চীন সফরের আগে ম্যানিলায় ভারত-জাপানসহ মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

গ্রুপ ছবিতে ট্রাম্প, মোদি, তাকাইচি ও আলবানিজ
বিদেশে এখন
0

চীন সফরের আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র দেশ ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দিনের এশিয়া সফরের শুরুতে মঙ্গলবার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গণতান্ত্রিক দেশগুলোর জোট কোয়াডের এই বৈঠকে যোগ দেন তিনি। এই সফরেই চীনা ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের শেষভাগে ম্যানিলায় পৌঁছান ট্রাম্প। দুই বছর পর অনুষ্ঠিত কোয়াডের এই বৈঠকের মধ্য দিয়ে সফর শুরু করেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে পরিচিত এই জোটে এটিই ট্রাম্পের প্রথম বৈঠক। বৈঠকে ট্রাম্প বলেন, ‘মুক্ত, উন্মুক্ত, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চারটি স্তম্ভ হলো আমাদের দেশগুলো।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, আজকের বৈঠক মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ার যৌথ লক্ষ্যে নতুন গতি দিয়েছে এবং পরবর্তী ধাপের সহযোগিতার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে।

ট্রাম্পের অধীনে কোয়াড জোটের উচ্চাকাঙ্ক্ষা কমে গিয়েছিল উল্লেখ করে পুনরায় এই বৈঠক আয়োজনের সময় নির্বাচনের কৃতিত্ব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দিয়েছেন দেশটির সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল। দ্য এশিয়া গ্রুপের এই সহপ্রতিষ্ঠাতা বৃহস্পতিবারের যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে যাওয়ার আগে এটিই সম্ভবত সবচেয়ে ভালো বার্তা হতে পারে। ম্যানিলা সফর শেষে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং চীনের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বিক্রিতে যুক্তরাষ্ট্রের নতুন কড়াকড়ির প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এসব ঘটনা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নড়বড়ে বাণিজ্যযুদ্ধ বিরতিকে জটিল করে তুলতে পারে। আগামী জানুয়ারিতে এই বিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে এবং শেনজেনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

২১ সদস্যের এপেক জোটের এবারের সম্মেলনের আয়োজক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগে অভিযোগ করেছিলেন যে বেইজিংকে ঘিরে ফেলতেই কোয়াড গঠন করা হয়েছে। তবে কোয়াড সদস্যরা বলেছে, কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এই জোট কাজ করছে না। মঙ্গলবারের বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে কোয়াডভুক্ত দেশগুলো নির্বিচার রপ্তানি নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক জবরদস্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা না হলেও বিদ্যুৎচালিত গাড়ি থেকে শুরু করে মুঠোফোন তৈরির অপরিহার্য উপাদান বিরল খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ি নিয়ে আগেই অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও জাপান। এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতির দেশের সম্পর্কের চরম অবনতি হওয়ায় প্রায় এক বছর ধরে জাপানে গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি কার্যত বন্ধ রেখেছে চীন। অন্যদিকে উন্নত চিপে প্রবেশাধিকারে যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধেও পাল্টা অর্থনৈতিক জবরদস্তির অভিযোগ তুলেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কোয়াডের বিবৃতিতে আগামী বছর সামরিক টহল বিমানের অংশগ্রহণে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে সমন্বয় ও অর্থায়নের জন্য একটি ত্বরান্বিত কর্মসূচির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। এআই পরিকল্পনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে এই গুরুত্বপূর্ণ প্রযুক্তির ভবিষ্যৎ যেন এমন দেশগুলোর হাতে থাকে, যারা আমাদের মূল্যবোধ ও অভিন্ন স্বার্থ ধারণ করে এবং এটি যেন সর্বোত্তম রূপ পায়।’

কোয়াড বৈঠকের পর ১১ সদস্যের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্প। শেনজেনের উদ্দেশে রওনা দেয়ার আগে বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে ট্রাম্পের সফর ঘিরে মঙ্গলবার টানা পঞ্চম দিনের মতো ম্যানিলায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সরবরাহ ব্যবস্থা উদ্যোগ প্যাক্স সিলিকা বাতিলের দাবি জানিয়েছেন।

এর আগে সোমবার আসিয়ান সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বৈশ্বিক বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে চীন ও আসিয়ানের অর্থনৈতিক অর্জনকে সত্যিকার অর্থেই অসাধারণ বলে অভিহিত করেন। মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি ঐক্যবদ্ধ থাকা, বাইরের হস্তক্ষেপ প্রতিহত করা এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ৩ লাখ ৯০ হাজার কোটি ডলারের বেশি সম্মিলিত জিডিপির এই জোটের বৃহত্তম বাণিজ্য অংশীদার ও বিনিয়োগের প্রধান উৎস চীন। তবে ট্রাম্প প্রশাসনের অধীনে দীর্ঘস্থায়ী বাণিজ্য ও কূটনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও জোটের বড় অর্থনীতির দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায়। মঙ্গলবার আসিয়ান নেতারা জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গুরুত্বপূর্ণ খনিজসহ সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে এবং আঞ্চলিক অর্থনৈতিক ও জ্বালানি সক্ষমতা বাড়াতে আসিয়ানের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থা যখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন জাপান আরও সক্রিয় ভূমিকা পালন করবে।’

সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বাণিজ্যসংক্রান্ত একটি যৌথ বিবৃতিতেও সই করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে যাওয়া এক বাণিজ্য চুক্তির আওতায় মার্কিন রপ্তানি পণ্যের ওপর থেকে সব শুল্ক প্রত্যাহার এবং বড় ধরনের অশুল্ক বাধা দূর করবে থাইল্যান্ড। যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের বৃহত্তম রপ্তানি বাজার; চলতি বছর দেশটির মোট রপ্তানির ২৪ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে।

এএম