এশিয়াজুড়ে ঈদের আমেজ; শান্তি ও সংহতির ডাক নেতাদের

ঈদের নামাজ
এশিয়া
বিদেশে এখন
0

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও একাত্মতার চেতনায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ, এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদের জামাতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান মুসল্লিরা। বৈশ্বিক সংকটময় মুহূর্তে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার আশা প্রকাশ করে ভারতবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডে ঈদের জামাতে অংশ নিয়ে মোদির সমালোচনায় মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের শুভেচ্ছায় ঐক্য ও দুঃস্থদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

পবিত্র ঈদুল ফিতরে কলকাতার ঐতিহাসিক রেড রোড পরিণত হয় সম্প্রীতি ও ঐক্যের মিলনমেলায়। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে অংশ নেন শত শত মানুষ। মুসল্লিদের সমাগমে মুখরিত কলকাতা। ঈদ ঘিরে রেড রোড রূপ নেয় রাজনৈতিক ও সামাজিক বার্তার কেন্দ্রবিন্দুতে।

প্রতি বছরের মতো এবারও ঈদের জামাত শেষে এক বিশেষ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে তার বক্তব্যে উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য রক্ষার বার্তা।

এসময় তিনি বলেন, ‘কোনো ধরনের বিভাজন বাংলার মানুষ মেনে নেবে না। বাংলায় নানা ধর্ম ও বর্ণের মানুষ একত্রে বাস করে আসছে।’

আরও পড়ুন:

বৈশ্বিক সংকটময় মুহূর্তে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার আশা প্রকাশ করে ভারতবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স বার্তায় সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। বরাবরের মতো এবারও ভারতের অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিল্লির জামা মসজিদে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। দিল্লি ছাড়াও মুম্বাইয়ের মসজিদের মুসল্লিদের ব্যাপক সমাগম। রাজস্থানের আজমীর শরীফ বর্ণিল আলোয় আলোকিত হয়ে ওঠে। দলে দলে মুসল্লিরা ঈদের জামাত শেষে মাজার জিয়ারত করেন।

ঈদের শুভেচ্ছায় ঐক্য ও দুঃস্থদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ঈদের নামাজে বিশেষ মোনাজাতে অংশ নেন পাকিস্তানের বাসিন্দারা। করাচি, ইসলামাবা, পাঞ্জাবসহ প্রতিটি শহরেই উৎসবমুখর পরিবেশে ঈদের জামাতে অংশ নেন তারা। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানি বাসিন্দারা ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ঈদের আনন্দে মেতে ওঠেন।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো ঈদুল ফিতর। জাকার্তার উপকণ্ঠে একটি ফুটবল স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এসময় তারা মুসলিম সম্প্রদায় বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্বেগ প্রকাশ করেন।

বৈশ্বিক যুদ্ধ ও অর্থনৈতিক উদ্বেগে মধ্যেও ঈদ পালন করছেন মিয়ানমার, শ্রীলঙ্কাসহ এশিয়ার বিভিন্ন দেশের মুসলমান সম্প্রদায়। ঈদের চেতনা নতুন করে বিশ্বে শান্তি ও একতা বয়ে আনবে এটিই প্রত্যাশা সবার।

জেআর