ফিনল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার রুশ সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ওই জাহাজে হামলাটি সম্ভবত ইউক্রেন চালিয়েছে। হামলার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় চলে আসে এবং বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর লোভিসার উপকূলে নোঙর করে আছে। উদ্ধার করা ক্রুদের কাছে থাকা আরেকটি রুশ পণ্যবাহী জাহাজে তোলা হয়েছে এবং তাদের সরাসরি রাশিয়ায় ফিরিয়ে নেয়া হবে বলে জানা গেছে।
কোস্টগার্ডের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুন নেভাতে এবং জাহাজের ডেকে স্তূপ করে রাখা কনটেইনারগুলো ঠান্ডা করতে রাতের বেলা বেশ কয়েকটি জলযান থেকে স্পার্টা টু জাহাজে জলকামান দিয়ে পানি ছিটানো হচ্ছে। ফিনল্যান্ডের বর্ডার গার্ডের উদ্ধারকারী দল ও টহল জাহাজ, একটি টহল উড়োজাহাজ, হেলিকপ্টার, ফিনল্যান্ডের দুটি বেসামরিক উদ্ধারকারী টাগবোট এবং এস্তোনীয় নৌবাহিনীর একটি টহল জাহাজ এই অভিযানে অংশ নিচ্ছে। ফিনিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বর্ডার গার্ডের অনুরোধে রাশিয়ার উদ্ধারকারী জাহাজ মুরমানও এই অভিযানে যুক্ত হয়েছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন গতকাল দেশটির সংবাদপত্র হেলসিংগিন সানোমাতকে বলেছিলেন, শনিবার রাতেই স্পার্টা টু জাহাজটিকে টেনে ফিনল্যান্ডের আঞ্চলিক জলসীমার বাইরে নিয়ে যাওয়া হবে। তবে রোববার সকাল পর্যন্ত জাহাজটি সেখানেই নোঙর করা অবস্থায় জ্বলছিল।
হামলার বিবরণ দিয়ে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল সকালে ফিনল্যান্ডের লোভিসা উপকূলের অদূরে রাশিয়ার গগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় রুশ জাহাজটিতে ড্রোন হামলার বিষয়টি তারা শনাক্ত করে। ফিনল্যান্ডের একটি টহল উড়োজাহাজ থেকে তোলা ছবিতে জাহাজটির পেছনের অংশ থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ওই ঘটনার পরপরই গালফ অব ফিনল্যান্ডের পূর্বাঞ্চলে সাময়িকভাবে বিমান ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করে ফিনল্যান্ড।
এদিকে হামলার পর রাশিয়ার একটি হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডের ৪ কিলোমিটারের (২ দশমিক ৫ মাইল) বেশি ভেতরে ঢুকে পড়ে। প্রতিরক্ষামন্ত্রী হাক্কানেন বলেন, গালফ অব ফিনল্যান্ডে ক্ষতিগ্রস্ত পণ্যবাহী জাহাজটির উদ্ধার বা নজরদারি অভিযানের সঙ্গে সম্ভবত এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনার সম্পর্ক রয়েছে। প্রতিরক্ষা বাহিনী ও বর্ডার গার্ড অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে মিলে পরিস্থিতি সামাল দিচ্ছে।
ঘটনার পর গতকাল ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘যুদ্ধ আমাদের একেবারে ঘরের কাছে ছড়িয়ে পড়ছে। গালফ অব ফিনল্যান্ডে একটি রুশ বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর ফিনিশ কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিচ্ছে। আগ্রাসনকারীর বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’
এলএসইজি এবং ভেসেলফাইন্ডার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০০ সালে নির্মিত স্পার্টা টু হলো ১২১ মিটার (৩৯৭ ফুট) দীর্ঘ রুশ পতাকাবাহী একটি রোল-অন/রোল-অফ পণ্যবাহী জাহাজ। শুক্রবার এটি সেন্ট পিটার্সবার্গ থেকে রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে রসদ সরবরাহ সেবা দেয়া নৌপরিবহন প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকার মালিকানাধীন এই জাহাজটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি।
ফিনিশ বর্ডার গার্ডের কমান্ডার ইলিয়া ইলজিন বলেন, ‘জাহাজটিতে কী ধরনের পণ্য রয়েছে, সে বিষয়ে এই মুহূর্তে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে এতে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।’
হামলার পরপরই রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো মেসেজিং অ্যাপ ম্যাক্সে জানান, রুশ ফেডারেশনের সীমান্ত থেকে ৩ নটিক্যাল মাইল (৫ দশমিক ৬ কিলোমিটার) দূরে কালিনিনগ্রাদগামী একটি পণ্যবাহী জাহাজে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি বলেও জানান তিনি। তবে কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ জানিয়েছেন, রুশ ছিটমহলটিতে পণ্য সরবরাহ ঝুঁকির মুখে পড়েনি।
চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিম উপকূলীয় লেনিনগ্রাদ অঞ্চলের দিকে একের পর এক সামরিক ড্রোন পাঠিয়েছে ইউক্রেন। এর মধ্যে কিছু ড্রোন আশপাশের বাল্টিক দেশগুলোর আকাশসীমায় ঢুকে পড়ায় যুদ্ধ ন্যাটো ভূখণ্ডে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এস্তোনীয় নৌবাহিনীর কমান্ডার ইভো ভার্ক আজ রোববার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআরকে বলেন, বাল্টিক সাগরের সরু শাখা গালফ অব ফিনল্যান্ডে আরও হামলার ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না। এর আগে চলতি মাসের শুরুতে একই এলাকায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা শনাক্ত করেছিল ফিনল্যান্ডের সামরিক বাহিনী। ইউক্রেন ওই হামলার দায় স্বীকার করার পর কিয়েভের কাছে উদ্বেগও জানিয়েছিল হেলসিঙ্কি।
রিস্ক ইন্টেলিজেন্সের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ফিনল্যান্ডের সমুদ্রবিষয়ক বিশেষজ্ঞ রবিন হ্যাগব্লম আল জাজিরাকে বলেন, যেকোনো জাহাজে হামলার অন্যতম বড় ঝুঁকি হলো তেল চুইয়ে পড়া বা জাহাজ ডুবে গিয়ে পরিবেশের ক্ষতি হওয়া। রাশিয়ার পরিচালিত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের ট্যাংকারগুলোর জরাজীর্ণ অবস্থার কারণে এই ঝুঁকি আরও বেড়েছে। তবে সৌভাগ্যবশত গালফ অব ফিনল্যান্ডে এখনো বরফ না জমায় তেল ছড়িয়ে পড়লে তা পরিষ্কার করার কাজ বাধাগ্রস্ত হবে না।
বাল্টিক সাগরের সরু ও অগভীর জলপথ বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ। কেবল হেলসিঙ্কি থেকে তালিন ফেরি রুটেই গত বছর ৭৫ লাখ যাত্রী পারাপার হয়েছেন। হ্যাগব্লমের মতে, এমন ব্যস্ত পথে ড্রোন হামলায় বেসামরিক জাহাজের ক্ষতি হওয়ার ঝুঁকি সব সময়ই থাকে। তবে আগের রুশ যুদ্ধজাহাজটির মতো স্পার্টা টু জাহাজটিকেও ইউক্রেনীয় বাহিনী সুনির্দিষ্টভাবে শনাক্ত করে রুশ জলসীমার খুব কাছে আঘাত হেনেছে বলে মনে হচ্ছে, যা পার্শ্বক্ষতির ঝুঁকি কমানোর চেষ্টারই ইঙ্গিত দেয়।





