ব্যাটিং ব্যর্থতায় জোহানেসবার্গ টেস্টে হতাশার হার বাংলাদেশের

জোহানেসবার্গ টেস্টে হতাশার হার বাংলাদেশের
ক্রিকেট
এখন মাঠে
0

সুযোগ থাকার পরও জোহানেসবার্গ টেস্টে নিজেদের বাজে ব্যাটিংয়ে ইতিবাচক ফল করতে ব্যর্থ বাংলাদেশ। একের পর এক অর্থহীন শট, ব্যাট হাতে দায়িত্বহীন খেলার ধরণ বড় হার উপহার দিয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।

টিকে থাকতে হতো চার সেশন। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে টেস্টে রুখে দেয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু, টাইগার ব্যাটারদের ব্যাট করার ধরণই বলে দিচ্ছিল, ম্যাচ বাঁচানোর চেষ্টাই করতে চাইছেন না তারা।

মাহফিজুল ইসলাম রবিন থেকেই শুরু করা যেতে পারে। ইনিংসে ৩২ রান করেছেন ৯২ বল খেলে। কিন্তু এই ৩২ রানের মধ্যে কেবল ১১ শতাংশ কন্ট্রোল ছিল তার ব্যাটে। চার বাউন্ডারির সবটাই আউটসাইড এজের ফলাফল। সেই সঙ্গে ৯২ বল খেলে ক্রিজে সেট হওয়ার পর আউট হয়ে দলকেও কিছুটা বিপদে ফেলেছেন।

তবে, ক্যারিয়ারের প্রথম টেস্ট বিবেচনায় রবিন ছাড় পেলেও ম্যাচ হারার জন্য অপরাধী হতে হবে তিন অভিজ্ঞ ব্যাটার লিটন-মুশফিক এবং মেহেদি হাসান মিরাজকে। ৫ম দিনে যখন বাংলাদেশকে টিকে থাকার সংগ্রাম করতে হচ্ছে, তখন ওয়ানডে মেজাজে খেলে কেন লিটন নিজের উইকেট খুইয়ে এসেছেন তা এক বড় প্রশ্ন। অহেতুক আগ্রাসী হতে গিয়ে রাবাদাকে নিজের উইকেট নেয়ার সুযোগ করে দিয়েছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন। একইভাবে দায় আছে মেহেদি হাসান মিরাজের। দলের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে থেকে মিরাজ কোন কারণে ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছেন তা এক রহস্যই বটে।

তবে, সবচেয়ে বড় দায় হয়ত থাকবে মুশফিকুর রহিমকে নিয়ে। আউট হওয়ার আগে ক্রিজে দাঁড়িয়ে খেলেছেন ৬১ বল। সাইমন হারমারের বিপক্ষে এর আগেও রান তুলেছেন। তবে, শেষদিকে বারবারই অনেক বেশি সামনে এসে খেলেছেন। সেই সুযোগ নিয়ে সাইমন হারমারও বল ঝুলিয়ে দিয়ে শর্ট লেগে ক্যাচ দিতে বাধ্য করেন মুশফিককে। আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পার করে একশোর বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিম ঠিক আর কতবার নিজের ভুল সিদ্ধান্তে দলকে ভোগাবেন, সেও এক প্রশ্ন।

জোহানেসবার্গে এখন পর্যন্ত খেলা হয়েছে ৭৩ ম্যাচ। প্রথম ইনিংসে ৪০০ রান হয়েছে সবমিলিয়ে ২২ বার। তবে, একমাত্র দল হিসেবে বাংলাদেশই এমন অবস্থা থেকে ম্যাচ হেরেছে। বিষয়টা ক্রিকেটারদের বিব্রত করছে কি না, সেটা অবশ্য জানার উপায় নেই।

এফএস