গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলীর ছেলে রাহাত (২১) ও একই গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে রাব্বি (২০)।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে অনুষ্ঠিত ওরস মাহফিলে বন্ধুদের সাথে বাউল গান শুনতে যায় কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে কলেজছাত্র রবিউল হোসেন।
গান শোনার সময় ওই এলাকার স্থানীয় তরুণদের সাথে মারামারির ঘটনা ঘটে। এরপর ওই এলাকার তরুণরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ওপর আক্রমণ করে ও রবিউলের বন্ধু রাফিকে ধরে মারপিট করে। আতঙ্কগ্রস্ত হয়ে রবিউল দৌড় দিলে হামলাকারীরা তার পিছু নেয়। এরপর থেকে রবিউল নিখোঁজ ছিল।
নিখোঁজের দুইদিন পর শনিবার সন্ধ্যায় আড়াইপাড়া এলাকার একটি পুকুর থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবিউলের ভগ্নীপতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের ভগ্নীপতি ও মামলার বাদী জহিরুল ইসলাম বলেন, রবিউলের বন্ধুদের মাধ্যমে জেনেছি গ্রেপ্তারকৃত রাহাতের নেতৃত্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় রোববার ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে। এদের মধ্যে রাহাত এবং রাব্বি নামে দুজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিষয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





