চীনের কেন্দ্রীয় ব্যাংকের নথিতে ২৭ কোটি ডলার মূল্যের সর্বোচ্চ ৭৬৪টি এআই সার্ভার ও মডিউল এবং সেগুলোকে বড় কম্পিউটিং নেটওয়ার্কে যুক্ত করার জন্য আরও ৩ কোটি ১০ লাখ ডলারের সরঞ্জামের তথ্য পাওয়া গেছে। এসব হার্ডওয়্যারের বড় অংশই সাংহাইয়ের একটি বিশাল ডেটা সেন্টারে রয়েছে বলে তালিকাভুক্ত করা হয়েছে। চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট এবং সাংহাইয়ের সংজিয়াং জেলা সরকারের মধ্যকার কৌশলগত অংশীদারত্বের আওতায় চালু হওয়া একটি এআই কম্পিউটিং প্রকল্পের সঙ্গে ওই ডেটা সেন্টারটি যুক্ত।
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড চীনা গ্রাহকদের কাছে এনভিডিয়ার নিষিদ্ধ প্রযুক্তি পৌঁছাতে সহায়তা করেছে কি না, তা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে আসছিল। কিন্তু এই নথিগুলো দেখাচ্ছে, ঠিক সেই সময়েই অ্যালিস হুয়াংয়ের পরিবার ও সহযোগীদের সংশ্লিষ্ট ব্যবসাগুলো চীনের এআই শিল্পে অর্থায়ন ও সরঞ্জাম জোগাতে সহায়তা করেছে। উন্নত প্রসেসরের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য হার্ডওয়্যার সংগ্রহ করা যখন কঠিন হয়ে পড়েছে, তখন দেশটির এআই খাতের ব্যয়বহুল কম্পিউটিং অবকাঠামোতে কীভাবে অর্থায়ন জোগাড় করা হয়, তা এই ব্যবস্থার মাধ্যমে স্পষ্ট হয়েছে।
গত সোমবার মার্কিন বাণিজ্য দপ্তর মেগাস্পিডকে তাদের কালোতালিকাভুক্ত করেছে। তবে মেগাস্পিড কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করে জানিয়েছে, ২০২৫ সালের আগস্টে অ্যালিস হুয়াং প্রতিষ্ঠানটি ছেড়ে গেছেন। এনভিডিয়া প্রসেসরের অন্যতম বড় বিদেশি ক্রেতা মেগাস্পিড আগে অ্যালিস হুয়াংয়ের নিয়ন্ত্রণে ছিল। জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পর চীনের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক যোগসূত্র নিয়ে নতুন করে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। ঋণ ও অন্যান্য অর্থায়নের জামানত হিসেবে ব্যবহৃত সরঞ্জামের হিসাব রাখা চীনের কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট রেজিস্ট্রির কয়েক ডজন নথি পরীক্ষা করেছে রয়টার্স। তবে এসব সার্ভারে চীনে রপ্তানি নিষিদ্ধ কোনো চিপ ছিল কি না কিংবা সরঞ্জামগুলো কবে ও কীভাবে দেশটিতে প্রবেশ করেছে, তা ওই নথিগুলো থেকে নিশ্চিত হওয়া যায়নি।
অর্থায়ন সংগ্রহের মূল কেন্দ্রে ছিল সেঞ্চুরি লিটং নামের একটি প্রতিষ্ঠান। এনভিডিয়ার পছন্দের ক্লাউড অংশীদার এই প্রতিষ্ঠানটি বিপুল কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন এমন গ্রাহকদের কাছে শক্তিশালী সার্ভার ভাড়া দিয়ে থাকে। আর্থিক নথি অনুযায়ী, ২০২৪ সালের মে থেকে ডিসেম্বর মাসের মধ্যে পাঁচটি লিজ বা ভাড়ার চুক্তির আওতায় ১৪২ কোটি ইউয়ান (২০ কোটি ডলার) ঘোষিত মূল্যের সর্বোচ্চ ৫১২টি সার্ভারের তথ্য রয়েছে। এর মধ্যে চারটি চুক্তিতে সাংহাইয়ের ইয়াংজি রিভার ডেল্টা এআই সুপারকম্পিউটিং সেন্টারে থাকা সরঞ্জামের কথা উল্লেখ করা হয়েছে। এই ডেটা সেন্টার কমপ্লেক্সের অবকাঠামো নির্মাতা ছিল সাংহাই লংরুই। গেমিং প্রতিষ্ঠান সেঞ্চুরি হুয়াটংয়ের আগে লংরুইতে অংশীদারত্ব ছিল এবং হুয়াটংয়ে টেনসেন্টের প্রায় ১০ শতাংশ শেয়ার রয়েছে।
সংজিয়াং জেলা সরকারের এক ঘোষণা অনুযায়ী, যৌথভাবে একটি এআই কম্পিউটিং সেন্টার গড়ে তুলতে ২০২০ সালে টেনসেন্ট ও জেলা সরকার একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছিল। সেঞ্চুরি হুয়াটংয়ের ২০২০ সালের জুনের এক সিকিউরিটিজ নথিতে কেন্দ্রটির নির্মাণ ও পরিচালনায় টেনসেন্টের সঙ্গে কাজ করা অবকাঠামো সরবরাহকারী হিসেবে সাংহাই লংরুইকে চিহ্নিত করা হয়। এছাড়া ২০২৩ সালে জিয়াংসু লেটল ইলেকট্রনিকের এক তথ্যে ইয়াংজি রিভার ডেল্টা এআই সেন্টারকে সেঞ্চুরি লিটংয়ের সার্ভার ভাড়ার ব্যবসার স্থান হিসেবে উল্লেখ করা হয়।
তবে টেনসেন্টের এক মুখপাত্র বলেছেন, ‘সংশ্লিষ্ট ডেটা সেন্টার স্থাপনাটি টেনসেন্ট তৈরি করেনি বা যৌথভাবেও গড়ে তোলেনি।’ ওই মুখপাত্র আরও জানান, টেনসেন্ট কখনোই ইয়াংজি রিভার ডেল্টা ডেটা সেন্টার প্রকল্পের মালিক ছিল না বা পরিচালনাও করেনি এবং অনুমতি ছাড়াই তাদের নাম ও ট্রেডমার্ক ব্যবহার করা হয়েছে। মেগাস্পিড বা এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্কের কথাও অস্বীকার করেছে টেনসেন্ট। রয়টার্সের শনাক্ত করা নির্দিষ্ট সার্ভারগুলো টেনসেন্ট কিনেছে, ভাড়া নিয়েছে বা পরিচালনা করেছে কি না, তা নথিতে প্রমাণিত হয়নি।
একটি চুক্তির বিবরণে দেখা যায়, ওই ডেটা সেন্টারে থাকা ১২৮টি সার্ভারের প্রতিটিতে ৮টি করে গ্রাফিকস প্রসেসর বা মোট ১ হাজার ২৪টি চিপ রয়েছে। ৯৮৯ পেটাফ্লপস কম্পিউটিং সক্ষমতার এই সার্ভারগুলোর প্রতিটির মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার ডলার। আরেকটি লেনদেনে ৫ কোটি ৭০ লাখ ডলার মূল্যের ১২৮টি সার্ভারের তথ্য রয়েছে, যাতে অর্থায়ন করেছে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান ও প্রতিরক্ষা গোষ্ঠী এভিআইসির একটি শাখা এবং সেগুলো সেঞ্চুরি লিটংকে লিজ দেয়া হয়েছিল। এ ধরনের ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শুরুতে পুরো দাম পরিশোধ না করেই দামি কম্পিউটার সংগ্রহ করতে পারে। এছাড়া পৃথক এক তালিকায় সাংহাইয়ের ওই স্থাপনায় ১০ হাজারের বেশি এনভিডিয়া কানেক্টএক্স-৭ নেটওয়ার্কিং কার্ড এবং ৭৩০টি ব্লুফিল্ড-৩ ইউনিটের উল্লেখ পাওয়া গেছে, যা এআই কাজের জন্য বিপুলসংখ্যক কম্পিউটারকে একসঙ্গে যুক্ত করতে ব্যবহৃত হয়।
