গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ এই গেমটি বাজারে আসতে বেশ কয়েকবার বিলম্ব হয়েছে। এই সিরিজের ইতিহাসে দুটি গেম মুক্তির মধ্যে এবারই সবচেয়ে দীর্ঘ ১৩ বছরের ব্যবধান থাকল। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদলে লিওনিডা নামের এক কাল্পনিক রাজ্য তৈরি করেছে। সেখানে খেলোয়াড়েরা গাড়ি চুরি, ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি এবং অবৈধভাবে অর্জিত অর্থ খরচের মতো কাল্পনিক অভিযানের অভিজ্ঞতা পাবেন।
দীর্ঘ এই অপেক্ষা খেলোয়াড়দের আগ্রহ কমাতে পারেনি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া অন্যান্য গেমের তুলনায় জিটিএ সিক্সের এই সাফল্যের পরিধি অতুলনীয়। মুক্তির ৯ দিন আগেই প্রি-অর্ডার থেকে গেমটির আয় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার ছাড়িয়ে যায়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেম কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার টু মুক্তির ঠিক একই সময় আগে যে আয় করেছিল, জিটিএ সিক্সের আয় তার প্রায় দ্বিগুণ।
এই সিরিজের আগের গেম গ্র্যান্ড থেফট অটো ফাইভ (জিটিএ ফাইভ) ব্যাপক সাফল্য পেয়েছিল। ২০১৩ সালে সর্বাধিক বিক্রীত গেম হওয়ার পাশাপাশি এটি প্রতিবছর ফ্র্যাঞ্চাইজিটিকে শত শত কোটি ডলার আয় এনে দিয়েছে। এই দীর্ঘমেয়াদি সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে জিটিএ অনলাইন। জিটিএ ফাইভ মুক্তির কয়েক সপ্তাহ পরই একসঙ্গে অনেকের খেলার উপযোগী বা মাল্টিপ্লেয়ার সংস্করণ হিসেবে এটি চালু করা হয়েছিল।
জিটিএ অনলাইনের মাধ্যমে খেলোয়াড়েরা মূল গেম শেষ করার পরও লস অ্যাঞ্জেলেসের আদলে তৈরি কাল্পনিক শহর লস সান্তোসে অন্যদের সঙ্গে মিলে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পান। কেবল গেম বিক্রির বাইরেও রকস্টার গেমসের জন্য আয়ের নতুন পথ খুলে দেয় জিটিএ অনলাইন। নতুন আধেয় বা কনটেন্ট এবং খেলার নতুন ধরনের কারণে খেলোয়াড়েরা বারবার এতে ফিরে আসেন। এছাড়া গেমের ভেতরে বাড়তি সুবিধা বা হালনাগাদ পেতে ভক্তরা বাস্তবের অর্থও খরচ করতে পারেন। কেবল জিটিএ অনলাইন থেকেই গত এক দশকে ৫০০ কোটি (৫ বিলিয়ন) ডলারের বেশি আয় হয়েছে।
খেলোয়াড়দের এই ধারাবাহিক আগ্রহের কারণেই সর্বকালের অন্যতম বৃহৎ গেম ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে জিটিএ। সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেমের তালিকায় রয়েছে ১৯৮৪ সালের ক্ল্যাসিক গেম টেট্রিস, নব্বইয়ের দশকের জনপ্রিয় গেম পোকেমন এবং সাম্প্রতিক সময়ের শুটিং গেম ফ্র্যাঞ্চাইজি কল অব ডিউটি। বিক্রির দিক থেকে শীর্ষ স্থানে পৌঁছাতে গ্র্যান্ড থেফট অটোর প্রয়োজন আর মাত্র ৪ কোটি কপি। ফলে নতুন এই সংস্করণ মুক্তির পর সর্বকালের সেরা গেমের তালিকার চিত্র বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।





