সাম্প্রতিক দিনগুলোয় অঞ্চলজুড়ে পাল্টাপাল্টি হামলা বাড়ার মধ্যে বাহরাইন জানিয়েছে, বুধবারসহ এক সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানের আকাশপথের হামলা প্রতিহত করেছে তারা। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকা উপসাগরীয় দেশটির প্রতি তেহরান ধারাবাহিক শত্রুতামূলক আচরণ করছে বলে অভিযোগ করেছে বাহরাইন। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলা, জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দেয়া এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার পথে বিদ্যমান বাধাগুলো সর্বশেষ এই হামলার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে।
কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুভাবাপন্ন ড্রোন হামলা মোকাবিলা করছে বলে দেশটির পক্ষ থেকে জানানোর পর ইরানের সেনাবাহিনী জানায়, তারা কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। এক মার্কিন সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্কিন কর্মী ও সম্পদের ওপর ইরানের হামলার জবাবে ওই আঘাত হানা হয়। তবে ইরানি এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।
মার্কিন সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের কোনো হামলার চেষ্টায় তাদের কোনো কর্মী আহত হননি এবং সব সেনাসদস্য নিরাপদে রয়েছেন। অন্যদিকে কুয়েত জানিয়েছে, যেকোনো আগ্রাসন বা হুমকির বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অধিকার তারা সংরক্ষণ করে।
এদিকে বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে যুক্তরাষ্ট্রকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি বলেন, ‘শত্রুরা যদি তাদের ভুলের পুনরাবৃত্তি করে, তবে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা না রেখে আরও শক্তিশালী ও বিধ্বংসী উপায়ে তাদের এবং তাদের সমর্থকদের মোকাবিলা করার মতো প্রস্তুতি ও পরিকল্পনা আমাদের রয়েছে।’
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতিবিষয়ক সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেন, ইরান অত্যন্ত সতর্কতার সঙ্গে সংঘাতের মাত্রা বাড়াচ্ছে। তিনি বলেন, ‘তবে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযানের পরিধি বাড়াতে শুরু করে এবং কেবল ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামো নয়, বরং দেশটির আরও ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইসরাইল এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোয় পাল্টা হামলা চালায় তেহরান। পরে এই সংঘাত লেবানন ও ইয়েমেনে ছড়িয়ে পড়ে। লেবাননে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে লড়াই শুরু হয় এবং ইয়েমেন থেকে ইরান-ঘনিষ্ঠ হুথিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এছাড়া জর্ডানেও মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইরান। তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করার পর এই পথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে। অন্যদিকে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা ইরানের অর্থনীতিতে বড় আঘাত হেনেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, দৃষ্টিভঙ্গির দূরত্ব ঘোচাতে এবং প্রস্তাবগুলোর মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে মঙ্গলবার বৈঠক করেছেন কাতার ও ইরানের কর্মকর্তারা।
সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বুধবার সৌদি রাজধানী রিয়াদের দিকে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝ-আকাশে প্রতিহত করা হয়েছে। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে গত অক্টোবর থেকে জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহে আরও চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার ওমানের খাসাব উপকূলে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) ট্যাংকার ফেলে চলে যান সেটির নাবিকেরা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান অ্যাডনক লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস বুধবার জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালিতে তাদের একটি জাহাজে হামলার ঘটনায় একজন নাবিক নিখোঁজ রয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন।
ইরানের সর্বশেষ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব ধরনের আগ্রাসন বন্ধ করা, আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির প্রতি সম্মান জানানো এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ দেয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে।
অন্যদিকে তথাকথিত ডার্টি বোমা ব্যবহার করে ওয়াশিংটনে হামলার বিষয়ে ইরানের সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। এ বিষয়ে মঙ্গলবার প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটনে হামলার বিষয়ে ইরানের পরিকল্পনার আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে আসন্ন কোনো হুমকির আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন না। আর এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান।





