যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়ায় বাতিল অন্তত ৪০০ ফ্লাইট, বিলম্বিত ২ হাজারেও বেশি

যুক্তরাষ্ট্রে বৈরি আবহাওয়া আকস্মিক বন্যা
বিদেশে এখন
0

থ্যাংক্সগিভিংয়ের ছুটিতে চরম বৈরী আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্র; পূর্ব-পশ্চিম উপকূল ও মিডওয়েস্ট অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টি ও তুষারপাতের কারণে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্তত ৪০০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ২ হাজারেও বেশি। এতে রাতারাতি বিড়ম্বনায় ৮ কোটির বেশি যাত্রী। এদিকে, প্রবল বর্ষণে নিউজার্সিতে আকস্মিক বন্যায় জারি হয়েছে জরুরি অবস্থা। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পেনসিলভেনিয়া-মেরিল্যান্ড-ভার্জিনিয়া। থ্যাংক্সগিভিং ডে’র সন্ধ্যায় বিদ্যুৎহীন ১০ লাখের বেশি পরিবার।

একদিকে প্রবল বৃষ্টি আর তীব্র ঝোড়ো বাতাস, অন্যদিকে অনবরত তুষারপাত, উপকূলে আছড়ে পড়ছে একের পর উত্তাল ঢেউ। প্রকৃতির নির্মম তাণ্ডবে যুক্তরাষ্ট্রে রাতারাতি ভেস্তে যেতে বসেছে থ্যাংক্সগিভিংয়ের যাবতীয় আয়োজন।

গেলো বৃহস্পতিবার থেকে রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত যারা ছুটি নিয়ে বাড়িতে থাকছেন, প্রয়োজনীয় রসদ আর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকলে তাদের তেমন ভোগান্তি বা আফসোস হওয়ার কথা না। কিন্তু যে ৮ কোটির বেশি ভ্রমণ পিপাসু দেশের নানা প্রান্তে বিমানের টিকেট কেটেছিলেন, তাদের শিরে সংক্রান্তি। বৈরি আবহাওয়ার জেরে বৃহস্পতিবার এক দিনে যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল হয়েছে চারশোর বেশি ফ্লাইট। এছাড়াও বিলম্বিত ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এরইমধ্যে ভ্রমণকারীদের সতর্ক করে জানিয়েছে, আবহাওয়া অপরিবর্তিত থাকলে সপ্তাহেজুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হবে। বিমানবন্দরগুলো ঘুরে দেখা গেছে যাত্রীদের চোখেমুখে হতাশার ছাপ।

এবারের থ্যাংকসগিভিং ডে-তে যুক্তরাষ্ট্র জুড়েই চলছে দুর্যোগের ঘনঘটা। পূর্ব উপকূলবর্তী অঙ্গরাজ্য, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলাইনা শক্তিশালী ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও উপকূলীয় বন্যার কারণে প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। নিউ জার্সি ও নিউ ইয়র্কের কয়েকটি বরোতে জারি হয়েছে বন্যাকালীন জরুরি অবস্থা। ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত হয়েছে ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড, আবহাওয়ার উন্নতি না হলে শনিবারও হচ্ছে না প্যারেড।

মধ্যাঞ্চলের মিজৌরি ও ইলিনয় অঙ্গরাজ্যে ভারী তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন। সেন্ট লুইসে ৭ ইঞ্চির বেশি ও সেইন্ট জেনেভিভে ১৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। তুষারের চাপে মিজৌরিতে ধসে গেছে আইস এরিনার ছাদ। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া, ওরেগনের কাছের জলোচ্ছ্বাসে প্লাবিত উপকূলীয় এলাকা। সরিয়ে নেয়া হয়েছে বহু মানুষকে।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঝড়ের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করলেও, উত্তর-পূর্বাঞ্চল ও ওহাইও ভ্যালিতে এখনও ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও হালকা তুষারপাতের রেশ রয়ে গেছে, বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ করছেন কর্মীরা শনিবার নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে পূর্বাভাস মার্কিন আবহাওয়া দপ্তরের।

এসএইচ