তাদের রক্ততৃষ্ণা এখনো মেটেনি— আওয়ামী লীগ প্রসঙ্গে রিজভী

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবীর রিজভী
এখন জনপদে
রাজনীতি
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, তাদের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। ১ হাজার ৪০০ শিশু-কিশোরকে হত্যা করে টিকতে না পেরে পালিয়ে গেছে। পার্শ্ববর্তী দেশে থেকে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই একের পর এক পুলিশের গাড়িতে, মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। কখনো মানুষ হত্যা করছে।

আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের খুন হওয়ার বিবরণ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা বেআইনি কাজ করবে, আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে, আদালত তাদের বিচার করে শাস্তি দেবে। কিন্তু আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনোটাই ছাড়বো না। জনগণকে সঙ্গে নিয়ে এ দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করবো। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে বলবো।’

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, নারী সংরক্ষিত আসনের এমপি সাবিরা সুলতানা, সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

এসএইচ