বন্যপ্রাণী সুরক্ষা ও শিকার আইন সংস্কার করতে গিয়ে দেশ-বিদেশে তীব্র চাপ ও সমালোচনার মুখে ইতালির জর্জিয়া মেলোনির সরকার। এই বিলের বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন, সাধারণ নাগরিক, বিরোধীদল এবং ইউরোপীয় ইউনিয়ন কঠোর অবস্থান নিয়েছে।
প্রস্তাবিত এই বিলটিকে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে ইতালির প্রধান পরিবেশবাদী ও প্রাণী অধিকার সংগঠনগুলো। সম্প্রতি রোমের পার্লামেন্টের সামনে তারা বড় বিক্ষোভ করেছে। বিলটি পাসের বিরুদ্ধে আড়াই লাখের বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।
ইতালির পাখি সুরক্ষা লীগের সভাপতি আলেসান্দ্রো পোলিনোরি বলেন, ‘অবৈধভাবে প্রাণী হত্যার দিক থেকে ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে ইতালি তৃতীয় অবস্থানে। ভয়াবহ পরিস্থিতি। প্রতিদিন আমাদের স্বেচ্ছাসেবকরা সাধারণ ইতালীয়দের সঙ্গে বনভূমি, মাঠ এবং গ্রামীণ এলাকা থেকে অগণিত প্রাণি উদ্ধার করেন। এর মধ্যে রয়েছে অবৈধভাবে গুলিবিদ্ধ শিকারি পাখি থেকে শুরু করে বিভিন্ন সংরক্ষিত প্রজাতির প্রাণী। যাদের শিকারযোগ্য প্রাণী বলার সুযোগ নেই। এমনকি সারসের মতো প্রাণিকেও শুধু খেলাধুলা বা বিনোদনের জন্য হত্যা করা হয়।’
ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যেই রোমকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে, এই আইন পাস হলে তা ইইউ-এর ‘বার্ডস ডাইরেক্টিভ’ এবং প্রকৃতি সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করবে। সেক্ষেত্রে ইতালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা জরিমানার পদক্ষেপ নিতে পারে ইইউ।
সাম্প্রতিক জনমত জরিপেও দেখা গেছে, ইতালির অধিকাংশ নাগরিক শিকারের পরিধি বাড়ানোর বিপক্ষে। বিরোধীদলগুলো বিলটিকে ‘স্পারাতুত্তো’ বা ‘সবকিছু গুলি করে মারা’ আইন বলে ব্যঙ্গ করছে। এমনকি মেলোনির নিজস্ব জোটের শরিক দল ফরজা ইতালিয়া এবং নই মদেরাতির কিছু সংসদ সদস্যও এ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন।
ইতালির কৃষিমন্ত্রী এবং কৃষক ও শিকারি গোষ্ঠীগুলোর দাবির মুখে এই সংস্কারের পক্ষে অনড় রয়েছেন মেলোনি সরকার এবং ক্ষমতাসীন ডানপন্থী জোটের নেতারা। তাদের যুক্তি, ইতালিতে বন্য শূকর ও নেকড়ের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রতি বছর কৃষিক্ষেতের ব্যাপক ক্ষতি হচ্ছে। সড়ক দুর্ঘটনা বাড়ছে। ২০২৭ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে গ্রামীণ কৃষক ও রক্ষণশীল ভোটারদের সমর্থন ধরে রাখতেই সরকার এই বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষে পাসের চেষ্টা চালাচ্ছে।
ইতালীয় শিকার ফেডারেশনের সভাপতি মাসিমো বুকোনি বলেন, ‘আমরা এটিকে সমর্থন করি। কারণ আইনের ১৫৭/৯২-এর বিধানগুলো হালনাগাদ ও আধুনিকীকরণ করা প্রয়োজন। আইনটি ১৯৯২ সালের। প্রায় ৩৪ বছর আগের। বিশ্ব বদলে গেছে। ইতালির বাস্তবতাও বদলে গেছে। শিকারের চাপ বদলেছে, কৃষিপদ্ধতি ও জলবায়ু বদলেছে। সেইসঙ্গে বন্যপ্রাণী, অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানবিক কার্যকলাপের মধ্যকার সম্পর্কও বদলেছে।’
বন্যপ্রাণী সুরক্ষা ও শিকার আইন সংস্কারের মাধ্যমে আইনের মূল নীতি 'বন্যপ্রাণী সুরক্ষা' পরিবর্তন করে 'বন্যপ্রাণী ব্যবস্থাপনা' করার প্রস্তাব দেয়া হয়েছে। শিকারিদের-'জৈব-নিয়ন্ত্রক' হিসেবে স্বীকৃতি দিয়ে শিকারকে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষার সহায়ক হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া শিকারে সময়সীমা ও এলাকা বাড়ানো হবে। স্থানীয়দের রাষ্ট্রীয় মালিকানাধীন জমি, সরকারি বনভূমি, প্রাকৃতিক উদ্যান, এমনকি সমুদ্রসৈকতেও শিকারের অনুমতি দেয়া হবে।
এ বিলে মাধ্যমে বন্য রাজহাঁস, কবুতরের মতো সংরক্ষিত কিছু প্রজাতিশিকারযোগ্য প্রাণীর তালিকায় যুক্ত করা হচ্ছে। পাশাপাশি নেকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে সেগুলো নিধনের সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন খুরযুক্ত প্রাণী শিকারের জন্য রাতে নাইট ভিশন ও থার্মাল অপটিক্যাল যন্ত্র ব্যবহারের অনুমতি থাকছে।
এছাড়া শিকার খামারগুলোকে বাণিজ্যিক মডেলে পরিচালনার সুযোগ এবং জীবন্ত পাখি ফাঁদ ব্যবহারের বর্তমান সীম তুলে নেয়ার প্রস্তাব রাখা হচ্ছে।





