সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল
মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২২ নভেম্বর) বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর বাজারের পশ্চিম পাশে একটি জঙ্গলের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

মরদেহের পাশ থেকে মাদকদ্রব্য, চিপসের প্যাকেট ও কোমল পানীয়ের বোতল পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বলেন, ‘দুপুরে নামাজের পর স্থানীয় নূরুল ইসলাম দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। পরে জঙ্গলের ধারে মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।’

স্থানীয়দের ধারণা, ওই যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার কাছে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।’

এএইচ