ট্রাম্প প্রশাসনের আশ্বাসের পরও যুক্তরাষ্ট্রে প্রযুক্তি বিভ্রাট নিয়ে জনমনে আতঙ্ক

ট্রাম্প প্রশাসনের আশ্বাসের পরও যুক্তরাষ্ট্রে প্রযুক্তি বিভ্রাট নিয়ে জনমনে আতঙ্ক
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে বেশ কয়েকটি প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছেন গ্রাহকেরা। এতে দেশটির বড় ব্যাংকগুলোর পাশাপাশি মাইক্রোসফট, ওয়ার্কডে এবং অ্যাপলের মতো প্রতিষ্ঠানের সেবা ব্যাহত হয়েছে। এমনকি মার্কিন সরকারও এই সমস্যার বাইরে ছিল না। দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং দেশটির শীর্ষ নজরদারি সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্কে চলমান অচলাবস্থার মতো ঘটনাও ঘটেছে।

মার্কিন কর্মকর্তারা অবশ্য এসব ঘটনার মধ্যে যোগসূত্র থাকার ধারণা নাকচ করে দিয়েছেন। এসব বিভ্রাট এবং জরুরি পরিস্থিতির জন্য জনগণের প্রস্তুতি নেয়া উচিত কি না—বৃহস্পতিবার ফক্স নিউজের এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তাদেরকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলুন। সবকিছু ঠিক আছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা।’

যদিও এসব বিভ্রাটের কয়েক দিন পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করে নতুন একজনকে নিয়োগ দিয়েছে হোয়াইট হাউস। এর আগে বুধবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপত্তা ত্রুটি সারানো এবং রক্ষণাবেক্ষণের হালনাগাদ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করায় সম্ভবত এসব বিভ্রাট দেখা দিয়েছে।

কয়েক মাস ধরেই এআইয়ের সম্ভাব্য হুমকি নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ঘটনা নিয়ে দেয়া বার্তা অনিচ্ছাকৃতভাবে সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, এল নিনোর প্রভাবে এবারের শীতে স্বাভাবিকের চেয়ে শক্তিশালী ঝড় হতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাজ্য, সুইডেন ও জাপানের কর্তৃপক্ষ সাম্প্রতিক মাসগুলোতে জনগণকে ঘরে টর্চলাইট, পানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দিয়ে প্রচারাভিযান চালিয়েছে। এছাড়া গত মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, বেসামরিক বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভর না করেই সব সামরিক ঘাঁটি যাতে টানা ৯০ দিন সচল থাকতে পারে, তা নিশ্চিত করতে একটি কর্মসূচি চালু করা হচ্ছে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং বিশ্বজুড়ে এআই-সংশ্লিষ্ট বিভ্রাট ও হামলার তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান এআই ইনসিডেন্ট ডেটাবেসের সম্পাদক ড্যানি আথারটন বলেন, ‘সময়টা বেশ অস্বাভাবিক যাচ্ছে। মানুষ তাদের দৈনন্দিন জীবনে যেসব সেবার ওপর নির্ভর করে, তার কয়েকটিতে সমস্যার মুখে পড়েছে। কিছু ঘটনায় আসলে কী ঘটেছে, তা আমরা এখনো জানার চেষ্টা করছি।’ জরুরি সেবাগুলো নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনো যৌথ সিস্টেম অচল হয়ে পড়ে, তবে হাসপাতালগুলো কি রোগীদের সেবা দিতে পারবে? আমি মনে করি সরকার ও এআই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ধরে নেয়া উচিত যে এ ধরনের গুরুতর বিভ্রাট সামনেও অব্যাহত থাকবে।’

অনেক প্রতিষ্ঠানই এখন নিজেদের সিস্টেম পরীক্ষা করতে এআই ব্যবহার করছে এবং এমন সব ত্রুটি খুঁজে পাচ্ছে, যা অপ্রত্যাশিত উপায়ে হ্যাকারদের কাজে লাগানোর ঝুঁকি তৈরি করছে। গত মাসে এফবিআই জানায়, উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে যুক্ত সাইবার অপরাধীরা ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। জটিল এই অভিযানের বেশ কয়েকটি ধাপে হ্যাকাররা এআই ব্যবহার করেছিল বলে জানা গেছে। তারা অন্য প্রতিষ্ঠানের নিয়োগকর্তা সেজে প্রকৌশলীদের ভিডিও সাক্ষাৎকার নেয়, তাদের কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার ঢুকিয়ে দেয় এবং শেষ পর্যন্ত তহবিল থাকা ক্রিপ্টো ওয়ালেটে প্রবেশাধিকার পায়।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ফিউচারটেকের গবেষক পিটার স্ল্যাটারি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর ধারাবাহিক বিভ্রাটের পেছনে এআই কীভাবে ভূমিকা রাখতে পারে অথচ তা হয়তো এখনো ধরা পড়েনি—বাইন্যান্সের ঘটনাটি তার একটি উদাহরণ। হ্যাকাররা গবেষণার কাজে কিংবা লক্ষ্যবস্তু করা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মীদের বিশ্বাস অর্জনের জন্য নিখুঁত ডিপফেক তৈরিতে এআই ব্যবহার করে থাকতে পারে। আবার এআই টুলের সঙ্গে মানিয়ে নিতে সফটওয়্যার হালনাগাদ করা বা এআইয়ের পরামর্শ মেনে প্রতিষ্ঠানের কার্যক্রমে পরিবর্তন আনার কারণেও সমস্যা তৈরি হতে পারে।

স্ল্যাটারি আল জাজিরাকে বলেন, ‘আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে হ্যাকিং এবং অন্যান্য নানা কাজে এআই ক্রমেই কার্যকর হয়ে উঠছে। নিশ্চিত করে বলা না গেলেও পরিস্থিতি আরও খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অবকাঠামোর ওপর এআইয়ের মাধ্যমে আরও হামলা হবে এবং আগামী এক বা দুই বছরের মধ্যে বড় ধরনের কিছু হামলা ও ক্ষতিকর ঘটনা ঘটবে।’ তিনি জানান, সম্ভাব্য এআই হামলার দায় থেকে নিজেদের বাঁচাতে প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে। গত কয়েক মাসে জেপি মরগান, সিটিব্যাংক এবং ব্যাংক অব আমেরিকাসহ বেশ কয়েকটি বড় ব্যাংক গ্রাহকদের জানিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে প্রবেশের জন্য তারা যদি এআই ব্যবহারকারী তৃতীয় পক্ষের কোনো টুল ব্যবহার করেন এবং তাতে কোনো আর্থিক ক্ষতি হয়, তবে ব্যাংক তার দায় নেবে না।

সাম্প্রতিক বিভ্রাটের হুমকি নিয়ে ওঠা প্রশ্নগুলো ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যেভাবে দ্রুত উড়িয়ে দিয়েছেন, তাতে বিশেষজ্ঞদের আস্থাও কমেছে। ২০২৫ সাল পর্যন্ত ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) প্রধানের দায়িত্ব পালন করা ডিয়ান ক্রিসওয়েল আল জাজিরাকে বলেন, ‘প্রাথমিক উত্তরগুলোকেই আমরা চূড়ান্ত হিসেবে ধরে নিতে পারি না। কারণ কখনো কখনো এসব ত্রুটি সিস্টেমের অনেক গভীরে লুকিয়ে থাকতে পারে এবং এর কারণ বুঝতে আমাদের পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালাতে হবে।’

ক্রিসওয়েল বলেন, গত সপ্তাহে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাগুলোকে প্রাকৃতিক দুর্যোগের মতো করে দেখা উচিত নয়। ঘূর্ণিঝড়ের পর ফেমার কর্মকর্তারা খুব দ্রুত ক্ষয়ক্ষতির হিসাব করতে পারেন এবং জরুরি সেবা চালু করতে কত দিন, সপ্তাহ বা মাস লাগবে তা অনুমান করতে পারেন। কিন্তু সাইবার বা প্রযুক্তিগত ঘটনার ক্ষেত্রে কারণটি ভালোভাবে বুঝতে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নিতে হয়।

এ কাজের জন্য ফেমা মূলত সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিসা) ওপর নির্ভর করত। কিন্তু ট্রাম্পের অধীনে বাজেট ও কর্মী ছাঁটাইয়ের ফলে সংস্থাটির ওপর কী প্রভাব পড়েছে, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে পানি থেকে শুরু করে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব এই সংস্থার। ২০২৫ সালে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) ছাঁটাইয়ের কারণে সংস্থাটি এক-তৃতীয়াংশের বেশি কর্মী হারায়। এছাড়া প্রশাসনের ২০২৭ সালের প্রস্তাবিত বাজেটে সংস্থাটির বরাদ্দ ৭০ কোটি ডলার কমানোর কথা বলা হয়েছে। গত জুনে ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার সংস্থাটিকে লেখা এক চিঠিতে বলেন, এসব পদক্ষেপ প্রমাণ করে যে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, জনস্বাস্থ্য ও জননিরাপত্তাকে অস্থিতিশীল করতে চাওয়া শত্রু ও অপরাধীদের হুমকিকে বিপজ্জনকভাবে খাটো করে দেখা হচ্ছে।

দুর্যোগ প্রস্তুতি বিশেষজ্ঞ এবং আমেরিকান সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের শিক্ষা ও কৌশলগত প্রচার পরিচালক ক্রিস এলিস বলেন, সরকারি বার্তা যা-ই হোক না কেন, মার্কিন জনগণ এসব ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না। ইউক্রেন যুদ্ধ বা বৈশ্বিক মহামারির মতো সংকটের পর সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে খাবার, পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করার প্রবণতা বেড়েছে। এছাড়া প্রতিটি নির্বাচনের পর পরাজিত পক্ষের সমর্থকদের মধ্যেও জরুরি পণ্য কেনার প্রবণতা দেখা যায়। এলিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২ কোটির বেশি মার্কিন নাগরিকের ঘরে দুর্যোগ-পরবর্তী ৩১ দিন বা তার বেশি সময় চলার মতো রসদ মজুত ছিল এবং সাম্প্রতিক মাসগুলোতে এই সংখ্যা আরও বেড়েছে। এলিস বলেন, ‘আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে দুর্যোগের জন্য আগাম রসদ মজুত করাকে এখনো মূলধারার বাইরে মনে করা হলেও আর পাগলামি হিসেবে দেখা হচ্ছে না।’

এএম