ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ; ফ্রান্স, জার্মানি ও ইতালিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ

সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের শুরু করা বিক্ষোভ আন্দোলন
বিদেশে এখন
0

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সামরিক খাতে অতিরিক্ত খরচ, জলবায়ু সংকটসহ বিভিন্ন ইস্যুতে ফের তরুণদের বিক্ষোভে উত্তাল ইউরোপের একাধিক দেশ। এর মধ্যে ফ্রান্স, জার্মানি ও ইতালিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের হটাতে লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। জীবনযাত্রার মান উন্নয়ন ও উন্নত আবাসনের দাবিতে বিক্ষোভ হয়েছে পর্তুগাল ও স্পেনে। আর আলবেনিয়ায় চলমান সরকারবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে এতে অংশ নিয়েছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

বাদ্যযন্ত্র বাজিয়ে, বাহারি পোশাক পরে প্যারিসের রাস্তায় সমবেত হাজার হাজার বিক্ষোভকারী। কোনো আনন্দ উপলক্ষ্য নয়, সরকারি পরিষেবা ভঙ্গুর দশা, রাজনৈতিক অচলাবস্থা, শিক্ষাখাতে সংকট আর জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়সহ নানা ইস্যুতে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিলে যোগ দেন আন্দোলনকারীরা।

দিন পেরিয়ে রাত, তবুও চলে বিক্ষোভ। যদিও, কর্মসূচির শেষ মুহূর্তে এসে শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোঁড়ে বিক্ষোভকারীরা। আগুন দেয়া হয় বেশ কয়েকটি যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোঁড়ে পুলিশ।

কেবল প্যারিস নয়, সংঘর্ষের খবর পাওয়া গেছে লিও, মার্সেইসহ ফ্রান্সের আরও কয়েকটি শহরে। বিক্ষোভকারীদের দাবি, নতুন করে শুরু হওয়া এ আন্দোলনে সারাদেশের অন্তত দেড় লাখ নাগরিক অংশ নেয়। আর বিক্ষোভ নিয়ন্ত্রণে ফ্রান্সজুড়ে মোতায়েন ছিল ৭০ হাজারেরও বেশি পুলিশ।

ফ্রান্সের আন্দোলনের ছাপ পড়েছে ইতালি ও জার্মানিতেও। ইতালিতে দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন সিজিআইএলের ডাকে ধর্মঘট পালন করা হয়। এতে সমর্থন জানায় বেশ কয়েকটি শিক্ষার্থী সংগঠন। ইতালির শতাধিক শহরে রাস্তায় নেমে বিক্ষোভকারীরা মজুরি বৃদ্ধি ও শিক্ষাখাতের চলমান সংকট নিরসনের দাবি জানান।

তবে রোমে বিক্ষুব্ধদের একাংশ শিক্ষামন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালালে এ্যকশনে যায় পুলিশ। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেও হামলা চালাতে দেখা যায় বিক্ষুব্ধদের।

এছাড়াও, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের পদত্যাগের দাবিতে এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের প্রতিবাদে হামবুর্গের রাস্তায় নামে জেন- জি রেগেল্ট নামে একটি সংগঠনের অন্তত ৪ হাজার সমর্থক। ফ্রান্স- ইতালির মতো, এখানেও পুলিশ- আন্দোলনকারীর সংঘর্ষে বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়।

এদিকে, উন্নত আবাসন ও শিক্ষার মান বাড়ানোর দাবিতে বিক্ষোভ হয়েছে পর্তুগাল ও স্পেনেও। পর্তুগালের লিসবনে বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় নামেন কয়েক হাজার বিক্ষোভকারী।

শ্রেণিকক্ষের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অনেক স্কুলে ছোট খোপের মতো কক্ষে শিক্ষার্থীরা কোনোমতে পড়াশোনা করছে।

এদিকে, আলবেনিয়াতে চলমান সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। এসময় আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে গ্রেটার ভাষ্য, বিক্রির জন্য নয়, আলবেনিয়া।

আলবানিয়ার মানুষ ১৭৪ দিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা দেখিয়েছে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির কাছে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ তুচ্ছ। এছাড়াও, জেন-জিদের বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশে।

এএম