ইইউর সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে যুক্তরাজ্যের নতুন চুক্তি, এতে কী থাকছে?

উরসুলা ভন ডার লিয়েন ও আন্তোনিও কস্তার মাঝে অ্যান্ডি বার্নহাম
বিদেশে এখন
0

ব্রেক্সিট ভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার এক দশক পর সম্পর্কের তিক্ততা দূর করতে এবং অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে নতুন এক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য ও ইইউ। গতকাল শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ-যুক্তরাজ্য শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, বহু বছর আগে যে সেতু ভেঙে গিয়েছিল, এই চুক্তি তা আবার গড়ে তুলবে। চুক্তিটিকে তিনি ‘ব্রিটেনের জন্য একটি ভালো চুক্তি’ হিসেবে অভিহিত করেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানান, ব্রেক্সিটের পর বিশ্ব কতটা বদলে গেছে, বৈঠকে তা নিয়ে নিবিড় আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধ শুরু করে, তখনো করোনাভাইরাস মহামারি শেষ হয়নি। প্রথম দিন থেকেই আমরা একসঙ্গে রয়েছি। সম্পর্কের ধাপে ধাপে উন্নতির জন্য আমরা সব সময়ই কাজ করতে পারি। তবে বৃহত্তর চিত্র সামনে রেখে প্রয়োজনীয় চিন্তাভাবনা ও আলোচনার জন্য আমরা পুরোপুরি উন্মুক্ত।’

বাণিজ্য বিধিনিষেধ সহজ করা, সীমান্তের ওপারে তরুণদের বসবাস ও কাজের সুযোগ বাড়ানো এবং কার্বন কর নিরসন—এই তিনটি খাতকে ঘিরে সমঝোতাগুলো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিসহ কিছু বিষয়ে এখনো মতবিরোধ রয়ে গেছে। এছাড়া ইইউর সঙ্গে সম্পর্ক কত দূর এগিয়ে নেয়া উচিত, তা নিয়ে দেশের ভেতরেও রাজনৈতিক বাধার মুখে রয়েছেন প্রধানমন্ত্রী বার্নহাম।

এখন পর্যন্ত কী জানা গেছে?
শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার আলোচনার টেবিলে মূলত তিনটি চুক্তি ছিল।

প্রথমত, ব্রিটেন ও ইইউর মধ্যে খাদ্য ও কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে সীমান্ত তল্লাশি তুলে নেয়া এবং কাগজপত্রের জটিলতা কমানো হবে। এর ফলে রপ্তানি সহজ হবে এবং ব্যবসায়ী ও ভোক্তাদের খরচ কমে আসতে পারে। আল জাজিরার সঙ্গে সম্প্রতি কথা বলা ইংল্যান্ডের পনির ব্যবসায়ী টিম জোনসের মতো উদ্যোক্তাদের জন্য এটি সুখবর হতে পারে।

দ্বিতীয়ত, উভয় পক্ষের কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থাকে একসূত্রে যুক্ত করা হবে। এর ফলে ব্রিটেন ও ইইউর ইস্পাতের মতো পণ্যগুলো একে অপরের সীমান্তে কার্বন কর থেকে অব্যাহতি পাবে।

তৃতীয়ত, তরুণদের চলাচলের জন্য একটি কর্মসূচি চালু করা হবে। এর আওতায় উভয় পক্ষের ৩০ বছরের কম বয়সী সর্বোচ্চ ১ লাখ মানুষ কাজ, পড়াশোনা বা ভ্রমণের জন্য একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ তিন বছর বসবাস করতে পারবেন।

প্রধানমন্ত্রী বার্নহাম জানিয়েছেন, এসব চুক্তির ফলে ব্রিটেনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শূন্য দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি যোগ হতে পারে, যা তার আগের শূন্য দশমিক ৪ শতাংশ পূর্বাভাসের চেয়ে বেশি। এই প্যাকেজটিকে খরচ কমানো, সুপারমার্কেটে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং তরুণদের জন্য সুযোগ তৈরির মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন তিনি।

জট রয়ে গেছে কোথায়?
এই অগ্রগতির পরও কিছু বাধা রয়ে গেছে, যার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি। ব্রাসেলস চায় ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাওয়া ইইউর শিক্ষার্থীরা যেন বর্তমানের চড়া আন্তর্জাতিক ফির বদলে ব্রিটিশ শিক্ষার্থীদের সমান হারের ফি দেয়ার সুযোগ পায়। তবে লন্ডন এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে, কারণ এতে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বড় ধরনের আর্থিক প্রভাব পড়তে পারে। নাম প্রকাশ না করার শর্তে এক ইইউ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘টিউশন ফির বিষয়ে আমরা এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। এই চুক্তিতে পৌঁছানোর জন্য আমরা নিজেদের ছয় মাস সময় দিয়েছি।’

অমীমাংসিত আরেকটি বিষয় হলো গাড়িশিল্পের মতো খাতে ইইউর ‘মেড ইন ইউরোপ’ নীতির সুবিধায় ব্রিটেনের প্রবেশাধিকারের দাবি। ‘মেড ইন ইউরোপ’ হলো ইইউর প্রস্তাবিত ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিলারেটর অ্যাক্টের অংশ। মূলত চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যাতে গুরুত্বপূর্ণ ভর্তুকি পাওয়া এবং সরকারি ক্রয় চুক্তির দরপত্রে অংশ নেয়ার যোগ্যতা অর্জনের জন্য স্থানীয় সরবরাহকারীদের ব্যবহার করে ইইউ জোটের ভেতরেই গাড়ি উৎপাদন করতে বাধ্য হয়, সেজন্য এই নীতি করা হচ্ছে। ইইউ ইঙ্গিত দিয়েছে, তারা ব্রিটেনকে এই সুবিধা দিতে প্রস্তুত, তবে সেজন্য চীনের তৈরি বিদ্যুৎচালিত গাড়ি আমদানি সীমিত করার ইউরোপীয় নীতির সঙ্গে লন্ডনকে সুর মেলাতে হবে।

সামনে কী হতে পারে?
সামনে আরও দর-কষাকষি, কথাবার্তা ও আলোচনা অপেক্ষা করছে। বার্নহাম ইঙ্গিত দিয়েছেন, বর্তমান ব্যবস্থা বজায় রাখা থেকে শুরু করে ইইউ কাস্টমস ইউনিয়নে যোগ দেয়া কিংবা শেষ পর্যন্ত পুনরায় ইইউতে ফিরে যাওয়ার মতো দীর্ঘমেয়াদি বিকল্পগুলো তার সরকার খতিয়ে দেখবে। তিনি বলেন, ‘শীর্ষ সম্মেলনের পর আমাদের দীর্ঘমেয়াদি সম্পর্কের বিকল্পগুলো নিয়ে ইইউ অংশীদারদের সঙ্গে আমরা আলোচনা শুরু করব।’ তবে ইইউতে পুনরায় যোগ দিতে হলে ব্রিটিশ ভোটারদের সমর্থন এবং ইইউর সব সদস্যদেশের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন হবে। ফলে অচিরেই জোটটিতে ফিরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

ব্রাসেলস থেকে আল জাজিরার সাংবাদিক রোজি বার্চার্ড জানিয়েছেন, গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোনো নথিতে স্বাক্ষর হওয়ার কথা ছিল না। যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘সব আন্তর্জাতিক চুক্তির মতোই এখন নিজ নিজ দেশে একটি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং কিছু বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।’

যুক্তরাজ্যের অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কী?
এই আলোচনা যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনকে বিভক্ত করে ফেলেছে। বার্নহামের লেবার পার্টির ভেতরেই কিছু রাজনীতিক ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনকে সমর্থন করলেও বিভাজনমূলক ব্রেক্সিট বিতর্ক আবারও উসকে ওঠার আশঙ্কা করছেন। লেবার পার্টির এক এমপি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে আমি খুশি, তবে তাকে (প্রধানমন্ত্রীকে) খুব সাবধানে পা ফেলতে হবে।’

অনুমেয়ভাবেই বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকে সরকারের এই অবস্থানের সমালোচনা করেছে। ব্রেক্সিট প্রচারাভিযানে নেতৃত্ব দেয়া ফারাজ বিবিসিকে বলেন, ‘আমার আশঙ্কা, ব্রেক্সিট নিয়ে সেই বড় বিতর্ক আবারও শুরু হয়ে গেল।’ তিনি সতর্ক করে বলেন, ব্রিটেনের ইইউতে পুনরায় যোগ দেয়া উচিত কি না, খুব শিগগিরই আলোচনা সেদিকে মোড় নেবে।

গত বুধবার প্রকাশিত ইউগভের এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৫৪ শতাংশ নাগরিক মনে করেন আগামী পাঁচ বছরের মধ্যে ইইউতে ফিরে যাওয়া নিয়ে গণভোট আয়োজন করা গ্রহণযোগ্য হতে পারে। তবে এটি সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত কি না, তা নিয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে। অন্যদিকে ব্রিটেনের দীর্ঘমেয়াদি উদ্দেশ্য নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন ইউরোপীয় কর্মকর্তারা। লন্ডনে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত সনজা হাইল্যান্ড বলেন, ব্রেক্সিট বলতে আসলে কী বোঝানো হয়েছিল, তা নিয়ে অস্পষ্টতা ছিল। ব্রিটেন যদি আবারও আলোচনা শুরু করতে চায়, তবে তারা আসলে কী চায় সে বিষয়ে তাদের স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম