এআইয়ের প্রভাবে বদলে যাচ্ছে সাইবার নিরাপত্তা, সামনে আরও বিভ্রাটের শঙ্কা

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপিমরগ্যান চেজ
বিদেশে এখন
তথ্য-প্রযুক্তি
0

আজকাল প্রায়ই মনে হতে পারে যে কম্পিউটার সফটওয়্যার ব্যবস্থা যেন তাসের ঘরের ওপর দাঁড়িয়ে আছে। সাইবার নিরাপত্তা গবেষক পাওলোস ইবেলো যখন ইন্টারনেটে বহুল ব্যবহৃত নথি ও ছবি প্রক্রিয়াজাতকরণ সফটওয়্যারের একটি ত্রুটি খুঁজে পান, তখন তার এমনই অনুভূতি হয়েছিল। ‘আপলোড-টু-শেল’ নামের ওই ত্রুটি কাজে লাগিয়ে একজন হ্যাকার কেবল একটি ফাইল আপলোড করেই গুগল, জুম এবং সম্ভাব্য আরও হাজারো প্রতিষ্ঠানের সফটওয়্যারে ঢুকে পড়তে পারতো। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি পিডব্লিউএন এআই নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা ইবেলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখেন, মানুষ যখন বিভিন্ন সেবায় ফাইল আপলোড করে তখন পর্দার আড়ালে আসলে কী ঘটে। তিনি দেখতে পান, ৩৮ বছর আগে ছবিকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তরের জন্য তৈরি ঘোস্টস্ক্রিপ্ট নামের সফটওয়্যারটিতে কাস্টম ফন্টযুক্ত ফাইল আপলোড করে ক্ষতিকর কম্পিউটার কোড চালানো সম্ভব। পরে ইবেলো ঘোস্টস্ক্রিপ্টের নির্মাতা প্রতিষ্ঠান আর্টিফেক্স এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানালে তারা তা সারানোর ব্যবস্থা নেয়।

ইবেলোর আগে অপ্রকাশিত এই আবিষ্কারটি মূলত আরেকটি উদাহরণ যে কীভাবে উন্নত এআই কয়েক মাসের মধ্যে সাইবার নিরাপত্তার চিত্র আমূল বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা, নিরাপত্তা প্রকৌশলী এবং এআই বিশেষজ্ঞদের মতে, বিশ্ব এখন এমন এক বিভ্রান্তিকর ডিজিটাল অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে মারাত্মক প্রযুক্তিগত বিভ্রাট অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি নৈমিত্তিক ঘটনা হয়ে উঠতে পারে।

এই কম্পন এখন মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনেও ছড়িয়ে পড়েছে; তাদের ই-মেইল ইনবক্স অচল হয়ে পড়ছে এবং ফ্লাইট বন্ধ থাকছে। সাম্প্রতিক সব ঘটনা এআই-সংশ্লিষ্ট না হলেও ব্যাংকিং ব্যবস্থা বা গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল করে দিতে পারে—এমন ব্যাপক ইন্টারনেট বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব জনমনে বিভ্রান্তি ও ভয় উসকে দিয়েছে। সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব হয়ে পড়েছে যে কোনটি হ্যাকারদের হামলা আর কোনটি কেবলই সেকেলে সফটওয়্যারের ত্রুটি।

