জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রানের লড়াকু পুঁজি গড়েও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা আর একাধিক সুযোগ হাতছাড়া করায় ৯ উইকেটের বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে পরিসংখ্যানও কথা বলছে না টাইগারদের পক্ষে। সবশেষ ৫ টেস্টে কোনো জয় নেই নাজমুল শান্তর দলের। তিন হারের বিপরীতে ড্র হয়েছে দুটি ম্যাচে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের নয় ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পাঁচে। সেঞ্চুরিয়নে হার এড়াতে হলে ভালো ফিল্ডিংয়ের পাশাপাশি বোলিং ব্যাটিংয়েও ধারাবাহিকতা ফেরানোর বিকল্প নেই শান্ত বাহিনীর।
এই ম্যাচে ইনজুরির কারণে একাদশে পাওয়া যাচ্ছে না অভিজ্ঞ মুশফিকুর রহিম ও পেসার হাসান মাহমুদকে। সেঞ্চুরিয়নে সিমিং কন্ডিশনে দেখা যেতে পারে চার পেসারকে। হাসানের ইনজুরিতে একাদশে আসতে পারেন খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। পেছনের ব্যর্থতা ভুলে সামনেই চোখ রাখছে বাংলাদেশ কোচ ও খেলোয়াড়েরা।
বাংলাদেশের ক্রিকেট দলের পেসার খালেদ আহমেদ বলেন, ‘যেটা চলে গেছে ওটা নিয়ে আর চিন্তা করে লাভ নাই। তো আমরা কেমনে ফরওয়ার্ড যাব এটা চিন্তা করতেছি সবাই। এটা নিয়ে আমাদের সবার কোচের সাথেও কথা হইতেছে প্লাস এই কন্ডিশনে আমরা কিভাবে খেলবো আমাদের এখানে দুইজন সাউথ আফ্রিকান কোচ আছে ওদের সাথে আমরা ডিসকাস করছি’
বিপরীতে দারুণ ছন্দে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৭২ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে থাকা প্রোটিয়ারা সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতেই তুলে নিয়েছে জয়। আর বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি ১৭ দেখায় ১৫ জয় তাদের। যার মধ্যে নয় ম্যাচে আবার ইনিংস ব্যবধানে।
সেঞ্চুরিয়নের কন্ডিশন স্বাগতিকদের আরও এগিয়ে রাখছে। যদিও ব্যাটিংয়ের শক্তি কমছে অধিনায়ক বাভুমার অনুপস্থিতিতে। তবে সুপারস্পোর্টস পার্কের পেসবান্ধব উইকেটে ৯৬ শতাংশ উইকেট নেওয়ার ইতিহাস পেসারদের। ফলে রাবাদা, মার্কো ইয়ানসান আর ডেন পিটারসনদের সামলানোই হবে বাংলাদেশি ব্যাটারদের মূল চ্যালেঞ্জ। যদিও মঙ্গলবার বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় ম্যাচে কিছুটা বাধা আসতে পারে।
ঘরের মাঠে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয়ের হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে। আর সব প্রতিকূলতা জয় করে সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ে সিরিজে সমতায় ফেরার লক্ষ্য বাংলাদেশের।





