কর সংস্কারের প্রতিবাদে কলম্বিয়ায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বোগোটায় পুলিশের জলকামানের মুখে ছুটছেন এক বিক্ষোভকারী
বিদেশে এখন
0

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার প্রস্তাবিত কর সংস্কার এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার রাজধানী বোগোতাসহ দেশটির প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে সরকারের ওপর চাপ বাড়ার মধ্যেই দ্বিতীয় দফায় এই দেশব্যাপী বিক্ষোভের ঘটনা ঘটল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রেড ইউনিয়ন, শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর সদস্যরা আয়করের ন্যূনতম সীমা কমানো, স্বাস্থ্যসেবায় অবদান বাড়ানো এবং করপোরেট কর কমানোর সরকারি প্রস্তাবের বিরোধিতা করে এই বিক্ষোভে অংশ নেন।

মনোবিজ্ঞানের ২১ বছর বয়সী শিক্ষার্থী লেইডি গুতিয়েরেজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কলম্বিয়ার বড় একটি অংশ নিজেদের অসহায় মনে করছে। ধনীরাই আরও বেশি অর্থ পাচ্ছে।’

প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে মাসে প্রায় ৯৮৫ ডলারের বেশি আয় করা কলম্বিয়ানদের আয়কর দিতে হবে। বর্তমানে এই সীমা প্রায় ১ হাজার ৪১৯ ডলার।

এসপ্রিয়েলার সরকার বলছে, আর্থিক সংকট মোকাবিলায় রাজস্ব বাড়াতে এসব পদক্ষেপ জরুরি। আগামী বছর দেশটির বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এর আগে ব্যাপক সমালোচনার মুখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর কর বাড়ানোর বিতর্কিত প্রস্তাব প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট।

বিক্ষোভে সমর্থন দেয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নাগরিকদের এই নীতির বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, সরকারের এই নীতি পারিবারিক আয়ের জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে প্রেসিডেন্ট এসপ্রিয়েলা বলেছেন, নাগরিকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার স্বাধীনতা রয়েছে। তবে সড়ক অবরোধ বা তার ভাষায় ‘নগর সন্ত্রাসবাদ’ সহ্য করা হবে না বলে সতর্ক করেন তিনি। এএফপি জানিয়েছে, বিক্ষোভ মিছিলগুলো মূলত শান্তিপূর্ণ ছিল। তবে কিছু জায়গায় দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

এমন এক সময়ে এই বিক্ষোভ হলো, যখন কলম্বিয়ার ভূখণ্ডে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া যৌথ সামরিক অভিযানের প্রস্তাব বোগোতা ফিরিয়ে দিয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন নাকচ করেছেন প্রেসিডেন্ট এসপ্রিয়েলা ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন কর্মকর্তাদের বরাতে বুধবার ওই সংবাদপত্রটি জানিয়েছিল, কংগ্রেসে পর্যাপ্ত সমর্থন না থাকায় এ ধরনের অভিযানের অনুমোদন দেয়া সম্ভব নয় বলে ওয়াশিংটনকে জানিয়েছেন এসপ্রিয়েলা। এর জেরে কলম্বিয়া সফর সংক্ষিপ্ত করেন হেগসেথ।

তবে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কংগ্রেসের সমর্থন নিয়ে বোগোতার মধ্যে উদ্বেগ থাকলেও কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কোনো প্রস্তাব প্রত্যাখ্যানের কথা অস্বীকার করে এসপ্রিয়েলা বলেন, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার লক্ষ্য কলম্বিয়ার সামরিক সক্ষমতা বাড়ানো, মার্কিন সেনা মোতায়েন চাওয়া নয়। তিনি জোর দিয়ে বলেন, বিদেশি সেনা মোতায়েনের যেকোনো পদক্ষেপে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

বুধবার বোগোতা সফরের সময় সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আমেরিকাস কাউন্টার কার্টেল কোয়ালিশনে কলম্বিয়ার অংশগ্রহণের প্রশংসা করেন পিট হেগসেথ।

গত আগস্টে এসপ্রিয়েলা দায়িত্ব নেয়ার পর এটি ছিল দ্বিতীয় দেশব্যাপী বিক্ষোভ। এর আগে অক্টোবরে বিরোধী গোষ্ঠীগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং পেত্রোর আমলে চালু হওয়া সামাজিক সংস্কারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছিলেন।

এএম