এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন; শেয়ারের দাম বাড়লো ৩১ শতাংশ

Jensen Huang
তথ্য-প্রযুক্তি
বিদেশে এখন
0

পদত্যাগের প্রায় দুই সপ্তাহ পর ফের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং। তবে ট্রাম্পের দাবি, তার পরামর্শেই পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত বদল করে হুয়াংকে স্বপদে ফেরাতে সম্মত হয়েছে। এদিকে বিরোধী ডেমোক্র্যাটদের অভিযোগ, আর্থিক লাভের আশায় জাতীয় নিরাপত্তাকে বিসর্জন দিয়েছেন প্রেসিডেন্ট। তবে হুয়াংয়ের স্বপদে ফেরার খবরে একলাফে এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে ৩১ শতাংশ। চাঙ্গা যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ারবাজার। এদিকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সিঙ্গাপুরের এআই প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

প্রায় দুই সপ্তাহ পর স্বপদে এনভিডিয়ায় ফিরেই কর্মীদের ভালোবাসায় সিক্ত জেনসেন হুয়াং। করতালি আর স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান কর্মীরা। অভিবাদনে সাড়া দিয়ে দ্বিতীয় মেয়াদে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি হুয়াংয়ের।

হুয়াংকে ফেরানো হবে কি না- তা নিয়ে সোমবার বৈঠকে বসে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। শেষ পর্যন্ত পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও পদে ফের পুনর্বহাল করা হয় জেনসেন হুয়াংকে। একইসঙ্গে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও পুনর্বহাল হয়েছেন তিনি। স্বপদে ফিরলেও হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলবে বলে জানিয়েছে এনভিডিয়া।

হুয়াংকে স্বপদে ফেরানোয় তাৎক্ষণিক এক ট্রুথ সোশ্যাল পোস্টে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে প্রশংসায় ভাসান ট্রাম্প। দাবি করেন, মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন জেনসেন।

এরপর মার্কিন গণমাধ্যম সিএনবিসি’কে দেয়া অডিও সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, সবকিছু সমঝোতা করেছেন তিনি নিজেই। আরও দাবি করেন, তার পরামর্শেই পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত পরিবর্তন করে হুয়াংকে স্বপদে ফেরাতে সম্মত হয়েছে।

তবে হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ট্রাম্পের নাক গলানোকে ভালোভাবে নিচ্ছে না খোদ রিপাবলিক ও বিরোধী ডেমোক্র্যাট শিবির। বিরোধীদের অভিযোগ, আর্থিক লাভের আশায় জাতীয় নিরাপত্তাকে বিসর্জন দিয়েছেন প্রেসিডেন্ট। আর হুয়াংয়ের স্বপদে ফেরার খবরে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর শেয়ারবাজার ও মার্কিন অর্থনীতি নিয়ে প্রশ্ন তোলেন নিউ ইয়র্ক মেয়র।

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, ‘মার্কিন শেয়ারবাজার অর্থনীতি এখন অস্বাভাবিকভাবে এআই সংশ্লিষ্ট শেয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যা পুরো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি। এছাড়া দেশের শ্রমজীবী মানুষের পেনশন ও অবসরকালীন সঞ্চয় গুটিকয়েক প্রযুক্তি নির্বাহীর ব্যক্তিগত জীবনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।’

আরও পড়ুন:

তবে হুয়াং এনভিডিয়ায় ফেরায় সোমবার প্রতিষ্ঠানটির শেয়ার একলাফে ৩১ শতাংশ বেড়ে যায়। ফলে এনভিডিয়ার মূলধনে যোগ হয় প্রায় এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার। আর কয়েকদিনের ওঠানামার পর স্বস্তি ফিরেছে মার্কিন ও এশিয়ার শেয়ারবাজার। বড় বড় কোম্পানিগুলোর শেয়ারের দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

এদিকে এনভিডিয়া ঘিরে সাম্প্রতিক গুপ্তচরবৃত্তি ও মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙঘন করে চীনে চিপ পাচারের অভিযোগে সিঙ্গাপুরের এআই প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। কালো তালিকাভুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এআই চিপ, সফটওয়্যার ও প্রযুক্তি কিনতে বা আমদানি করতে পারবে না মেগাস্পিড। আর মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগের বিষয়েও তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেন, ‘মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চলছে। কোম্পানিটি এনভিডিয়া থেকে চিপ কিনলেও সেগুলো সিঙ্গাপুরে আসেনি। তৃতীয় কোনো দেশে সরবরাহ করা হয়েছে।’

মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি ও চিপ পাচারের অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। যদিও মেগাস্পিডের দাবি, অ্যালিস প্রতিষ্ঠানটির সঙ্গে আর যুক্ত নেই এবং তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করছে।

গেল ১২ নভেম্বর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তফা দেন জেনসেন হুয়াং। এরপর বেশ কয়েক দফায় তাকে স্বপদে ফিরিয়ে আনতে কোম্পানিটিকে আহ্বান জানায় ডোনাল্ড ট্রাম্প। আর, হুয়াং সরে যাওয়ায় শেয়ারবাজারে বড় দরপতনেরও সাক্ষী হয় এনভিডিয়া।

এসএস