‘একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো’

ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল
এখন জনপদে
রাজনীতি
0

ফরিদপুরে কোনো গাড়ি পোড়ানো বা ভাঙচুরের ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। একইসঙ্গে এমন ঘটনার দায়-দায়িত্বও তারা নেবেন না বলে মন্তব্য করেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আমরা আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেবো। একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেবো। এর দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।’

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

সমাবেশে এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যা করা হয়েছে।’

মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এসময় তারা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন কৃষক দল নেতা রাজু মোল্যা। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এসএইচ