মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, ইসলামাবাদে ভোররাতে উল্লাস

পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী
বিদেশে এখন
0

বুধবার ভোর ৫টা ১৮ মিনিট। শীতল ইসলামাবাদে তখনও সূর্য ওঠেনি। মিলনায়তনের সামনের বিশাল পর্দায় কমলা রঙের আগুনের শিখা ছড়িয়ে ওপরে উঠতে শুরু করলো একটি চীনা রকেট। সেই রকেটেই মহাকাশের পথে পাড়ি জমালেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী।

রকেটটি উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে বেজে ওঠে পাকিস্তানের জাতীয় সংগীত। এতক্ষণ আসনে হেলান দিয়ে বসে থাকা দর্শকেরা একের পর এক সারি ধরে দাঁড়িয়ে গলা মেলাতে থাকেন। ঐতিহাসিক এ মুহূর্ত ধারণ করতে অনেকেই মোবাইল ফোন বের করেছিলেন। তবে ২১ বছর বয়সী জয়নব আব্বাসির চোখ আটকে ছিল সামনের পর্দায়।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির (নাস্ট) পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী আল জাজিরাকে বলেন, ‘ভিডিও করার জন্য ফোন হাতে নিয়েছিলাম। কিন্তু মুহূর্তটা এতটাই আবেগঘন ছিল যে রেকর্ড করতেই ভুলে গেছি। বন্ধ ফোন হাতে নিয়ে শুধু দাঁড়িয়ে ছিলাম।’

ইসলামাবাদে পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) সদর দপ্তরের মিলনায়তনে বন্ধুদের সঙ্গে এসেছিলেন জয়নব। রকেটটি যত ওপরে উঠছিল, পুরো মিলনায়তন করতালি আর ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটটি উৎক্ষেপণ করা হয়। এতে পাকিস্তান বিমানবাহিনীর ৪০ বছর বয়সী পাইলট জিশান আলীর সঙ্গে ছিলেন চীনা নভোচারী তাং হংবো ও উ ই।

তবে উৎক্ষেপণের দুই মিনিটের মধ্যেই মিলনায়তনে নেমে আসে পিনপতন নীরবতা। সবার মুখে তখন উদ্বেগের ছাপ। পর্দায় রকেটটি ততক্ষণে ছোট্ট একটি বিন্দুতে পরিণত হয়েছে। জয়নব বলেন, ‘উত্তেজনার পাশাপাশি ভেতরে ভেতরে এক ধরনের অজানা আশঙ্কাও কাজ করছিল।’ উল্লেখ্য, ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মহাকাশযান চ্যালেঞ্জার উৎক্ষেপণের ৭৩ সেকেন্ডের মাথায় বিধ্বস্ত হয়ে সাত ক্রু সদস্যের সবাই নিহত হয়েছিলেন।

চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানায়, বুধবার উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর শেনঝৌ-২৪ মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে। কয়েক মিনিটের নীরবতা ভেঙে উপস্থাপকদের একজন সফল উৎক্ষেপণের জন্য সবাইকে অভিনন্দন জানালে দর্শকেরা উঠে দাঁড়িয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।

কয়েক ঘণ্টা পর সিএমএসএ ও সুপারকো নিশ্চিত করে, সকাল ৮টা ৫৬ মিনিটে মহাকাশযানটি চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে সফলভাবে সংযুক্ত হয়েছে। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নভোচারীদের স্টেশনে প্রবেশ করার কথা।

ভোর ৫টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল সুপারকোর মিলনায়তন। আসন না পেয়ে অনেকেই মেঝেতে বসে বা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন। নাস্টের গণিতের শেষ বর্ষের শিক্ষার্থী তাইয়্যেবা রিয়াজ ভোর ৪টা ২০ মিনিটে পৌঁছেও বসার জায়গা পাননি। উত্তর-পশ্চিম পাকিস্তানের চিত্রাল থেকে আসা এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকেন। ভোরে বের হওয়ার অনুমতি চাইলে হোস্টেল কর্তৃপক্ষ তার গন্তব্য জানতে চায়। হাসতে হাসতে তাইয়্যেবা বলেন, ‘আমি বলেছিলাম, ইতিহাস হতে দেখতে যাচ্ছি।’

মিলনায়তনে অনেকের হাতেই ছিল মহাকাশচারীর পোশাক পরা জিশান আলীর ছবিযুক্ত কার্ড, যাতে লেখা—‘পাকিস্তানের প্রথম মানববাহী মহাকাশ অভিযান’। দর্শকদের কোলে ছিল পাকিস্তান ও চীনের কাগজের পতাকা, আর মঞ্চ সাজানো ছিল সবুজ ও সাদা বেলুনে। পর্দায় সরাসরি সম্প্রচার চলার সময় ঠিক উৎক্ষেপণের আগে হঠাৎ ইউটিউবের একটি বিজ্ঞাপন চলে আসায় সাময়িক হাস্যরস ও হালকা আতঙ্ক তৈরি হয়—পাছে মূল মুহূর্তটাই হাতছাড়া হয়ে যায়!

