ষ থেকে হত্যার হুমকি পাওয়ার পর সিক্রেট সার্ভিসের নির্দেশনায় তিনি ওয়াশিংটনের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে চলে গেছেন।

বেসেন্টের ওই দাবির জবাবে গালিবাফ বলেন, ‘মার্কিন ট্রেজারি সেক্রেটারির উদ্ভট বক্তব্য ও অনৈতিক ভাষা আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী প্রজাতন্ত্রের কর্তৃত্বের সামনে তাদের চরম হতাশাই ফুটিয়ে তোলে। আসন্ন হুমকির ভয়ে যে ব্যক্তি নিজের ঘর ছেড়ে সামরিক বাংকারে আশ্রয় নিয়েছেন, মহান ও বীর জাতিগুলোকে অপমান করার চেয়ে পারস্য উপসাগরে নিজেদের কৌশলগত ব্যর্থতা নিয়ে আত্মসমালোচনা করাই তার জন্য ভালো হবে।’ গালিবাফ আরও বলেন, এ ধরনের উসকানিমূলক বক্তব্য মূলত আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ওয়াশিংটনের গভীর অস্বস্তিরই বহিঃপ্রকাশ।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত রয়েছে। রোববার বাহরাইন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। বাহরাইনের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ‘ধারাবাহিক ও বিশ্বাসঘাতকতামূলক আগ্রাসন’ চালানোর অভিযোগ করেছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইরানের ছোড়া প্রজেক্টাইলগুলো ভূপাতিত করার দাবি করেছে দেশটির বাহিনী।

এই বিমান হামলার দায় স্বীকার করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা সেপাহ নিউজকে দেয়া এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘মার্কিন সেনাবাহিনীর নির্লজ্জ আগ্রাসনের চূড়ান্ত ও দাঁতভাঙা জবাবের দ্বিতীয় ধাপে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছোড়া হয়েছে।’

আইআরজিসি জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে শত্রুপক্ষের বিমান হামলার জবাবে ‘মার্কিন আগ্রাসী বাহিনীর’ ওপর এই আঘাত হানা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ড্রোনগুলো একের পর এক ভূপাতিত করা হচ্ছে। আগের ধাপের চেয়ে এই ধাপে মার্কিন লক্ষ্যবস্তুগুলোর দিকে আইআরজিসির আরও বেশি সংখ্যক ড্রোন এগিয়ে যাচ্ছে। ফলে শত্রুপক্ষ জেনে রাখুক, যেকোনো আগ্রাসনের জবাব হবে কঠোর ও সুচিন্তিত।’

এএম