মঙ্গলবার ইরানের ন্যাশনাল পপুলেশন রিজুভেনেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পঠিত এক বার্তায় মুজতবা খামেনি অতীতের জনসংখ্যা নীতির ত্রুটিগুলো দূর করার তাগিদ দেন। জনসংখ্যা বৃদ্ধিকে তিনি একটি ‘কৌশলগত অগ্রাধিকার’ হিসেবে অভিহিত করেন। গত মার্চে সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে এখনো জনসমক্ষে না আসা খামেনি এই ‘সংকটময় সময়’ কাটিয়ে উঠতে তরুণদের বিয়ের পথ সহজ করা, সন্তান ধারণে সহায়তা দেয়া, ব্যক্তিগত স্বাস্থ্যের উন্নয়ন এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। পরিবারকে সহায়তা ও জন্মহার বাড়ানোর প্রচেষ্টাকে সম্মান জানাতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিয়ে ও জন্মহারের দ্রুত পতনের পরিণতি নিয়ে ইরানি কর্মকর্তাদের ধারাবাহিক সতর্কবার্তার মধ্যেই সর্বোচ্চ নেতার এই বার্তা এল। গত মাসে দেশটির ন্যাশনাল পপুলেশন হেডকোয়ার্টার্সের সচিব মারজিয়েহ ওয়াহিদ দাস্তজেরদি বলেন, ‘দেশের জনসংখ্যা পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন।’ তিনি জানান, ১৯৮০-এর দশকে ইরানে নারীদের গড় প্রজনন হার ছিল ৬ দশমিক ৭, যা বর্তমানে ১ দশমিক ৩৪-এ নেমে এসেছে। এর ফলে বেশ কয়েকটি প্রদেশে জনসংখ্যা কমতে শুরু করেছে। দাস্তজেরদি সতর্ক করে বলেন, ‘বিয়ে ও সন্তান নেয়ার এই নিম্নমুখী ধারা বদলাতে আজই পদক্ষেপ না নিলে আমাদের জনসংখ্যাগত সুযোগগুলো একে একে হাতছাড়া হয়ে যাবে।’ আগামী ৭৫ বছরে ইরানের জনসংখ্যা দুই-তৃতীয়াংশ কমে মাত্র ৩ কোটি ১০ লাখে নেমে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের অনেক দেশ যখন তরুণ জনগোষ্ঠীর আধিক্য নিয়ে হিমশিম খাচ্ছে, তখন দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকা ইরান অঞ্চলটিতে এক ব্যতিক্রমী সংকটে পড়েছে। মাত্র দুই দশকের কম সময়ের মধ্যে একটি তরুণ ও দ্রুত বর্ধনশীল সমাজ থেকে ইরানের জন্মহার প্রতিস্থাপনযোগ্য মাত্রার নিচে নেমে গেছে। উন্নত দেশগুলোয় এমন সংকট থাকলেও ইরানের ক্ষেত্রে সমৃদ্ধ হওয়ার আগেই জনগোষ্ঠী বৃদ্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক বোঝা বহনের মতো সক্ষমতাও দেশটির নেই। ইরানের এক কর্মকর্তা এই পরিস্থিতিকে ‘মহা-সংকট’ বলে অভিহিত করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে দেশটিতে নিবন্ধিত নবজাতকের সংখ্যা ছিল ১৩ লাখ, যা ২০২৫ সালে ৮ লাখ ৯২ হাজারে নেমে আসে। একই সময়ে ১৪ বছর বা তার কম বয়সীদের হার ২৫ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১৫ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে ৬০ বছর বা তার বেশি বয়সীদের হার ৮ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। এই ধারা বদলানো না গেলে ২০৫০ সালের মধ্যে ইরানের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বয়স হবে ৬০ বছরের বেশি। তখন এই বিপুল বয়স্ক জনগোষ্ঠীর দেখভাল করা আরও কঠিন হয়ে পড়বে।
ইরানের পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় এক সন্তান নেয়ার প্রবণতা বাড়ায় নানা ধরনের শিক্ষাগত, মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা তৈরি হয়েছে।’ তিনি জানান, আগামী প্রায় ১৫ বছরের মধ্যে ভাইবোন না থাকায় প্রতিটি তরুণ দম্পতিকে একাই তাদের উভয় পক্ষের বৃদ্ধ মা-বাবার দেখাশোনার দায়িত্ব নিতে হতে পারে।
