চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াং ছিং বলেন, ‘চীন ও আসিয়ানের এ অংশীদারত্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতার একটি আদর্শ এবং গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে সংহতি ও আত্মনির্ভরশীলতার উদাহরণ হয়ে উঠতে পারে।’
চলতি বছর চীন-আসিয়ান সমন্বিত কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী পালিত হচ্ছে। চীনা রাষ্ট্রদূত জানান, গত পাঁচ বছরে উভয় পক্ষের শীর্ষ নেতাদের দিকনির্দেশনায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ, সমৃদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ চলেছে এবং এ সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়েছে।
এ অংশীদারত্বের তিনটি প্রধান বৈশিষ্ট্য তুলে ধরে ওয়াং ছিং বলেন, ‘ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও পারস্পরিক সহায়তা, বিভিন্ন খাতে সহযোগিতার জোরালো গতি এবং জনগণের সঙ্গে জনগণের ক্রমবর্ধমান সাংস্কৃতিক বিনিময় এ সম্পর্ককে এগিয়ে নিচ্ছে।’ দীর্ঘদিনের সংহতির উদাহরণ হিসেবে তিনি মিয়ানমার ও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর চীনের তাৎক্ষণিক জরুরি সহায়তার কথা উল্লেখ করেন।
ওয়াং ছিং জানান, বিভিন্ন খাত ও পর্যায়ে চীন এবং আসিয়ান ৬৬টি সহযোগিতা কাঠামো গড়ে তুলেছে, যা আসিয়ানের যেকোনো সংলাপ অংশীদারের মধ্যে সর্বোচ্চ। দুই পক্ষের পুঞ্জীভূত দ্বিপক্ষীয় বিনিয়োগ ৫১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল ৩.০ আপগ্রেড প্রোটোকল কার্যকর হতে যাচ্ছে।
সাংস্কৃতিক ও জনযোগাযোগ বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২৪-২০২৫ চীন-আসিয়ান জনবিনিময় বর্ষ চলাকালে প্রায় ২০০টি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলমান বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব এবং শিল্প খাতের রূপান্তরের পাশাপাশি ডিজিটাল ও সবুজায়নের উদ্যোগ উদীয়মান খাতগুলোতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করছে।
গত ১৪ নভেম্বর আসিয়ানভুক্ত দেশগুলো আসিয়ান ডিজিটাল ইকোনমি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে সই করেছে। ২০২৭ সালের শুরুতে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে, যা ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়াবে। ওয়াং ছিং বলেন, আসিয়ানের ক্রমবর্ধমান বাজার চাহিদা ও সম্পদের সুবিধার সঙ্গে আন্তঃসীমান্ত ই-কমার্স, মোবাইল পেমেন্ট এবং ক্লাউড কম্পিউটিংয়ে চীনের অভিজ্ঞতা যুক্ত হলে উভয় পক্ষের জন্যই বড় সুযোগ তৈরি হবে।
রাষ্ট্রদূত জানান, ২০২৬ সাল থেকে ২০২৬-২০৩০ মেয়াদি আসিয়ান-চীন সমন্বিত কৌশলগত অংশীদারত্ব বাস্তবায়নের কর্মপরিকল্পনা শুরু হয়েছে। শান্তি, সহযোগিতা, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তির এশীয় মূল্যবোধ সমুন্নত রাখতে এবং শান্তিপূর্ণ উন্নয়নের পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলে জানান তিনি। চীন ও আসিয়ান ভবিষ্যতেও ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।





