তবে এই পরিকল্পনা বাস্তবে কীভাবে কাজ করবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। কারণ যুক্তরাষ্ট্রের হাতে অতিরিক্ত জ্বালানি শোধনের সক্ষমতা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে ইউক্রেনের ক্রমাগত হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে চীনের অপরিশোধিত তেল আমদানিও ব্যাহত হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ জলবায়ু ও পণ্যবাজার অর্থনীতিবিদ হামাদ হুসাইন আল জাজিরাকে বলেন, ‘এই ত্রিপক্ষীয় বিবৃতিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানোর প্রথম পদক্ষেপ হিসেবে না দেখে রাজনৈতিক হাঁকডাক হিসেবে দেখা উচিত।’ মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো ফ্রেডেরিক স্নাইডার আল জাজিরাকে বলেন, ‘ঘোষণাটি শুনে মনে হচ্ছে ভোক্তা ও ভোটারদের শান্ত করতেই এটি দেয়া হয়েছে। সরবরাহ বাড়ানোর আগের উদ্যোগগুলো (যেমন যুক্তরাষ্ট্র-রাশিয়া ডিজেল চুক্তি) কোনো কাজে আসেনি।’
তিন দেশের শোধনাগারের সক্ষমতা কতটুকু?
সক্ষমতার দিক থেকে চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনকারী দেশ। এর পরের অবস্থানেই রয়েছে রাশিয়া ও ভারত।
চীনের দৈনিক প্রায় ১ কোটি ৮৫ লাখ থেকে ১ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। তবে দেশটির এই শোধন প্রক্রিয়া অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালিতে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে এই আমদানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত এই প্রণালি দিয়েই উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলো এশিয়ায় অপরিশোধিত তেল পাঠায়। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনের অপরিশোধিত তেল আমদানি দৈনিক ২১ লাখ ব্যারেল এবং তৃতীয় প্রান্তিকে আরও ৮ লাখ ব্যারেল কমেছে।
চলতি বছরের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সচল শোধনাগারগুলোর দৈনিক প্রায় ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে উৎপাদন বেড়েছে এবং শোধনাগারগুলো প্রায় পূর্ণ সক্ষমতায় চলছে। ইআইএর অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর মার্কিন শোধনাগারগুলো স্বাভাবিকের চেয়ে বেশি হারে চলছে। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত শোধনাগারগুলোর গড় ব্যবহার ছিল সক্ষমতার ৯৫ শতাংশের বেশি, যা ১৯৯৮ সালের পর ওই মাসগুলোর হিসাবে সর্বোচ্চ।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্যমতে, রাশিয়ার দৈনিক প্রায় ৬৫ লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। তবে দেশটির জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলা এই সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আইইএর সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে রাশিয়ার শোধনাগারগুলোর উৎপাদন দৈনিক ৩৮ লাখ ব্যারেলে নেমে আসে। এটি ২০ বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন এবং আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।
অন্যদিকে সরকারি হিসাবে ভারতের দৈনিক প্রায় ৫৩ লাখ ৬০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। তবে নয়াদিল্লিও অপরিশোধিত তেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং হরমুজ প্রণালির অবরোধে দেশটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র কি আরও পেট্রোলিয়াম শোধন করতে পারবে?
ইআইএর তথ্য অনুযায়ী, মার্কিন শোধনাগারগুলো বর্তমানে প্রায় সর্বোচ্চ সক্ষমতায় চলছে। সংস্থাটির নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে ডিস্টিলেট ফুয়েল অয়েলের (ডিজেল ও হালকা জ্বালানি তেল) সরবরাহ সংকুচিত হয়ে পড়ায় মার্কিন রপ্তানির চাহিদা ব্যাপক বেড়েছে। মূলত এ কারণেই শোধনাগারগুলোর ওপর চাপ তৈরি হয়েছে।
অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেন, চলতি বছর তেলের চড়া দামের কারণে আরও বেশি তেল পরিশোধন করা লাভজনক হতে পারে। কিন্তু সমস্যা হলো, ওয়াশিংটনের হাতে সেজন্য অতিরিক্ত কোনো সক্ষমতা নেই।
অবশ্য ট্রাম্প প্রশাসন বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়াতে নিজেদের দৃঢ়প্রতিজ্ঞ বলে দাবি করেছে। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, লক্ষ্য পূরণে সম্ভাব্য প্রতিটি বন্ধ শোধনাগার পুনরায় চালু করার বিষয়ে তার দপ্তর আলোচনা করছে। বার্তা সংস্থা রয়টার্সের ১৯ নভেম্বরের এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পরিশোধনকারী প্রতিষ্ঠান ভ্যালেরো এনার্জি গত অক্টোবরে টেক্সাসের হিউস্টনের কাছে শতবর্ষী লিওনডেলবাসেল ইন্ডাস্ট্রিজের শোধনাগারটি কেনার এবং এর কিছু অংশ পুনরায় চালু করার বিষয়ে একমত হয়েছে। এর ফলে ২০২৭ সালের শেষ নাগাদ দৈনিক ১ লাখ ৬৫ হাজার ব্যারেল পরিশোধন সক্ষমতা যুক্ত হবে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে বছরের পর বছর ধরে চলা শোধনাগার বন্ধের ধারাকে উল্টে দেবে এবং দেশটির ১ কোটি ৮০ লাখ ব্যারেল সক্ষমতার সঙ্গে আরও প্রায় ১ শতাংশ যোগ করবে। তবে বিশ্লেষকেরা বলছেন, শোধনাগারটি কেনা এবং পুনরায় চালুর মোট খরচ ১০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
রাশিয়া কি সরবরাহ বাড়াতে পারবে?
