যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের দুটি শেয়ার দেয়ার ঘোষণা ইলন মাস্কের

আবিদ মঈন
ইলন মাস্ক
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার উপহার দেয়ার পরিকল্পনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রযুক্তি খাতের ওপর তীব্র জনমত ও রাজনৈতিক নজরদারির মধ্যে নিজের স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসার পক্ষে জনসমর্থন তৈরি করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন।

১৮ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি ২০ লাখ মার্কিন শিশুর জন্য ঘোষিত এই শেয়ারের মোট মূল্য প্রায় ১৮ বিলিয়ন (১ হাজার ৮০০ কোটি) ডলার। মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের জন্য ১০ লাখ স্যাটেলাইট মোতায়েনে যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর এবং থ্যাংকসগিভিংয়ের আগের সন্ধ্যায় বুধবার এ ঘোষণা দেন মাস্ক।

কম্পিউটিং অবকাঠামোর দ্রুত সম্প্রসারণের ফলে পরিবেশগত প্রভাব এবং প্রযুক্তি খাতের বিলিয়নিয়ারদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই এআই শিল্পে স্পেসএক্সের ভূমিকা আরও বাড়াতে চাইছেন মাস্ক। চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে বড় জয় পাওয়া প্রার্থীদের মধ্যে ডেটা সেন্টার নির্মাণের বিরোধীরাও ছিলেন।

সিঙ্গাপুরের ওসিবিসির ওয়েলথ অ্যাডভাইজরি বিভাগের প্রধান চেজ আনবু বৃহস্পতিবার বলেন, ‘এই উদ্যোগ স্পষ্টতই স্পেসএক্সের অগ্রযাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে। কোম্পানিতে শিশুদের সরাসরি অর্থনৈতিক অংশীদারত্ব দেয়ার মাধ্যমে এআই এবং মহাকাশ অর্থনীতির সুফলে ব্যাপক অংশগ্রহণের একটি শক্তিশালী বার্তা তৈরি হয়।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) জানিয়েছে, এআই কম্পিউটিংয়ের দ্রুত বর্ধমান চাহিদা মেটাতে তারা স্পেসএক্সের স্যাটেলাইট বহরের প্রস্তাব অনুমোদন করেছে। তবে মহাকাশে এ ধরনের তৎপরতা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন। এফসিসির এ সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রস্তাবিত এই স্যাটেলাইট বহর জ্যোতির্বিজ্ঞানসংক্রান্ত স্থাপনায় কয়েক দশকের সরকারি বিনিয়োগ এবং রাতের আকাশ পর্যবেক্ষণ ও উপভোগ করার ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানী ও সাধারণ মানুষের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে মাস্ক জানান, শিশুরা একটি শেয়ার পাবে স্পেসএক্সের পক্ষ থেকে এবং অন্যটি তিনি ব্যক্তিগতভাবে দেবেন। পৃথক আরেকটি পোস্টে তিনি জানান, স্পেসএক্সের শেয়ারগুলো আগামী মাসে হস্তান্তর করা হবে। মাস্ক লেখেন, ‘আগামী বছরের জুনে আমার লকআপ মেয়াদ শেষ হলে সরাসরি আমার পক্ষ থেকে দেয়া শেয়ারটি হস্তান্তর করা হবে।’

এর আগে বুধবার স্পেসএক্স জানায়, বর্তমানে সক্রিয় প্রতিটি ট্রাম্প অ্যাকাউন্টে তারা নতুন ইস্যু করা একটি করে ক্লাস-এ সাধারণ শেয়ার দেবে এবং মাস্ক ব্যক্তিগতভাবে কোম্পানির দেয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার দেবেন। ট্রাম্প অ্যাকাউন্ট হলো ১৮ বছরের কম বয়সী মার্কিন নাগরিকদের শেয়ারবাজারে অংশীদারত্ব দেয়া এবং অল্প বয়স থেকেই সম্পদ গড়ে তুলতে সহায়তা করার একটি কর্মসূচি। হোয়াইট হাউস গত অক্টোবরে জানিয়েছিল, তারা প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খুলেছে। বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার, যা মাস্কের এই প্রতিশ্রুতির মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। তবে মাস্কের এই শেয়ার অনুদান ট্রাম্প অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে কি না, সে বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি স্পেসএক্স।

ব্রোকারেজ প্রতিষ্ঠান মিট্রেড গ্রুপের গ্লোবাল মার্কেটস অ্যাডভাইজর ক্রিস্টোফার ব্র্যাঙ্কিন বলেন, ‘এটি দীর্ঘ মেয়াদে খুচরা শেয়ারহোল্ডারদের একটি বিশাল ভিত্তি তৈরি করবে। এটি তাৎক্ষণিকভাবে বাজারে সম্পৃক্ততা বাড়াবে এবং ওই প্রজন্ম প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেডিং প্ল্যাটফর্মগুলোর জন্য আর্থিকভাবে সচেতন গ্রাহকদের একটি বিশাল ধারা তৈরি করবে।’

প্রায় ৮২৪ বিলিয়ন ডলারের নিট সম্পদের মালিক মাস্ক গত মাসে বলেছিলেন, তিনি আগামী বছর আমেরিকার প্রতিটি শিশুকে নিজের স্পেসএক্স শেয়ার থেকে একটি করে শেয়ার দেবেন। গত জুন পর্যন্ত কোম্পানিটিতে তার প্রায় ৬৪২ কোটি শেয়ার ছিল। সে সময় এক্সে এক পোস্টে মাস্ক লিখেছিলেন, ‘আগামী বছর আমি আমেরিকার প্রতিটি শিশুকে আমার স্পেসএক্সের একটি করে শেয়ার দেব। এটি হবে এমন অনেক উদ্যোগের প্রথমটি।’

মাস্ক বলেন, ‘ভবিষ্যৎ অর্থনীতির অংশীদারত্ব হিসেবে পরিচিত শেয়ারগুলো সরাসরি মানুষের হাতে তুলে দেয়াই সঠিক পথ।’ মাস্কের বেশির ভাগ জনহিতকর কাজ পরিচালিত হয় মাস্ক ফাউন্ডেশনের মাধ্যমে, যার সম্পদের পরিমাণ ১৪ বিলিয়ন ডলারের বেশি বলে জানা যায়। এছাড়া ট্রাম্পের ওই উদ্যোগের আওতায় গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গউইন শটওয়েল এবং তার স্বামী ২০ লাখের বেশি শিশুর প্রত্যেককে নিজেদের স্পেসএক্স স্টক থেকে একটি করে শেয়ার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এআই খাতের উত্থান থেকে অর্জিত মুনাফার কিছু অংশ ভাগ করে নেয়ার ক্ষেত্রে মাস্ক এবং তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। চলতি মাসের শুরুতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যানথ্রোপিক গত অক্টোবরে জানিয়েছিল, তারা জনকল্যাণে গঠিত একটি নতুন তহবিলে নিজেদের ৫ শতাংশ শেয়ার দেবে। বর্তমান বাজারমূল্যে প্রায় ৫৪ বিলিয়ন ডলারের এই উদ্যোগ মানবতার কল্যাণে অনুদান দেয়ার ক্ষেত্রে তাদের আরও নমনীয়তা ও বড় পরিসরে কাজ করার সুযোগ দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হংকংয়ের টসকাফান্ড এইচকের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক টিঙ্কার বলেন, ‘এটি সম্ভবত ট্রাম্প অ্যাকাউন্টগুলোর জন্য একটি প্রচারণা এবং অ্যানথ্রোপিকের জনহিতকর কাজের সম্ভাব্য শোরগোলের পাল্টা জবাব। যা-ই হোক, দিনটি তো থ্যাংকসগিভিং!’

এএম