খাবারের সন্ধানে আমাজন জঙ্গল ছেড়ে জনপদে ‘বিরল জনগোষ্ঠী’

খাবারের সন্ধানে আমাজন জঙ্গল থেকে লোকালয়ে আসা বিচ্ছিন্ন আওয়া আদিবাসী জনগোষ্ঠীর কয়েকজন সদস্য
বিদেশে এখন
0

ব্রাজিলের আমাজন বনের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আওয়াদের বিরল কিছু ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবি তাদের অস্তিত্বের ওপর নতুন করে হুমকির বিষয়টি সামনে এনেছে। অবৈধভাবে গাছ কাটা, শিকার এবং বনভূমি দখল করে গবাদিপশুর খামার গড়ে তোলার কারণে চরম ঝুঁকিতে রয়েছে এই জনগোষ্ঠী। আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এমন উদ্বেগ জানিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকারবিষয়ক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে সরকারি একটি দলের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আওয়া আদিবাসীর বিরল সাক্ষাৎ ঘটে। এসময় তারা খাবার চেয়েছিলেন।

আওয়া জনগোষ্ঠী মূলত ব্রাজিলের উত্তর-পশ্চিম মারানিয়াও অঞ্চলে বসবাস করে। তাদের একটি অংশ বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ না রেখে নিজেদের মতো করে জীবনযাপন করে আসছে। ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ফুনাই জানিয়েছে, আরারিবোইয়া আদিবাসী অঞ্চলের একটি গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর যোগাযোগের কিছু ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য তারা পর্যালোচনা করছে। তবে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। কারণ, বিচ্ছিন্ন আদিবাসীদের সঙ্গে যোগাযোগ না করার নীতি অনুসরণ করে ব্রাজিল সরকার।

অন্যদিকে, ব্রাজিলের আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সরকারি প্রবেশ নিয়ন্ত্রণকেন্দ্র এবং তাওয়ারি গ্রামের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। তাওয়ারি গ্রামে গুয়াজাজারা আদিবাসীদের বসবাস। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, গুয়াজাজারা সম্প্রদায়ের সদস্যরা ওই ঘটনার ভিডিও ধারণ করেন।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, অবৈধভাবে গাছ কাটা ও খামার স্থাপনের বিরুদ্ধে কাজ করা আদিবাসী সংগঠন ‘গার্ডিয়ানস অব দ্য অ্যামাজন’-এর অনুরোধে তারা ভিডিওগুলো প্রকাশ করেছে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী তাদের নিজস্ব এলাকায় চারদিক থেকে অনুপ্রবেশকারীদের চাপে রয়েছে। অবৈধ কর্মকাণ্ডের কারণে তাদের বসবাসের বনভূমি ক্রমেই ছোট হয়ে আসছে। ফলে ধ্বংসের মধ্যে থাকা আমাজন বনের একটি ছোট অংশে তারা সীমাবদ্ধ হয়ে পড়ছে।

এদিকে, মারানিয়াও রাজ্যের আদিবাসী সংগঠন কোআপিমা বলেছে, এ ধরনের ঘটনা মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। কারণ, পরিকল্পনা ছাড়া বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ হলে বিচ্ছিন্ন আদিবাসীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

গত কয়েক দশকে আমাজন অঞ্চলের বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলো অবৈধ খনন, গাছ কাটা এবং গবাদিপশুর খামার স্থাপনের কারণে ক্রমাগত হুমকির মুখে পড়েছে।

বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এসব জনগোষ্ঠীর জন্য প্রাণঘাতীও হতে পারে। কলম্বিয়ার নুকাক আদিবাসী জনগোষ্ঠীর উদাহরণ দিয়ে বিষয়টি তুলে ধরেছে সারভাইভাল ইন্টারন্যাশনাল। ১৯৮০-এর দশকে বাইরের মানুষের সংস্পর্শে আসার পর রোগে আক্রান্ত হয়ে নুকাক জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল।

সারভাইভাল ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক তেরেসা মায়ো আলজাজিরাকে বলেন, ‘বন না থাকলে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীরও অস্তিত্ব থাকবে না।’

আমাজন বনের ক্রমাগত ধ্বংস, অবৈধভাবে বনভূমি দখল এবং বাইরের মানুষের অনুপ্রবেশের কারণে আওয়াদের মতো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব জীবনধারা ও অস্তিত্ব এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

এএম