গত বছর থেকেই রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার কারণে দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। আইইএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে গড়ে প্রতি তিন দিনে একবার রাশিয়ার কোনো না কোনো শোধনাগারে হামলা হয়েছে। রয়টার্স জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ড্রোন হামলায় রুশ শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণের পরিমাণ ৪৫ শতাংশ কমে গেছে এবং কয়েকটি অঞ্চলে জ্বালানি ব্যবহারে সীমা বেঁধে দেয়া হয়েছে।
শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়, ক্রিমিয়ার সেভাস্তোপল অঞ্চলে রাশিয়ার নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোঝায়েভ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বেশ কিছু পাম্পে গাড়ির ট্যাংক পূর্ণ করা এবং জেরিক্যানে সর্বোচ্চ ২০ লিটার (৫ দশমিক ৩ গ্যালন) পেট্রোল বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছে। মানুষ যাতে একসঙ্গে শত শত লিটার তেল কিনে দীর্ঘ সারি ও কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে। সাইবেরিয়ার টমস্ক শহরেও গত সপ্তাহ থেকে পেট্রোল ও ডিজেল বিক্রি যথাক্রমে ৩০ ও ৫০ লিটারে সীমিত করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার মস্কো থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেনজা শহরে প্রতিটি গাড়ির জন্য পেট্রোল ৫০ লিটার ও ডিজেল ২০০ লিটারে সীমিত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে আরও অন্তত ছয়টি অঞ্চলে একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়।
ইউক্রেনের অব্যাহত হামলা এবং অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সীমিত করার কারণে রাশিয়ার পক্ষে এই মুহূর্তে পরিশোধন বাড়ানো বড় চ্যালেঞ্জ। ইআইএর নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি, বিশেষ করে ডিজেল রপ্তানিকারক দেশ। ফলে দেশটির শোধন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে এবং রপ্তানি কমলে বিশ্ববাজারে তার প্রভাব পড়বে। গত অক্টোবরে কিছু রুশ ডিজেল রপ্তানির অনুমতি দিতে ট্রাম্প ও পুতিন একটি চুক্তিতে পৌঁছালেও ব্যবসায়ীরা তা কিনতে অস্বীকৃতি জানানোয় জাহাজে তোলা জ্বালানির কোনোটিই গ্রাহকদের কাছে পৌঁছায়নি। ইআইএ উল্লেখ করেছে, রাশিয়ার শোধনাগারগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় এশিয়া ও মধ্যপ্রাচ্যেও পরিশোধন তৎপরতা কমেছে, যার প্রভাবে গত সেপ্টেম্বরে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
চীন কি এই ঘাটতি পূরণ করতে পারবে?
হরমুজ প্রণালির সংঘাতের কারণে চলতি বছরের শুরুতে চীনের অপরিশোধিত তেল আমদানিতে টান পড়লেও এখন তা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। কৌশলগত ও বাণিজ্যিক মজুতের হিসাব বেইজিং আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও রয়টার্স জানিয়েছে, বিশ্বের বৃহত্তম এই অপরিশোধিত তেল আমদানিকারক দেশে অক্টোবরে দৈনিক ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল তেল পৌঁছেছে। এটি সেপ্টেম্বরের ৯০ লাখ ৩০ হাজার ব্যারেলের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি এবং যুদ্ধ শুরুর ঠিক পরের মাস মার্চের পর সর্বোচ্চ। সমুদ্রপথে পণ্য পরিবহনের তথ্যদাতা প্রতিষ্ঠান ভরটেক্সার হিসাবমতে, ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে চীন সমুদ্রপথে গড়ে দৈনিক ১ কোটি ৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনত। আমদানি ঘুরে দাঁড়ানোয় অক্টোবরে আবারও তেল মজুত শুরু করেছে চীন।
হামাদ হুসাইনের মতে, চীনের হাতে কিছু অতিরিক্ত পরিশোধন সক্ষমতা রয়েছে, যা তারা কাজে লাগাতে পারে। তিনি বলেন, ‘তবে চীনে পেট্রোল ও ডিজেলের মজুত কম থাকায় পরিশোধিত তেলের উৎপাদন বাড়ানো হলেও তা রপ্তানির বদলে অভ্যন্তরীণ মজুত পূরণে ব্যবহৃত হতে পারে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকুচিতই থেকে যাবে। যেকোনো বিচারেই বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোর মূল চাবিকাঠি হবে মধ্যপ্রাচ্য থেকে পরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক হওয়া।’
—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে





