হরমুজে দুই মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, যুদ্ধ বন্ধে অচলাবস্থা

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন
বিদেশে এখন
0

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। যুদ্ধ বন্ধের উদ্যোগে অচলাবস্থার মধ্যে আজ শনিবার এ দাবি করেছে দেশটি। অন্যদিকে চার ইরানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। সংস্থাটির দাবি, প্রায় নয় মাস আগে যুদ্ধ শুরুর পর ইরানি বাহিনীর ভূপাতিত করা এই ধরনের ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টিতে।

পরে একই দিন হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করারও দাবি করে আইআরজিসি। তাদের ভাষ্য, এটি তাদের ভূপাতিত করা এই ধরনের ১৯তম ড্রোন। ইরানের এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। মার্কিন সামরিক বাহিনীও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি পাল্টাপাল্টি হামলায় জড়ানোর পর ড্রোন ভূপাতিত করার এসব দাবি এল। এর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে ইরানের হামলাও বাড়ছে। শান্তিকালে বিশ্বের তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন। জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং সংঘাত অঞ্চলটির বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক সই করেছিল। তবে হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিয়ে মতবিরোধের কারণে তা কখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জুলাই থেকে দফায় দফায় আবারও হামলা শুরু হয়।

গত আগস্টে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, ইরানে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ৪৫টি এমকিউ-৯ ড্রোন হারিয়েছে, যা দেশটির এই ধরনের ড্রোন বহরের প্রায় ২৫ শতাংশ। হারানো ড্রোনগুলোর মূল্য ১৩০ কোটি ডলারের বেশি।

যুদ্ধ বন্ধের চুক্তি অধরাই থেকে যাওয়ার মধ্যে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গত সেপ্টেম্বরে ওয়াশিংটনের কাছে পাঠানো প্রস্তাবের উল্লেখ করেন তিনি।

আরাঘচি বলেন, হরমুজ প্রণালি আবার খুলে দিতে হলে ইরানের দেয়া সাতটি শর্ত বাস্তবায়ন করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেয়া।

শর্তগুলো কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে ইরান আলোচনায় প্রস্তুত বলে জানান আরাঘচি। বাস্তবায়নের সময়সূচিও নমনীয় বলে উল্লেখ করেন তিনি। তবে তার ভাষ্য, আলোচনা হবে মার্কিন পক্ষের প্রয়োজনীয় আস্থা তৈরির পদক্ষেপ নেয়ার শর্তে।

ইরানের মজুত করা ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর সম্ভাবনা আবারও নাকচ করেছেন আরাঘচি। তবে এ বিষয়ে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। মধ্যস্থতাকারীদের কয়েকটি প্রস্তাব পর্যালোচনা করে দেখার মতো বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সংঘাতের বর্তমান ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন আরাঘচি। তবে তিনি বলেন, অপর পক্ষের হাতে বিজয় তুলে দেবে, এমন কোনো চুক্তি ইরান মেনে নিতে পারে না।

গতকাল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তেহরান চুক্তি করতে চায়, তবে তার কাছে গ্রহণযোগ্য হবে, এমন চুক্তি করতে চায় না।

ট্রাম্প বলেন, ‘আমরা একটি প্রকৃত চুক্তি চাই, কোনো ভুয়া চুক্তি নয়, যেমনটি তারা ৫১ বছর ধরে করে আসছে।’ অথচ গত সপ্তাহেই তিনি বলেছিলেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই।

একই সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে জানতে চাওয়া হয়, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি নিজে হামলার অনুমতি দিতেন কি না। তিনি সরাসরি উত্তর দেননি। চলতি মাসের শুরুতে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের পরাজয়ের জন্য এর আগে যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স।

ভ্যান্সের বক্তব্য, ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ট্রাম্পের। তিনি বলেন, ‘আমার কাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।’

আলাদাভাবে গতকাল মার্কিন ট্রেজারি জানিয়েছে, ইরানের তেল বিক্রির অর্থ সংগ্রহকারী প্রতিনিধি বা ‘অয়েল ট্রাস্টি’ হিসেবে কাজ করার অভিযোগে চার ইরানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্রেজারির অভিযোগ, নিষেধাজ্ঞা ও দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ এড়িয়ে ইরানের বেআইনি আন্তর্জাতিক তেল বিক্রির অর্থ সংগ্রহ করতেন তারা।

এক বিবৃতিতে ট্রেজারি দাবি করেছে, অনেক ক্ষেত্রে এসব ব্যক্তি ব্যক্তিগত লাভের জন্য তেল বিক্রির অর্থ নিজেদের কাছে রেখে দিয়েছেন। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন আইআরজিসির সাবেক গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ জাভাদ বাভান্দ এবং ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজের ভাই মজিদ তাজ।

তালিকায় রয়েছেন আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন সেরভাতির ছেলে মোহাম্মদ হোসেইন সেরভাতিও। ট্রেজারির ভাষ্য, তিনি এমন কিছু প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন, যেগুলো চীনের স্বতন্ত্র টিপট শোধনাগারগুলোতে সরবরাহের জন্য ইরানি তেল কেনাবেচায় মধ্যস্থতা করত এবং তেলের চালান গ্রহণ করত।

আগে থেকেই নিষেধাজ্ঞার আওতায় থাকা মাহান এয়ারের প্রধান নির্বাহী হামিদ আরবনেজাদের ছেলে মুজতবা আরবনেজাদও নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। ট্রেজারির অভিযোগ, মুজতবা নিষেধাজ্ঞাধীন মাহান এয়ারের জন্য উড়োজাহাজের যন্ত্রাংশ কিনেছেন। তিনি এমন তেল বিক্রির কার্যক্রমও তদারক করেছেন, যার আয়ের একটি অংশ বিমান সংস্থাটিকে সহায়তা করতে ব্যবহৃত হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার ফলে চারজনের নাম মার্কিন ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের (ওএফএসি) স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস তালিকায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের এখতিয়ারে তাদের কোনো সম্পদ থাকলে তা অবরুদ্ধ থাকবে। তাদের কিংবা তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের সঙ্গে ডলারে লেনদেনও কার্যত নিষিদ্ধ হবে।

এদিকে মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের ধাক্কা সামলাতে ব্যস্ত রিপাবলিকানদের মধ্যে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা চলার সময় ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানে অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইয়াসামিন আনসারি ও রো খান্না। সরকারের ব্যয় নির্বাহের আসন্ন বিলকে এ কাজে ব্যবহারের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়ের কথা তুলে ধরে এক ভিডিও বিবৃতিতে এই দুই আইনপ্রণেতা সহকর্মীদের বলেছেন, যুদ্ধের অর্থায়ন অব্যাহত রাখে, এমন কোনো ব্যয় প্যাকেজে যেন তারা সমর্থন না দেন। আগামী মাসেই সরকারের ব্যয় বিল পাসের সময়সীমা শেষ হচ্ছে।

আগামী ১১ ডিসেম্বরের মধ্যে ব্যয় বিল পাস না হলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম আংশিক বন্ধ বা শাটডাউন হতে পারে। এই ঝুঁকির কারণে ইরান যুদ্ধের অর্থায়নকে সমর্থন দেয়ার চূড়ান্ত শর্ত হিসেবে দাঁড় করাতে সতর্ক কিছু ডেমোক্র্যাট।

ব্যয় বরাদ্দসংক্রান্ত দায়িত্বে থাকা ডেমোক্র্যাটদের দুই শীর্ষ নেতা রোজা ডিলাউরো ও প্যাটি মারে বলেছেন, সরকারি কার্যক্রম বন্ধের ঝুঁকি তৈরি না করে যুদ্ধ শেষ করার উপায় খুঁজে বের করাকেই তারা অগ্রাধিকার দিতে চান।

এএম