এই সংকটের মূলে রয়েছে বিয়ের হার মারাত্মকভাবে কমে যাওয়া। ইরানের সিভিল রেজিস্ট্রেশন অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে চলতি বছরের মধ্যে দেশটিতে বিয়ের সংখ্যা ৫০ শতাংশের বেশি কমেছে। মূল্যস্ফীতি, আবাসন ব্যয় বৃদ্ধি, বেকারত্ব এবং সংসার শুরুর খরচ জোগাতে হিমশিম খাওয়াকেই এর মূল কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, বর্তমানে ইরানে বিয়ের উপযুক্ত ১ কোটি ৮০ লাখ মানুষ অবিবাহিত রয়েছেন, যাদের মধ্যে ১ কোটি পুরুষ এবং ৮০ লাখ নারী। এছাড়া ৩৫ বছরের বেশি বয়সী প্রায় ২৪ লাখ নারী এখনো অবিবাহিত। গত মাসে দাস্তজেরদি বলেন, ‘আমাদের জনসংখ্যা-সংক্রান্ত সব সমস্যাই বিয়ের সঙ্গে জড়িত।’
অবশ্য ইরানের নিজস্ব নীতিও এই সংকটের জন্য আংশিকভাবে দায়ী। ১৯৮০-এর দশকের শেষ দিকে বড় আকারে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু করেছিল দেশটি। তখন বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ ও বন্ধ্যাকরণ সেবা দেয়ার পাশাপাশি বড় পরিবারের কিছু সরকারি সুবিধাও বাতিল করা হয়েছিল। কয়েক দশক পর এসে সেই অবস্থান থেকে সরে আসে তেহরান। টানা অর্থনৈতিক সংকটের মধ্যে চলতি বছর রাজধানী তেহরানে জনসংখ্যার এই পরিবর্তন প্রকটভাবে ফুটে উঠেছে। গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ থেকে তেহরানে জন্মহার প্রায় ১০ শতাংশ কমেছে এবং মৃত্যুহার ৬ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্বের অন্যতম শীর্ষ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ইরানের অর্থনীতি ৭ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, চলমান নিষেধাজ্ঞা এবং মার্কিন নৌ-অবরোধের কারণে সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কর্মসংস্থানের অভাব ও বাড়তে থাকা দারিদ্র্য তরুণদের বিয়েতে নিরুৎসাহিত করছে। দৈনন্দিন খরচ চালাতে ইরানিরা ক্রমেই বিভিন্ন ঋণ নেয়ার অ্যাপের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন এবং আরও বেশি ঋণগ্রস্ত হচ্ছেন। এমনকি সাধারণ খাদ্যপণ্য কিস্তিতে বিক্রির অনলাইন বিজ্ঞাপনও এখন দেখা যাচ্ছে। ১ ডলারের কিছু বেশি দামের একটি টুনা মাছের কৌটা চার কিস্তিতে বিক্রির প্রস্তাব দেয়া হয়েছে। সংসারের খরচ মেটাতে অনেক তরুণী চরম হতাশাজনক পদক্ষেপ নিচ্ছেন; পরচুলা বা হেয়ার এক্সটেনশন তৈরির জন্য নিজেদের মাথার চুল পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন তারা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চুল বিক্রি করতে চাওয়া নারীদের মধ্যে রয়েছেন পরিবারের নারী উপার্জনকারী, সন্তানের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাওয়া মা এবং পড়াশোনার খরচ চালাতে সংগ্রামরত ছাত্রীরা।
ইরানি সংবাদমাধ্যম ফারারুকে দেয়া সাক্ষাৎকারে স্নাতকোত্তর পর্যায়ের ২৭ বছর বয়সী ছাত্রী মারিয়াম বলেন, ‘প্রথমে আমি আমার ল্যাপটপটি বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু থিসিস লেখার জন্য ওটা আমার দরকার ছিল। তাই ল্যাপটপের বদলে নিজের চুল বিক্রির সিদ্ধান্ত নিই। চুল তো আবার গজাবে, কিন্তু থিসিসের পেছনে যে সময় নষ্ট হতো তা আমি আর ফিরে পেতাম না।’
ইরানের লাখ লাখ তরুণ এখন ভবিষ্যতের পরিকল্পনা করার চেয়ে কোনোমতে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। মানুষের দুর্দশা নিয়ে সরব থাকা দেশটির সরকারি সংবাদ সংস্থা আইএলএনএ চলতি মাসের শুরুতে এক প্রতিবেদনে জানিয়েছে, দারিদ্র্য এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এর ফলে বেকার, মৌসুমি শ্রমিক, একক মা, স্বল্প আয়ের মানুষের পাশাপাশি দক্ষ কর্মী, নার্স ও শিক্ষকেরাও নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। এছাড়া স্কুলে ঝরে পড়ার হারও বাড়ছে, যা ভবিষ্যতের সম্ভাব্য মা-বাবাদের সংসার গড়ার সক্ষমতাকে আরও সংকুচিত করে তুলছে।





