মস্কো তৃতীয় রোম: পুতিনের মন্তব্যে ধর্মীয় মূল্যবোধ নাকি আধুনিক রুশ রাজনীতির বার্তা?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
বিদেশে এখন
0

‘মস্কো তৃতীয় রোম, এর পর আর চতুর্থ কোনো রোম হবে না।’ সম্প্রতি রুশ অর্থোডক্স চার্চ প্রধানের ৮০তম জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে পুতিন এসব মন্তব্য করেন, যা নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, এর মধ্য দিয়ে কেবল খ্রিষ্টধর্মের ঐতিহ্যবাহী মূল্যবোধকে তুলে এনেছেন পুতিন। আবার অনেকে বলছেন, পুতিনের এমন মন্তব্য কেবল রাশিয়াকে প্রাচীন রোম ও পরবর্তীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্তরসূরি হিসেবে ঘোষণা নয়, রয়েছে আধুনিক রুশ রাজনীতির গুরুত্বপূর্ণ কিছু বার্তাও।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শত্রু বিবেচনা করেন না জো বাইডেন। সম্প্রতি, রুশ তথ্যচিত্র 'আওয়ার ব্যাপটিজম: দ্য প্রাইমেটে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ২০২১ সালে জেনেভায় ততকালীন মার্কিন ও রুশ প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকের স্মৃতিচারণ করে এ কথা বলেন তিনি।

বিশ্লেষকেরা বলেন, পারস্পরিক কূটনৈতিক টানাপোড়েন- নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে সংঘাত এড়িয়ে আলোচনার পরিবেশ তৈরি করতেই সম্ভবত এমন আলোচিত মন্তব্য। যা নিয়ে এত বছর পরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা।

তবে, রুশ অর্থোডক্স চার্চ প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের ৮০তম জন্মদিন উপলক্ষে একই ধরনের সাক্ষাৎকারে পুতিনের সাম্প্রতিক মন্তব্য সব আলোচনাকে ছাড়িয়ে গেছে। সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘মস্কো তৃতীয় রোম, এর পরে আর চতুর্থ কোনো রোম হবে না।’

পুতিনের দাবি, পশ্চিমা বিশ্বের অনেক গির্জা ঐতিহ্যবাহী নীতি ও বিশ্বাস থেকে সরে আসায় সেখানে খ্রিষ্টধর্মের প্রভাব কমছে। বিপরীতে অর্থোডক্স খ্রিষ্টধর্মের ঐতিহ্যবাহী মূল্যবোধ ধরে রেখেছে রাশিয়া। বাইজেন্টাইন ধর্মতত্ত্ব, আইকন, ধূপ, ধর্মীয় সংগীত এবং সামষ্টিক উপাসনার মতো প্রাচীন রীতিনীতি কঠোরভাবে অনুসরণ করে রুশ অর্থোডক্স চার্চ। তাই যারা ধর্মীয় ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ রক্ষা করতে চান, তাদের জন্য রাশিয়া একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল হয়ে উঠতে পারে বলেও মনে করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের এমন মন্তব্যের পর আধুনিক রাশিয়ার জাতীয়তাবাদী রাজনীতি ও ‘তৃতীয় রোম’ ধারণাটি নতুন করে গুরুত্ব পেয়েছে। এর আগে ২০২৫ সালেও একই মন্তব্য করেছিলেন পুতিন। ক্ষমতার ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে তিনি বলেছিলেন, ‘মস্কোই তৃতীয় রোম, আর চতুর্থ কোনো রোম থাকবে না।’

তবে সাক্ষাৎকারে অর্থোডক্স খ্রিষ্টধর্মের পাশাপাশি ইসলাম, ইহুদি ও বৌদ্ধধর্মের মতো রাশিয়ার ঐতিহ্যবাহী ধর্মগুলোর মৌলিক নৈতিক ও ঐতিহ্যবাহী মূল্যবোধ বিকাশের অনুকূল পরিবেশ তৈরির কথাও বলেছেন পুতিন।

এদিকে, বিশ্বব্যাপী ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান চার্চের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং কনস্টান্টিনোপলের ২৭০তম আর্চবিশপ এ মতবাদ প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, কেবল দুটি রোম রয়েছে—প্রাচীন রোম এবং নতুন রোম, অর্থাৎ কনস্টান্টিনোপল।

'মস্কো তৃতীয় রোম' ধারণাটি ষোড়শ শতকের রুশ ধর্মতাত্ত্বিক চিন্তাধারা থেকে এসেছে। সন্ন্যাসী ফিলোথিউস মস্কোর গ্র্যান্ড প্রিন্স তৃতীয় ভাসিলিকে লেখা এক চিঠিতে এ ধারণার ব্যাখ্যা দেন। তার যুক্তি, ধর্মীয় ভ্রষ্টতার কারণে রোমের পতন ঘটে ১৪৫৩ সালে। অটোমানদের হাতে কনস্টান্টিনোপলের পতনের পর অর্থোডক্স খ্রিষ্টধর্মের রক্ষকের দায়িত্ব এসে পড়ে মস্কোর ওপর। এরপর থেকেই আধুনিক রুশ রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্যে ধারণাটিকে রাশিয়ার ঐতিহাসিক ও আদর্শিক অবস্থানের সমর্থনে ব্যবহৃত হয়ে আসছে।

এএইচ