যুক্তরাষ্ট্রে ব্যাংকিং সেবায় বিপর্যয়; চেজ ও জেল লেনদেনে ভোগান্তির নেপথ্যে কী?

জেপি মরগান চেস
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান জেপিমরগান চেজের কারিগরি ত্রুটির কারণে অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেন ব্যাহত হওয়ায় দেশজুড়ে হাজারো গ্রাহক ব্যাংকিং সেবা পেতে ও অর্থ পরিশোধে ভোগান্তিতে পড়েন। সোমবারের এই ঘটনায় ওয়েলস ফার্গো এবং ব্যাংক অব আমেরিকাসহ বেশ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা সমস্যায় পড়েন। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সেবা জেল-এর মাধ্যমে অর্থ লেনদেনেও বিলম্বের অভিযোগ করেন অনেক ব্যবহারকারী।

আসলে কী ঘটেছিল?
জেপিমরগান চেজের সফটওয়্যারজনিত সমস্যার কারণে অন্য ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। এতে যুক্তরাষ্ট্রের হাজারো গ্রাহক অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যার মুখে পড়েন। এই বিভ্রাট অন্তত আরও পাঁচটি ব্যাংকের গ্রাহকদের ওপর প্রভাব ফেলে। সেবা নিতে গিয়ে চেজের অনেক গ্রাহক স্ক্রিনে একটি বার্তা দেখতে পান, যেখানে লেখা ছিল, ‘কিছু সেবা বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা সেগুলো ঠিক করতে কাজ করছি। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।’

ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, অনলাইন সেবার বিভ্রাট নজরদারির ওয়েবসাইট ডাউনডিটেক্টরে সোমবার স্থানীয় সময় বেলা ২টার দিকে (গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টা) সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে। তবে দিনের শেষ ভাগে অভিযোগের সংখ্যা কমে আসে।

ব্যাংকটির মুখপাত্র জো ইভানজেলিস্টি বলেন, ‘নিজস্ব হার্ডওয়্যার সিস্টেমে একটি সফটওয়্যার বাগ বা ত্রুটির কারণে জেপিমরগান চেজ সাময়িক সমস্যার মুখে পড়েছিল। এর সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই।’

কোন কোন ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেন?
সোমবার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় ব্যাংকের গ্রাহকেরা সমস্যার কথা জানান। এগুলোর মধ্যে রয়েছে জেপিমরগান চেজ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংক, ট্রুইস্ট এবং ক্যাপিটাল ওয়ান। তবে সব ব্যাংকই যে নিজেদের সিস্টেমে সমস্যার কথা জানিয়েছে, তা নয়।

চেজ কারিগরি সমস্যার বিষয়টি নিশ্চিত করলেও ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ, ইউএস ব্যাংক, ক্যাপিটাল ওয়ান এবং ট্রুইস্ট জানায়, তাদের নিজস্ব ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবেই চলছিল। মূলত চেজের গ্রাহক এবং অন্য ব্যাংকের যেসব গ্রাহক চেজের সঙ্গে লেনদেন করার চেষ্টা করছিলেন, তারাই সোমবারের এই কারিগরি সমস্যার মুখে পড়েন।

জেপিমরগান চেজ জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ হার্ডওয়্যার সিস্টেমের সফটওয়্যার ত্রুটির কারণে লেনদেন প্রক্রিয়াকরণের গতি কমে গিয়েছিল। কিছু গ্রাহক নিজেদের ব্যাংক হিসাব ও তহবিলে প্রবেশ করতে না পারার অভিযোগ করলেও চেজের দাবি, গ্রাহকদের প্রবেশাধিকার চালু ছিল।

চেজ হলো জেপিমরগান চেজের গ্রাহক ব্যাংকিং বিভাগ। সম্পদের দিক থেকে জেপিমরগান চেজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক। প্রতিষ্ঠানটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও আন্তব্যাংক অর্থ লেনদেন পরিচালনা করে। অর্থাৎ চেজে কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে অন্য ব্যাংকগুলোর নিজস্ব সিস্টেম স্বাভাবিক থাকার পরও সেসব ব্যাংকের গ্রাহকদের লেনদেনে বিলম্ব হতে পারে।

ইভানজেলিস্টি বলেন, ‘এটি পুরো ব্যবস্থার কোনো সামগ্রিক সমস্যা নয়। কেবল আমাদের সঙ্গে লেনদেনের অংশীদার হওয়ার কারণেই অন্য ব্যাংকগুলো লেনদেনে ধীরগতির মুখে পড়ে থাকতে পারে।’

জেল সেবায় কেন বিপত্তি ঘটল?
জেল হলো তৃতীয় পক্ষের একটি পিয়ার-টু-পিয়ার বা তাৎক্ষণিক অর্থ লেনদেন ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো ব্যবহার করে থাকে। এর মাধ্যমে গ্রাহকেরা মুহূর্তের মধ্যে বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে অর্থ পাঠাতে পারেন। অ্যারিজোনাভিত্তিক প্রতিষ্ঠান আর্লি ওয়ার্নিং সার্ভিসেস এটির মালিক। আবার এই আর্লি ওয়ার্নিং সার্ভিসেসের মালিকানায় রয়েছে ব্যাংক অব আমেরিকা, ক্যাপিটাল ওয়ান, জেপিমরগান চেজ, পিএনসি ব্যাংক, ট্রুইস্ট, ইউএস ব্যাংক এবং ওয়েলস ফার্গোর মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো।