জয়নব আব্বাসি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ৪০ কিলোমিটার দূরের বাসা থেকে বের হয়ে কাছেই ফুপুর বাসায় রাত কাটিয়ে ভোর ২টায় সুপারকোতে আসেন। ইসলামাবাদের শৌখিন জ্যোতির্বিজ্ঞানীদের সংগঠন ‘পাকঅ্যাস্ট্রোনমার্স’-এর সদস্য তিনি। ২০১৮ সালে ১৩ বছর বয়সে ‘বেব্লেড’ কার্টুন দেখে নক্ষত্রমণ্ডলের প্রতি তার আগ্রহ জন্মে। জয়নব বলেন, ‘ছোটবেলায় যখন মহাকাশ নিয়ে আগ্রহী হলাম, তখন নভোচারী হওয়াকে দূরের স্বপ্ন মনে হতো—যেন এটা শুধু আমেরিকার শিশুদের জন্যই, পাকিস্তানের জন্য নয়।’

নাস্টের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও সংগঠনটির সহসভাপতি আহজাম ফারুক রকেট উৎক্ষেপণ দেখতে আগে রাত ৩টায় ঘুম থেকে উঠতেন। তিনি বলেন, ‘বাবা-মা জিজ্ঞাসা করতেন, এসব দেখে কী হবে? যেন আমাদের কখনোই এমন কিছু হবে না।’

ইসলামাবাদের ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির (আইএসটি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদান আতহারের বাড়ি ফয়সালাবাদে। পরিবারের মধ্যে তিনিই প্রথম মহাকাশ নিয়ে আগ্রহী হন। লাজুক হেসে আদান বলেন, ‘পরিবার আমাকে খুব সমর্থন করে। তারা মনে করে, আমিই হব পরবর্তী নভোচারী।’

শুধু তরুণরাই নন, জিশান আলীর এই যাত্রা ছুঁয়ে গেছে প্রবীণদেরও। ৭২ বছর বয়সী ইলেকট্রনিকস প্রকৌশলী সাইফুল ইসলাম কুরেশি অন্তত ৫০ বছর ধরে আকাশ পর্যবেক্ষণ করছেন। ১২ বছর বয়সে ছোট্ট একটি বাইনোকুলার দিয়ে প্রথমবার সপ্তর্ষিমণ্ডল দেখেছিলেন তিনি। পাকঅ্যাস্ট্রোনমার্সের অন্যতম এই প্রতিষ্ঠাতা জানান, একসময় মানুষ জানত না খালি চোখে গ্রহ দেখা যায়। তবে গত এক দশকে পরিস্থিতি বদলেছে, এখন ছোট শিশুরাও অনেক সচেতন। তিনি বলেন, ‘আমরা টের পাচ্ছিলাম একটি ইতিবাচক ঝড় আসছে।’

উৎক্ষেপণের আগে এক বক্তব্যে সুপারকো চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ খান জানান, পাকিস্তানের লক্ষ্য আরও বড়। তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন শুধু এই উৎক্ষেপণেই থেমে নেই। ২০৩৫ সালের মধ্যে চাঁদে পৌঁছানোই আমাদের লক্ষ্য।’ পরে আল জাজিরাকে তিনি জানান, প্রথম ধাপ হিসেবে ২০২৮ সালে একটি চন্দ্রযান (লুনার রোভার) পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইউসুফ খান বলেন, ‘চীনের মানুষ যদি এতদূর পৌঁছাতে পারে, তবে আমাদেরও কোনো কমতি নেই। ধাপে ধাপে এগোলে একদিন আমরাও সেই পর্যায়ে পৌঁছাব।’

আহজাম ফারুকের মতে, চীনের সঙ্গে এই সহযোগিতা পাকিস্তানকে শূন্য থেকে শুরু করার ঝামেলা থেকে বাঁচাবে এবং নিজস্ব স্যাটেলাইট ও নভোচারীর মাধ্যমে গবেষণায় এগিয়ে যেতে সাহায্য করবে। আর প্রবীণ জ্যোতির্বিদ সাইফুল ইসলাম কুরেশির কাছে এই মুহূর্তটি কেবল একজন নভোচারীর যাত্রা নয়। তার ভাষায়, ‘নভোচারীর আসনে শুধু জিশান বসেননি, সেখানে বসে আছে পাকিস্তানের তরুণ প্রজন্ম।’

—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম