পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগের দৃশ্য
এখন জনপদে
0

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়ি এবং উপজেলা সদরের অপর একটি বাড়িতে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় সাবেক এই মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এর আধা ঘণ্টা পর, সন্ধ্যা সাতটার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও একই কায়দায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিলের একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বাড়ি দুটিতে হামলা চালায়। তবে হামলায় কী পরিমাণ আর্থিক বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। দুটি বাড়ির মধ্যে একটি বাড়ি অনেক আগেই ভাঙচুরের শিকার হয়েছিল এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এএম