যুক্তরাষ্ট্রে অনেক গ্রাহক জেলের মাধ্যমে অর্থ পাঠানো ও গ্রহণের ক্ষেত্রেও সমস্যার কথা জানিয়েছেন। তবে আর্লি ওয়ার্নিং সার্ভিসেসের একজন মুখপাত্র জানিয়েছেন, জেলের নিজস্ব নেটওয়ার্ক পুরোপুরি সচল ছিল। তিনি বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানগুলোর কোনো সমস্যার কারণে তাদের কিছু গ্রাহকের জেল পেমেন্টে বিলম্ব হতে পারে।’

প্রতিষ্ঠানটি ব্যাখ্যা করেছে, গ্রাহকেরা সংশ্লিষ্ট ব্যাংক ও ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে জেল ব্যবহার করেন। ফলে জেলের নিজস্ব সিস্টেম সচল থাকলেও সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে কারিগরি ত্রুটি দেখা দিলে অর্থ লেনদেন ব্যাহত হতে পারে। ইউএস ব্যাংকের একজন মুখপাত্রও জানান, তাদের নিজস্ব সিস্টেম সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও অন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জেলের মাধ্যমে অর্থ লেনদেনের চেষ্টা করা গ্রাহকেরা বিলম্বের মুখে পড়তে পারেন।

ব্যাংকিং সেবা কি স্বাভাবিক হয়েছে?
সোমবারের মধ্যেই অনলাইন ব্যাংকিং সেবা পুরোপুরি ফিরিয়ে আনতে কাজ করার কথা জানিয়েছিল চেজ। পরে জেপিমরগান চেজ জানায়, সাময়িক ওই বিভ্রাটের পর লেনদেন প্রক্রিয়াকরণ আবারও স্বাভাবিক হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, চেজের একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার ব্যাংকিং কার্যক্রম শেষ হওয়ার কিছুক্ষণ পর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১১টা) লেনদেন স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছিল। তবে চেজের লেনদেন প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার অর্থ এই নয় যে বিলম্বিত হওয়া প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়ে গেছে।

মাইক্রোসফট ও বিমান চলাচলের বিভ্রাটের সঙ্গে কি এর কোনো যোগসূত্র আছে?
সোমবারের ব্যাংকিং বিভ্রাটের সঙ্গে সাম্প্রতিক মাইক্রোসফট বিভ্রাট এবং মার্কিন সরকারের পরিবহন সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পরিষেবা ব্যাহত হওয়ার কোনো নিশ্চিত যোগসূত্র পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের অর্থনীতির অন্যান্য খাতে বড় দুটি প্রযুক্তিগত বিপর্যয়ের মাত্র কয়েক দিনের মাথায় ব্যাংকিং খাতে এই সমস্যা দেখা দিল। গত বৃহস্পতিবার ব্যাপক বিভ্রাটের মুখে পড়ে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, যাতে আউটলুক, টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী কোপাইলটসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়। এর এক দিন পরই শুক্রবার এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের যোগাযোগ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে কয়েক ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট উড্ডয়ন বন্ধ করে দেয় এফএএ। এতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সারা দেশে বিমান চলাচল বিপর্যস্ত হয়। এছাড়া সোমবার ইউনাইটেড এয়ারলাইনসও জানায়, অভ্যন্তরীণ সিস্টেমে দেড় ঘণ্টার এক বিভ্রাটের কারণে তাদের উড্ডয়ন অপেক্ষায় থাকা ফ্লাইটগুলো বিলম্বিত হয়, যা পরে সমাধান করা হয়েছে।

এই ঘটনাগুলোর পেছনে ভিন্ন ভিন্ন কারণের কথা জানানো হয়েছে। জেপিমরগান চেজ তাদের বিভ্রাটের জন্য সফটওয়্যার বাগকে দায়ী করেছে, আর এফএএর বিভ্রাটের পেছনে ছিল যন্ত্রপাতির ত্রুটি। তবে সাইবার নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবাল সাইবার রিস্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোডি ওয়েস্টবি আল জাজিরাকে বলেন, একের পর এক ঘটা এসব ঘটনা গুরুত্বপূর্ণ অবকাঠামোর নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

তিনি বলেন, ‘সবাই যেভাবে চট করে সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে যে এটি স্রেফ কারিগরি সমস্যা, সফটওয়্যার বাগ কিংবা পুরোনো যন্ত্রপাতির ত্রুটি—বিষয়টি আমার কাছে অত্যন্ত উদ্বেগজনক মনে হচ্ছে। জনগণ যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়ার দাবি রাখে, এগুলোর কোনোটিই তা পূরণ করে বলে আমি মনে করি না।’

ওয়েস্টবি মনে করেন, এসব ঘটনায় আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। তিনি বলেন, ‘আমার উদ্বেগের জায়গা হলো, আমরা এসব ঘটনা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে খতিয়ে দেখছি না এবং বিশ্লেষণ করছি না। এমনকি এগুলোর মধ্যে কোনো পারস্পরিক যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হতে একটি বৈশ্বিক ওয়ার্কিং গ্রুপের মাধ্যমেও অনুসন্ধান চালানো উচিত।’

—আল জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে অবলম্বনে

এএম