এড মিলিব্যান্ড জানান, মিয়ানমারের সামরিক জান্তার ওপর যুক্তরাজ্যের বিদ্যমান নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় আইসিজের রায়ের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।
এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই রায়ের আলোকে আজ আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি। মিয়ানমারের জান্তা সরকারের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার পাশাপাশি আমরা যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছি এবং রায়টি নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানাচ্ছি।’
জবাবদিহি নিশ্চিত করতে মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার এবং আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ ঘোষণা করার পরিকল্পনার কথাও জানান মিলিব্যান্ড। মিয়ানমারের সামরিক শাসকদের হাতে রোহিঙ্গা মুসলিমদের ওপর ভয়াবহ নিপীড়নের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই জঘন্য অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ।’
আইসিজে এবং আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করে মিলিব্যান্ড জোর দিয়ে বলেন, মিয়ানমারকে অবশ্যই এই রায় পুরোপুরি মেনে চলতে হবে। তিনি বলেন, ‘রায় বাস্তবায়ন, জবাবদিহি এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আদালতের এই রায় একটি স্পষ্ট বার্তা দেয় যে এমন অপরাধ করে কেউ পার পাবে না।’
উল্লেখ্য, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে গতকাল (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) রায় দিয়েছেন আইসিজে। জাতিসংঘের শীর্ষ এই আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হলো। রায়ে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে ব্যবস্থা নেয়ার জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।
 in The Hague-768x402.webp)