উৎপাদনকারী প্রতিষ্ঠান লেটল ইলেকট্রনিক ২০২৩ সালে সেঞ্চুরি লিটংয়ে বিনিয়োগ করে এবং ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পুরো মালিকানা নিয়ে নেয়। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেঞ্চুরি লিটংয়ের সরঞ্জাম লিজ চুক্তির বিপরীতে লেটল গ্যারান্টি দিয়েছিল বলে তাদের প্রকাশিত তথ্যে দেখা গেছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এনভিডিয়া, সেঞ্চুরি লিটং, সেঞ্চুরি হুয়াটং, সাংহাই লংরুই, লেটল এবং এভিআইসি কোনো সাড়া দেয়নি। ফ্যাক্সের মাধ্যমে পাঠানো অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সাংহাইয়ের সংজিয়াং জেলা সরকারও।
করপোরেট নথিপত্রে সেঞ্চুরি লিটং, সেঞ্চুরি লংটেং এবং সেঞ্চুরি হুয়াটংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের বোন হুয়াং ইউ এবং স্বামী ও বিনিয়োগ কর্মকর্তা কাং ওয়েইয়ের যোগসূত্র পাওয়া গেছে। মন্তব্যের জন্য অ্যালিস হুয়াং, হুয়াং ইউ কিংবা কাং ওয়েইয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ২০২৩ সালে সাংহাই সেঞ্চুরি লংটেংয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সেঞ্চুরি লিটং যাত্রা শুরু করে। সেঞ্চুরি লংটেং বর্তমানে পুরোপুরি সেঞ্চুরি হুয়াটংয়ের নিয়ন্ত্রণে থাকলেও আগে এতে সাংহাইয়ের একটি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল এবং হুয়াং ইউ ও কাংয়ের সংশ্লিষ্ট একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের শেয়ার ছিল। ২০২২ সালের এক সরকারি ঘোষণায় কাংকে সেঞ্চুরি লংটেংয়ের নির্বাহী পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছিল।
করপোরেট নথি অনুযায়ী, অ্যালিস হুয়াং আগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন একটি প্রতিষ্ঠানের ৭০ শতাংশ মালিকানা রয়েছে সেঞ্চুরি হুয়াটংয়ের হাতে। এছাড়া গেমিং প্রতিষ্ঠান ৭রোড হোল্ডিংসেও হুয়াটংয়ের অংশীদারত্ব রয়েছে; এই ৭রোড হোল্ডিংসেরই সাবেক একটি বিদেশি সহযোগী প্রতিষ্ঠানের নাম ২০২৩ সালে বদলে মেগাস্পিড রাখা হয়।
এই নেটওয়ার্কটি সাংহাই থেকে প্রায় ৩০০ কিলোমিটার ভেতরে উহু শহরেও একটি বড় ডেটা সেন্টার গড়ে তুলেছে। ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত বিভিন্ন বিনিয়োগ মাধ্যমের সহায়তায় উহু সেঞ্চুরি লংটেংয়ের সিংহভাগ মালিকানা ছিল হুয়াং ইউয়ের হাতে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের এপ্রিলে ৭ কোটি ডলারের একটি ঋণের জামানত হিসেবে পিং আন ব্যাংকের কাছে আরও ২৫২টি শক্তিশালী এআই কম্পিউটিং ‘মডিউল’ বন্ধক রাখে। তবে নথিতে ওই সার্ভারগুলোর অবস্থান প্রকাশ করা হয়নি। নথিতে উল্লিখিত ডলারের এই অঙ্কগুলো মূলত অর্থায়ন চুক্তির আওতায় থাকা সম্পদের মূল্য নির্দেশ করে, যা সব ক্ষেত্রে নতুন ব্যয় বা আলাদা কেনাকাটা না-ও হতে পারে।





