রাতভর চালানো এই হামলায় কিয়েভের দিনিপ্রো নদীর ওপর নির্মিত পোদিলস্কো-ভোস্ক্রেসেনস্কি সেতু, দারনিতস্কি সেতু এবং সাউদার্ন সেতুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কিয়েভের বাসিন্দাদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি সেতুতেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকেও সেতু লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছিল। নতুন এই হামলায় শহরের যোগাযোগব্যবস্থায় ভোগান্তি আরও বেড়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো একান্ত প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে শহরে প্রবেশ না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, রাতের এই হামলায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাতজন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন।
হামলা চলাকালে রাতভর একটানা সতর্ক সংকেত বা সাইরেন বেজেছে এবং সকাল পর্যন্ত তা অব্যাহত ছিল। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতের এই হামলায় প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির মতো ড্রোন ছুড়েছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এটি অন্যতম বৃহত্তম হামলা। ইউক্রেনীয় বিমানবাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইগনাত বলেন, এটি ছিল এখন পর্যন্ত চালানো সবচেয়ে শক্তিশালী হামলাগুলোর একটি।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেৎস্কি জানিয়েছেন, নয়টি অঞ্চলে চালানো এই হামলায় ২৮ জন আহত হয়েছেন। হামলায় খারকিভের একটি অ্যাম্বুলেন্স হাসপাতালও লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন, শহরটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্কনিলিভ রেলস্টেশনে হামলায় অন্তত দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। স্টেশনের বিধ্বস্ত টিকিট টার্মিনালের একটি ছবি প্রকাশ করে তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
এদিকে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বা গোলা পোল্যান্ডের ভেতরে গিয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেন সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার দূরে একটি স্থানে তল্লাশি চালাচ্ছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী। পশ্চিম ইউক্রেনে রুশ হামলা চলাকালে ন্যাটোর পূর্ব সীমান্তে পোল্যান্ডের যুদ্ধবিমানগুলোও জরুরি ভিত্তিতে আকাশে উড্ডয়ন করে।
চলতি সপ্তাহের শুরুর দিকে বড় ধরনের অভিযান চালিয়ে ক্রিমিয়া সেতুর সড়ক অংশটি অকেজো করে দেয় ইউক্রেন, যা মস্কোর জন্য কৌশলগত ও প্রতীকীভাবে বড় আঘাত ছিল। ২০১৪ সালে অবৈধভাবে ক্রিমিয়া দখলের পর থেকে সেখানে সেনা ও সামরিক সরঞ্জাম রেখেছে মস্কো এবং এই উপদ্বীপ হয়েই সম্মুখসারিতে যায় রুশ বাহিনী। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দখলকৃত ক্রিমিয়ার সংযোগ স্থাপনে এই সেতুটি নির্মাণ করেছিল ক্রেমলিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, সেতুটির প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করে শেষ পর্যন্ত এর একটি অংশ ধসিয়ে দেয়ার এই অভিযান কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করা হয়েছিল। অন্যদিকে আন্তর্জাতিক নিন্দার মুখেও ২০১৯ সালে নিজে উপস্থিত থেকে সেতুটি উদ্বোধন করা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন, ক্রিমিয়া সেতুতে হামলার জবাব হবে ‘অনেক বেশি যন্ত্রণাদায়ক’।



 poses with Ursula von der Leyen (L) and Antonio Costa (R)-320x167.webp)

