টেস্টে ঘুরে দাঁড়াতে দলে পরিবর্তনের পরামর্শ সাবেক ক্রিকেটার জাভেদ ওমরের

সাবেক ক্রিকেটার জাভেদ ওমরের
ক্রিকেট
এখন মাঠে
0

জোহানেসবার্গ টেস্টে হারের দায় শুধু ব্যাটারদের নয়, কাঠগড়ায় ফিল্ডাররাও। ব্যাটারদের ধারাবাহিকতার অভাব, গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস আর স্পিনারদের সাদামাটা পারফরম্যান্স সব মিলিয়েই প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। পরের টেস্টে ঘুরে দাঁড়াতে হলে দল নির্বাচনে ও পারফরম্যান্সে পরিবর্তনের তাগিদও তার।

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের হারের ব্যবচ্ছেদ করলে সামনে আসবে বেশ কয়েকটি দুর্বলতা।

ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব, ফিল্ডিংয়ে সহজ সুযোগ হাতছাড়া আর বোলিংয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থতা। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিস করে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ।

সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, ‘ব্যাটিংয়ের কনসিস্টেন্ট বড় রান করা, যেটা রিয়াদ একবার করেছে। বাট আরও যারা সেট হয়ে যাবে, তাদেরকে বড় ইনিংস খেলতে হবে। আর ক্যাচেস ভেরি ইম্পর্টেন্ট ফিল্ডিং। টপ লেভেলে আপনি যদি এই টাইপের ক্যাচ মিস করেন, আপনি কখনোই জিততে পারবেন না অথবা ম্যাচ ড্র করতে পারবেন না।’

শুধু ব্যাটিং কিংবা ফিল্ডিং নয়, স্পিনারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন রয়েছে। প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখতে পারেননি স্পিনাররা। ফলে পেসারদের ওপর বাড়তি চাপ। সব মিলিয়ে তিন বিভাগেই উন্নতির জায়গা দেখছেন সাবেক এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমাদের স্পিন বোলিংও আপ টু দ্য মার্ক ছিল না। ওয়েস্ট ইন্ডিজের সাথে বলেন বা এখানে তো বলেন। আর আমাদের যে ক্যাচগুলা আমরা মিস করেছি, ওইটার আমরা মাশুল দিয়েছি।’

সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো আছে বাংলাদেশের সামনে। তবে একাদশে পরিবর্তন কিংবা কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব টিম ম্যানেজমেন্টের।

পরের টেস্টে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

এফএস