সেরা চারে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা টাইগারদের

বাংলাদেশ ক্রিকেট দল
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারের পর চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে আরও বিপাকে বাংলাদেশ। আগেই ফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের। তবে এবারে প্রশ্ন উঠেছে অন্তত পয়েন্ট টেবিলের সেরা চারে কি শেষ করতে পারবে নাজমুল শান্তর দল?

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শুরুর পাঁচ ম্যাচে তিন জয়ে দারুণ সম্ভাবনা জাগালেও সাম্প্রতিক ব্যর্থতায় ছন্দ হারিয়েছে বাংলাদেশ। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে নয় উইকেটে হারের পর নয় ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি, চার হার ও দুই ড্রয়ে জয়ের শতাংশ নেমে এসেছে ৪০ এর ঘরে। আর পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান এখন পাঁচ নম্বরে।

চতুর্থ স্থানে থাকা ভারতের জয় ৫১.৫২ শতাংশ। ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ৬৮ পয়েন্ট তাদের নামের পাশে। অর্থাৎ চারে উঠতে হলে বাংলাদেশকে শুধু নিজেদের ম্যাচ জিতলেই চলবে না, ভারতের বাকি ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে নাজমুল শান্তদের।

হিসেবটা বেশ কঠিন বাংলাদেশের জন্য। এই চক্রে ১২ ম্যাচের বাকি মাত্র তিনটি টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্ট এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ। বাংলাদেশ বাকি তিনটি টেস্টের সবকটিও জয় পেলেও ১২ ম্যাচে তাদের মোট পয়েন্ট দাঁড়াবে ৮০, আর জয়ের শতাংশ হবে ৫৫.৫৬। কিন্তু কঠিন বাস্তবতা হলো, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্ট জেতা টাইগারদের জন্য স্বপ্নের মতো, আর এখান থেকে এক ম্যাচ হারলেই জয়ের শতাংশ নেমে আসবে ৫০ নিচে।

অন্যদিকে ভারত এই চক্রে খেলবে ১৮ ম্যাচ, হাতে এখনো সাত টেস্ট। ভারত যদি তাদের বাকি ম্যাচগুলোর অন্তত অর্ধেকে জয় পায়, তবে তাদের জয়ের শতাংশ ৫৫ থেকে ৬০ শতাংশের ঘরে পৌঁছাবে। তবে ভারত যদি বাকি সাত টেস্টের চার থেকে পাঁচ টেস্টে পরাজয় দেখে তাহলেই কেবল সেরা চারে যায়গা পেতে পারে বাংলাদেশ।

তবে বর্তমান ফর্ম ও সূচির বাস্তবতায় ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের সেরা চারে শেষ করার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ-তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই এখন টাইগারদের একমাত্র লক্ষ্য।

এফএস