বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের এই নেতারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাশকতা চালানোর চেষ্টা করতে পারেন। এমন আশঙ্কায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
দলীয় নেতাকর্মীরা জানান, বুধবার দুপুরে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও আলাউদ্দিন চৌধুরীসহ কয়েকজনের আগরতলা বিমানবন্দরে আসার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের সীমান্ত এলাকায় আসার খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে তিনটা থেকে আখাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থলবন্দর এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা বিজিবির বিওপি ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল আগরতলায় অবস্থান করছে। তারা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নাশকতা চালাতে পারেন। ফ্যাসিস্টদের কাউকে দেশে প্রবেশ করতে দেয়া হবে না।’
এদিকে বিষয়টি নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। বুধবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক সামসুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের পলাতক নেতা জাহাঙ্গীর কবির নানক আগরতলা বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।
বিজ্ঞপ্তিতে সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জরুরি ভিত্তিতে সংগঠিত হয়ে সতর্ক অবস্থানে থাকার অনুরোধ জানানো হয়। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নির্দেশে জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এ নির্দেশনা দেন।
পরে বিকেলে আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকার বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি দিয়ে নানকের নেতৃত্বে একটি দল দেশে প্রবেশ করে নাশকতার চেষ্টা করতে পারে বলে তারা খবর পেয়েছেন। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সীমান্তে অবস্থান নিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
সিরাজুল ইসলাম আরও বলেন, আগরতলায় ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে নানকসহ একটি দল অবস্থান করছে বলে তারা জানতে পেরেছেন। ভারতের পৃষ্ঠপোষকতায় নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।
বিকেলে সরেজমিনে আখাউড়া স্থলবন্দর ও সীমান্ত এলাকায় পুলিশ, বিজিবি এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। আখাউড়ার বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশিচৌকিও বসানো হয়েছে।
এ বিষয়ে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেয়া হবে না। তবে আখাউড়া সীমান্ত দিয়ে কারও প্রবেশের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
এর আগে, গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় নানক, নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতির খবর পাওয়া যায়। তারা একটি সাদা গাড়িতে করে এসে পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে প্রবেশ করেন এবং সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। তবে তাদের সেখানে আসার উদ্দেশ্য সম্পর্কে অভিবাসন দপ্তর, বিএসএফ বা পেট্রাপোল থানার পুলিশ কোনো মন্তব্য করেনি।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আরেক সীমান্ত এলাকার দায়িত্বে থাকা বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, সীমান্তে টহল অনেক বেশি জোরদার করা হয়েছে। কোনো ধরনের অবৈধ প্রবেশ বা অনুপ্রবেশ করতে দেয়া হবে না।




