পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে সহায়তা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই উচিত এই যুদ্ধ বন্ধে সহায়তা করা। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র ও বাণিজ্য নিয়ে গভীর মতপার্থক্য থাকায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের এই কূটনৈতিক সম্মেলন থেকে বড় কোনো চুক্তি আসার সম্ভাবনা কম। তবে এই বৈঠক ছোট দেশগুলোর মধ্যে অস্বস্তি তৈরি করেছে। এতে নিজেদের স্বার্থ উপেক্ষিত হতে পারে বলে আশঙ্কা করছে তারা।

ত্রিপক্ষীয় আলোচনার আগে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি রুশ নেতাকে বন্ধু বলে সম্বোধন করেন। ক্রেমলিন জানিয়েছে, তারা ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন এবং বৈঠক শেষে পুতিনকে চমৎকার মেজাজে দেখা গেছে।

পুতিনের সঙ্গে আলোচনার পরপরই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এ সময় রাজকীয় অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান তিনি এবং পুতিনের সঙ্গে তাদের ত্রিপক্ষীয় বৈঠক সফল হবে বলে আশা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের বিষয়ে আমরা উভয়ই সহায়তা করতে চাইছি। আমি এই যুদ্ধের অবসান দেখতে চাই।’ ট্রাম্প আরও জানান, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হলেও এই পথ দিয়ে তেলের প্রবাহ অব্যাহত রাখার বিষয়ে উভয় প্রেসিডেন্টই জোরালো অবস্থান পোষণ করেন। তবে শি জিনপিং তার বক্তব্যে ইউক্রেন বা ইরানের কথা উল্লেখ করেননি।

গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্রনীতিবিষয়ক ফেলো প্যাট্রিসিয়া কিম বলেন, কিয়েভ ও ইউরোপীয় নেতাদের অনুপস্থিতিতে ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের তুলে ধরতে চাইবে না চীন। তিনি বলেন, ‘শি জিনপিং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে মূলত একটি ইউরোপীয় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। ফলে এটি সমাধানের দায়িত্ব নিতে বেইজিং আরও কম আগ্রহী।’

এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (এপেক) শীর্ষ সম্মেলনে নিজের আগমন ঘিরে জাঁকজমকপূর্ণ আয়োজনের বিষয়টি তুলে ধরেন ট্রাম্প। পুতিনসহ অন্যান্য নেতার তুলনামূলক সাদামাটা অভ্যর্থনার বিপরীতে ট্রাম্পকে বেশ জাঁকজমকের সঙ্গে বরণ করা হয়। এমনকি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কোনো ধরনের অভ্যর্থনা অনুষ্ঠান ছাড়াই বিমানবন্দরে অবতরণ করেন।

২০২৫ সালে তাকাইচির এক মন্তব্যের পর থেকে চীনের সঙ্গে জাপানের সম্পর্কের অবনতি ঘটে। সে সময় তিনি বলেছিলেন, তাইওয়ানে চীনের কোনো পদক্ষেপ জাপানের ভূখণ্ডের জন্য হুমকি হয়ে দাঁড়ালে টোকিও সেনা মোতায়েন করতে পারে। বৃহস্পতিবার তাকাইচি জানান, তাইওয়ান বিষয়ে টোকিওর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দ্বীপটির পূর্ব দিকে রাশিয়ার দুটি সামরিক বিমান উড়ে গেছে।

প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনো সফররত নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান শি জিনপিং। গত সেপ্টেম্বরে সর্বশেষ সাক্ষাতের সময় যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্পের দেয়া অভ্যর্থনার জবাবেই শি জিনপিং এই সৌজন্য দেখান। এ সময় দুই নেতা সংক্ষিপ্ত আলিঙ্গনও করেন। ত্রিপক্ষীয় বৈঠক থেকে কী অর্জন করতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি একজন মহান প্রেসিডেন্ট, চীনের অন্যতম সেরা প্রেসিডেন্ট। কাউকে স্বাগত জানাতে তিনি কখনোই বিমানবন্দরে যাননি। শুধু তা-ই নয়, এই জাঁকজমক, সৌন্দর্য, বর্ণাঢ্য আয়োজন, হাজারো মানুষ, ছোট শিশুরা, সেনাসদস্য—সব মিলিয়ে এটি ছিল দারুণ সম্মানের। আমি এর প্রশংসা করি। এটি আমাদের জন্য একটি বড় জয়। চীনের জন্যও এটি বড় জয়।’

পশ্চিমা বাণিজ্যের রক্ষণশীল নীতি ও নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে শি জিনপিং ও পুতিনের দেয়া বক্তব্যের পর সেখানে পৌঁছান ট্রাম্প। বৃহস্পতিবার এপেক সম্মেলনের কার্যক্রমে শি জিনপিং অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের আহ্বান জানান। তবে পশ্চিমা নেতাদের দাবি, ভোক্তাদের চেয়ে শিল্প খাতের শক্তিকে প্রাধান্য দেয়া চীনের এই প্রবৃদ্ধির মডেল অন্যায্য এবং তা বিশ্ববাণিজ্যে অস্থিতিশীল ভারসাম্যহীনতা তৈরি করছে।

অন্যদিকে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু অকেজো হয়ে পড়ায় ইউক্রেন যুদ্ধে ধাক্কা খাওয়ার পরপরই এই সম্মেলনে যোগ দিয়েছেন পুতিন। তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ট্রাম্প উপস্থিত দর্শকদের বলেন, যুক্তরাষ্ট্র শত শত বছর ধরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি শক্তি হিসেবে রয়েছে। এ সময় তিনি মার্কিন অর্থনীতির শক্তির প্রশংসা করেন।

ওয়াশিংটন ও মস্কোর তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার অনেক ছোট হওয়ায় এ-সংক্রান্ত আলোচনায় যোগ দিতে বারবার আপত্তি জানিয়ে আসছে চীন। তা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকে এই শীর্ষ বৈঠকের মূল বিষয় করার ওপর জোর দিয়েছেন ট্রাম্প। এ সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শিগগিরই এ ধরনের কোনো বৈঠকের বিষয় নিশ্চিত হওয়া যায়নি।

ট্রাম্পের এই এশিয়া সফর মার্কিন প্রভাব তুলে ধরা, আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং শি ও পুতিনের সঙ্গে বড় ধরনের কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করেছে। তবে দেশে ফিরে রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মার্কিন প্রেসিডেন্টকে। এর মধ্যে রয়েছে তিক্ত মধ্যবর্তী নির্বাচনের রেশ, প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারি এবং একের পর এক প্রযুক্তি ও বিমান চলাচলে বিপর্যয়ের ঘটনা, যা মার্কিন নাগরিকদের বিচলিত করে তুলেছে।

গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের ক্রেইগ সিঙ্গেলটন বলেন, ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র, বাণিজ্য এবং চীনের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে মতপার্থক্য থাকায় এই নেতাদের একসঙ্গে উপস্থিত হওয়ার যথেষ্ট কারণ থাকলেও মূল বিষয়গুলোয় একমত হওয়ার সুযোগ অনেক কম। তিনি বলেন, ‘একটি আলোকচিত্র তিন নেতার জন্যই বেশ কাজে আসতে পারে, তবে আলোচ্যসূচিতে একমত হওয়া অনেক বেশি কঠিন।’

চলতি মাসে বাণিজ্য বিরোধে সাময়িক বিরতির মেয়াদ বাড়ানোর পর ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার মাধ্যমে এনভিডিয়ার চিপ চীনে চলে যাওয়ার খবরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এতে মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার কার্যকারিতা এবং উন্নত প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ক্রেইগ সিঙ্গেলটন বলেন, ‘এটি বেইজিংয়ের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। চীন চায় চিপ পাওয়ার বিষয়টি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দর-কষাকষির সুযোগ থাকুক। কিন্তু এখন উভয় দলের সম্মতিতে চিপের ওপর নিষেধাজ্ঞা আইনে পরিণত হতে পারে।’

এএম