গত দুই সপ্তাহে দফায় দফায় প্রযুক্তি বিভ্রাটের কারণে ব্যাংকিং লেনদেন ধীরগতির হয়েছে, মাইক্রোসফটের পণ্য ও অ্যাপলের সেবা ব্যাহত হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) একটি গুরুত্বপূর্ণ সিস্টেম বন্ধ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে সব বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনা ক্ষতিকর সাইবার হামলার কারণে ঘটেছে বলে তাদের কাছে কোনো প্রমাণ নেই। বরং উড়োজাহাজ চলাচল বন্ধ হওয়া বাদে বেশির ভাগ বিভ্রাটের পেছনে একটি সাধারণ কারণের কথা বলছেন মার্কিন কর্মকর্তারা। তা হলো—নতুন খুঁজে পাওয়া ত্রুটি থেকে নিজেদের ডিজিটাল ব্যবস্থা সুরক্ষিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা তড়িঘড়ি করে সফটওয়্যার প্যাচ বা হালনাগাদ দিচ্ছে, আর সেই হালনাগাদ করতে গিয়েই বিপত্তি ঘটছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, এনএসএসহ কয়েকটি ঘটনায় সংশ্লিষ্ট ত্রুটিগুলো এআইয়ের সাহায্যে শনাক্ত করা হয়েছিল। ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান সবাই এখন এআই মডেল ব্যবহার করে খুব সহজেই আড়ালে থাকা কম্পিউটার বাগ বা ত্রুটি খুঁজে বের করছে। আগে দক্ষ দলগুলোর যা তৈরি করতে কয়েক মাস সময় লাগত, এখন মাত্র কয়েক দিন বা কয়েক ঘণ্টায় তারা পরীক্ষামূলক হ্যাকিংয়ের কাঠামো তৈরি করে ফেলছে। একই সময়ে অপরাধীরাও সমান গতিতে এআই ব্যবহার করছে—এমন আশঙ্কা থেকে নিরাপত্তাকর্মীরা দ্রুত ত্রুটি সারানোর জন্য ছুটছেন। ফলে তাড়াহুড়ো করে দেয়া ত্রুটিপূর্ণ হালনাগাদের কারণে সিস্টেম অচল হয়ে পড়ছে।

গত মাসের ঘটনাগুলো এতটাই উদ্বেগজনক ছিল যে সাইবার নিরাপত্তা খাতের অনেকেই মাসটিকে ‘ব্ল্যাক অক্টোবর’ হিসেবে অভিহিত করেছেন। এআইয়ের মাধ্যমে খুঁজে পাওয়া সফটওয়্যার ত্রুটির অবিরাম স্রোতে নিরাপত্তাকর্মীরা ক্লান্ত ও অসহায় হয়ে পড়েছেন। চলতি মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, আগামী এক বা দুই বছর বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ উন্নত এআই মডেলগুলো এমন সব কোডিং ত্রুটি খুঁজে বের করবে যা মানুষের চোখে আগে কখনোই ধরা পড়েনি। কেউ কেউ আশা করছেন, এই যন্ত্রণাদায়ক রূপান্তর পর্ব পেরিয়ে গেলে এআইয়ের সাহায্যে ঝুঁকিপূর্ণ কোডগুলো মুছে ফেলে ইন্টারনেটে একটি ভারসাম্য আসবে। তবে অন্যদের আশঙ্কা, আধুনিক জীবন ও বৈশ্বিক অর্থনীতি যে আন্তঃসংযুক্ত প্রযুক্তির ওপর টিকে আছে, এআই তার জন্য এক অন্তহীন হুমকি হয়ে থাকবে।

ওয়াশিংটনে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটি আয়োজিত এক সম্মেলনে এনএসএ এবং ইউএস সাইবার কমান্ডের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল পল এম নাকাসোনে বলেন, গত সপ্তাহের পরিস্থিতিই এখন ‘নতুন স্বাভাবিক’ বা নিউ নরমাল। ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের এই সদস্য বলেন, ‘বিভিন্ন শিল্প ও সংস্থা দ্রুত আধুনিকায়নের পাশাপাশি নিজেদের সুরক্ষার চেষ্টা করছে। সুযোগ এবং চ্যালেঞ্জ—এ সবকিছুই পরিচালনা করছে এআই।’ এআইকে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনকারী প্রযুক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, টিকে থাকার সক্ষমতা বাড়াতে এখন আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে।

চাকা খুলে পড়ার আগপর্যন্ত চালিয়ে যাওয়া
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সিলিকন ভ্যালিতে ‘দ্রুত এগিয়ে যাও এবং প্রচলিত কাঠামো ভেঙে ফেলো’ স্লোগানটি জনপ্রিয় করেছিলেন। তবে ইন্টারনেটের বিষয়ে সবচেয়ে সৎ মূল্যায়ন হতে পারে যে এটি শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল এবং এত দ্রুত এগিয়েছে যে তা আর কখনোই পুরোপুরি মেরামত করা হয়নি।

তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে গড়ে ওঠা প্রযুক্তি শিল্পে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে দ্রুত পণ্য পৌঁছাতে ব্যস্ত থেকেছে, আর অগ্রগতি ধীর করে দিতে পারে ভেবে নিরাপত্তার বিষয়টি সব সময়ই গৌণ রাখা হয়েছে। তাড়াহুড়ো করে লেখা কোডের এই ঘাটতি সময়ের সঙ্গে সঙ্গে জমতে থাকে, যাকে কারিগরি ভাষায় বলা হয় ‘টেকনিক্যাল ডেট’ বা প্রযুক্তিগত দায়।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেনটিনেল-ওয়ানের নিরাপত্তা ও এআই গবেষণার বিশিষ্ট ফেলো হুয়ান আন্দ্রেস গুয়েরেরো-সাদে বলেন, ‘বেশির ভাগ প্রতিষ্ঠান যে পরিমাণ প্রযুক্তিগত দায় মেনে নিয়ে কাজ চালায়, তা ক্ষমার অযোগ্য। প্রযুক্তির ক্ষেত্রে চাকা খুলে না পড়া পর্যন্ত সবাই গাড়ি চালিয়ে গেছে। কারণ নতুন পণ্য বাজারে ছাড়লে অর্থ আসে, কিন্তু রক্ষণাবেক্ষণে কোনো অর্থ নেই।’

এআই এখন পুরো খেলার মাঠটিই উল্টে দিয়েছে এবং জনপ্রিয় সফটওয়্যারগুলোর ফাটল খুঁজে বের করা অনেক সহজ করে তুলেছে। হ্যাকিং ও সাইবার প্রতিরক্ষায় বিশেষজ্ঞ এনএসএ নিজেও এর বাইরে থাকতে পারেনি। এআই ব্যবহারকারী গবেষকদের খুঁজে পাওয়া পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ত্রুটি সারাতে গিয়ে ত্রুটিপূর্ণ হালনাগাদ ইনস্টল করায় চলতি সপ্তাহে সংস্থাটির গোপন নেটওয়ার্ক কয়েক দিন ধরে অচল ছিল।

চলতি সপ্তাহে ওয়াশিংটনের ডেমোক্র্যাট সিনেটর মারিয়া ক্যান্টওয়েল এবং সাউথ ডাকোটার রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস হোয়াইট হাউসে লেখা এক চিঠিতে সতর্ক করেছেন যে এআই-চালিত সাইবার হুমকি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাব্যবস্থাকে ছাড়িয়ে যাচ্ছে। জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনকে লেখা ওই চিঠিতে তারা বলেন, সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা ও তা কাজে লাগানোর সক্ষমতা এআই দ্রুত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের প্রতিরক্ষাব্যবস্থা তার সঙ্গে তাল মেলাতে পারছে না। গতকালের সাইবার নিরাপত্তা অবকাঠামো দিয়ে এই হুমকি মোকাবিলা করা সম্ভব নয়।

ত্রুটি শনাক্তের বিস্ফোরণ ও কর্মী সংকট
সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, এআই সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে কতটা নাটকীয়ভাবে বদলে দিচ্ছে। মাইক্রোসফট গত মাসে তাদের বিভিন্ন পণ্যের জন্য ১ হাজার ৪০০টির বেশি প্যাচ বা সমাধান প্রকাশ করেছে, যা তাদের স্বাভাবিক হারের চেয়ে প্রায় ১০ গুণ বেশি। সেপ্টেম্বরে প্রায় ১ হাজার প্যাচ প্রকাশের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে এটি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ত্রুটির এই বিস্ফোরণ সামাল দেয়ার মতো যোগ্য মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এআই দিয়ে কর্মীদের স্থলাভিষিক্ত করার চেষ্টায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চলতি বছর ব্যাপক কর্মী ছাঁটাই করেছে। ফলে পুরোনো কোডগুলো কীভাবে লেখা হয়েছিল, সে সংক্রান্ত প্রাতিষ্ঠানিক জ্ঞানও তারা হারিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের পর্যালোচনা করা লিংকডইনের নতুন নিয়োগ তথ্যে দেখা গেছে, সাইবার নিরাপত্তা ঘটনা ও ত্রুটি শনাক্তের সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়লেও যুক্তরাষ্ট্রে সামগ্রিক নিয়োগের তুলনায় সাইবার নিরাপত্তা খাতে নিয়োগ পিছিয়ে রয়েছে।

লিংকডইনের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা লিয়া কিসনার বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোর এখন আগের যেকোনো সময়ের চেয়ে দক্ষ মানুষের বেশি প্রয়োজন। কারণ সবকিছু এত দ্রুত বদলাচ্ছে যে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা কেউই নিশ্চিতভাবে জানে না।

