ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুন; নিহত ৩, নিখোঁজ ৩৬

ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশে আগুনের পর মিষ্টি তৈরির কারখানা পরিদর্শন করছেন উদ্ধারকর্মীরা
বিদেশে এখন
0

ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি ও চকলেট তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং ৩৬ জন নিখোঁজ হয়েছেন। আজ রোববার এক বিবৃতিতে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, রাজধানী জাকার্তার সীমান্তবর্তী বানতেন প্রদেশের ফনুসা আগুং মুলিয়া নামের ওই কারখানা থেকে অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানাটিতে দুধের তৈরি স্ন্যাকস এবং মিল্কিতা নামে পরিচিত মিষ্টি ও ক্যান্ডি উৎপাদন করা হয়।

উদ্ধার কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো বার্তা সংস্থা এপিকে বলেন, ‘এখনো বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের দলগুলো আগুন নেভানো ও ভবন ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছে।’ তিনি জানান, আগুন লাগার ১২ ঘণ্টার বেশি সময় পরও সেরাং জেলা এবং বানতেন প্রদেশের ফায়ার সার্ভিস কর্মীরা কারখানাটির বিভিন্ন অংশে আগুনের সঙ্গে লড়াই করছিলেন। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ইন্দোনেশিয়ান রেড ক্রসের কর্মীদের সঙ্গে মিলে উদ্ধারকারীরা কারখানার সম্ভাব্য জায়গাগুলোতে তল্লাশি চালাচ্ছেন।

বানতেন প্রদেশের গভর্নর আন্দ্রা সনি সাংবাদিকদের জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় কারখানাটির ভেতরে প্রায় ৬০ জন কর্মী ছিলেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তিনতলা ওই ভবনটি থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ভবনের ভেতরের ফুটেজে দেখা যায়, আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যন্ত্রপাতি পুড়ে কালো হয়ে নষ্ট হয়ে গেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে কারখানার বাইরে নিখোঁজ কর্মীদের স্বজনদের ভিড় করতে দেখা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরে জাকার্তার একটি অফিস ভবনে আগুনে অন্তত ২২ জন নিহত হন। এছাড়া ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল।

—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম