গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, আরও বেশি সন্তান নিন, তাদের গির্জার অনুশাসনে বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’
ওই পোস্টের সঙ্গে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের একটি সংবাদের শিরোনামের স্ক্রিনশট জুড়ে দেন তিনি। শিরোনামটি ছিল, ‘গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে খ্রিস্টানদের সংখ্যা ছাড়িয়ে যাবে মুসলিমরা।’ মূলত বিয়ে, পারিবারিক জীবন ও ধর্মকে কেন্দ্র করে দেয়া ওই বার্তায় লেভিট মানুষকে পরিবার গঠন করতে, গির্জার পরিবেশে সন্তানদের বড় করতে এবং তাদের মনে দেশপ্রেম জাগিয়ে তুলতে আহ্বান জানান।
তবে লেভিটের এই পোস্ট ঘিরে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিছু ব্যবহারকারী পারিবারিক মূল্যবোধ ও ধর্ম নিয়ে তার এই মতামতকে সমর্থন জানালেও অন্যরা এর সমালোচনা করেছেন। পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট কোনো জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণে মানুষকে উৎসাহিত করা উচিত কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
অনেক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সন্তান লালন-পালনের খরচ এবং তরুণ পরিবারগুলোর ওপর থাকা সামগ্রিক আর্থিক চাপের বিষয়টি সামনে এনেছেন। আবার অন্যদের যুক্তি, বড় হওয়ার পর সন্তানদের নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেয়ার স্বাধীনতা থাকা উচিত।
পোস্টটির নিচে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘বিষয়টিকে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতায় নামিয়ে আনা উচিত নয়। প্রকৃত সমাধান খুব সহজ: পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করুন, যাতে পশ্চিমা দেশগুলো তাদের সংস্কৃতি রক্ষা করতে পারে।’
আরেকজন লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার সুবিধা, জীবনধারণের উপযোগী মজুরি এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করে, তারাই আবার বলে আরও বেশি সন্তান নিন। এরপর তারা অবাক হয়ে ভাবে যে মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না।’ তৃতীয় আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেয়ার মতো আর্থিক সামর্থ্য নেই।’
অনলাইনে পোস্টটি নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে। লেভিটের সমর্থকেরা পরিবার ও ধর্মীয় বিশ্বাসের ওপর তার জোর দেয়ার প্রশংসা করছেন। অন্যদিকে সমালোচকদের যুক্তি, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা অনেক মার্কিন নাগরিকের জন্যই বড় পরিবার লালন-পালন করা ক্রমেই কঠিন করে তুলছে।