অবশ্য এআইয়ের মাধ্যমে বিপুল ত্রুটি সামনে এলেও সাম্প্রতিক বেশির ভাগ বড় সাইবার হামলায় দেখা গেছে, লক্ষ্য অর্জনে হ্যাকারদের এআইয়ের খুব একটা প্রয়োজন হচ্ছে না। চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের ডজনখানেক পৌর পানি সরবরাহ ব্যবস্থায় ইরানের হামলাটি মূলত দুর্বল বা ডিফল্ট পাসওয়ার্ড কাজে লাগানোর মতো সাধারণ কৌশলের ওপর নির্ভরশীল ছিল। এফবিআইয়ের সংবেদনশীল কর্মী ফাইলে একটি অপরাধী গোষ্ঠীর হ্যাকিং ঘটেছে কয়েক মাস ধরে হালনাগাদ না করা ওরাকল সফটওয়্যারের মাধ্যমে। আর ইউরোপে ফ্রিজ ব্যবস্থায় সাম্প্রতিক হামলাগুলোও তুলনামূলক সাদামাটা।

নিরাপত্তা সাংবাদিক ব্রায়ান ক্রেবস লক্ষ্য করেছেন, গত মাসে মাইক্রোসফটের শনাক্ত করা ১ হাজার ৪০০টি ত্রুটির মধ্যে কেবল একটিকে হ্যাকাররা কাজে লাগাতে পেরেছিল। মাইক্রোসফটের গ্রাহক নিরাপত্তা ও আস্থা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল ইয়েহ জানান, গত এক বছরে হ্যাকাররা সবচেয়ে বেশি যে পাঁচটি ত্রুটি ব্যবহার করেছে, সেগুলোর সমাধান তিন থেকে ছয় বছর আগেই প্রকাশ করা হয়েছিল। তিনি বলেন, ‘এগুলোর কোনোটিই এআই-চালিত হামলা নয়। কয়েক দশকের পুরোনো দুর্বলতাকেই তারা কাজে লাগাচ্ছে। পুরোনো সমস্যা সমাধান না করার ব্যর্থতা আজ এআইয়ের চেয়েও বড় হুমকি।’

‘জ্বলন্ত প্রযুক্তি’ ও ইঁদুর-বিড়াল খেলা
কিছু নিরাপত্তা বিশেষজ্ঞ মনে করেন, এআই শেষ পর্যন্ত আরও টেকসই ও নিরাপদ অনলাইন ব্যবস্থার সূচনা করবে। তবে অন্যদের ধারণা, এআই উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আরও জটিল ত্রুটি খুঁজে বের করা এবং তা সারানোর এই চক্র অনন্তকাল ধরে চলতে থাকবে।

এনএসএর সাবেক শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তা রব জয়েস বলেন, এআই হ্যাকিংয়ের সম্পূর্ণ নতুন কোনো উপায় উদ্ভাবন করছে না, বরং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ওপর চাপ বাড়াচ্ছে। গতকাল শুক্রবার ওয়াশিংটন ডিসির বাইরে নিরাপত্তা বিশেষজ্ঞদের বার্ষিক সম্মেলন সাইবারওয়ারকনে দেয়া বক্তব্যে বর্তমান পরিস্থিতিকে তিনি দাবানলের সঙ্গে তুলনা করেন। জয়েস বলেন, ‘আগুনে জ্বলতে থাকা এসব প্রযুক্তি পুড়ে ছাই হয়ে যাবে, আর অন্য পাশে বনের মাটিতে থাকা ছোট চারাগুলো বেড়ে উঠবে। সেগুলো আরও শক্তিশালী ও সক্ষম হবে। কিন্তু সবকিছু জ্বলতে থাকার এই সময়টা আমাদের পার করতেই হবে।’

তবে পিডব্লিউএন এআইয়ের গবেষক ইবেলো সামনে মসৃণ পথ আসার বিষয়ে সন্দিহান। তার মতে, নতুন ও আরও শক্তিশালী মডেলগুলো আগের প্রজন্মের এআইয়ের লেখা কোডের ভেতরেও নতুন ত্রুটি খুঁজে বের করতে থাকবে। ইবেলো বলেন, ‘ত্রুটির এই ধারা কেন শেষ হবে তা আমার জানা নেই। এটি হয়তো সব সময়ই একটি ইঁদুর-বিড়াল খেলা হয়ে থাকবে।’

এএম