কাশিমপুর কারাগারের নিরাপত্তা চেয়ে বিভিন্ন বাহিনীকে চিঠি

কাশিমপুর হাইসিকিরিটি কারাগার
এখন জনপদে
0

গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কারা কর্তৃপক্ষ। চারটি কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। একইসঙ্গে কারা ক্যাম্পাসে নিরাপত্তা টহল বাড়ানোরও অনুরোধ জানানো হয়েছে।

গতকাল (বুধবার, ১৯ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কাশিমপুর কারা কমপ্লেক্সে চারটি কেন্দ্রীয় কারাগারে বর্তমানে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

এর আগে, গত ১৮ নভেম্বর কারাগারের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে চিঠি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এসআরবি অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

এসএইচ