টানা ৩ মেয়াদে ফিফা সভাপতির আসনে জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ক্ষমতার আসনে আবারও বসতে চান তিনি। চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার দৌড়ে বেশ শক্ত অবস্থানে ছিলেন এই সুইস। তবে কয়েক মাসের ব্যবধানে বদলেছে দৃশ্যপট।
মূলত বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার প্রস্তাব দিয়েই তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। বিশ্বজুড়ে বিরোধীতার মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এলেও আগের মতো অবস্থানে নেই তিনি। ফিফার পরবর্তী নির্বাচনে ইনফান্তিনোর বিপরীতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন আরও তিন প্রার্থী।
ইনফান্তিনোর বিপক্ষে লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো। শুরুতে আর্সেন ওয়েঙ্গারকে বিবেচনা করলেও শেষ পর্যন্ত দিয়ালোকেই সমর্থন দিয়েছে উয়েফা। শেষ সময়ে আলোচনায় উঠে এসেছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কোজো তাশিমা। এছাড়া সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার র্যামন ভেগাও নির্বাচনে দাঁড়ানোর কথা জানিয়েছেন।
ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেকের রয়েছে একটি করে ভোট। প্রথম দফায় একাধিক প্রার্থী থাকলে জিততে প্রয়োজন দুই-তৃতীয়াংশ ভোট। কেউ তা না পেলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন। এভাবে শেষ পর্যন্ত দুই প্রার্থীর লড়াইয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই বিজয়ী নির্ধারণ করবে।
আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেখানেই নির্ধারিত হবে পরবর্তী চার বছর কে হবেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি।





