গেল সপ্তাহে অবৈধ পার্কিংয়ের অভিযোগে রাইড শেয়ারিং চালক গণেশ নেপালির মোটরসাইকেল আটক করে এক হাজার রুপি জরিমানা করে কাঠমান্ডু পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, এ নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় ওই চালক। একপর্যায়ে নিজের মোটরসাইকেল থেকে পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নিলে মৃত্যু চালকের।
মর্মান্তিক এ ঘটনার পর নেপাল সরকার ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে তরুণ প্রজন্ম। এছাড়া তিনদিনে তিন যুবক শরীরে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টার পর দু’জন মারা যান। রোববার কাঠমান্ডুতে সচিবালয়ের সামনে দরিদ্রদের ওপর অত্যাচার বন্ধ এবং মানবাধিকার রক্ষার দাবিতে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে হাজির হন আন্দোলনকারীরা।
আরও পড়ুন:
এর আগে গেলে শনিবার বন্যাকবলিত বস্তিবাসীদের প্রতি সংহতি জানাতে একটি হোল্ডিং সেন্টারে গেলে জেন–জি আন্দোলনের সক্রিয় কর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আটক করে পুলিশ। বস্তিবাসীদের মর্যাদাপূর্ণ পুনর্বাসনের দাবি জানিয়ে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন তারা। এদিকে জেন-জিদের হয়ে বিক্ষোভের ডাক দেয়ায় কোশি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় ২৬ জনকে।
জেন-জিদের এই প্রতিবাদ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েক মাস আগে এই তরুণ প্রজন্মের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ। মাত্র ৩৫ বছর বয়সে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। টাইম ম্যাগাজিনের ‘২০২৩ সালের সেরা ১০০ উদীয়মান নেতা’র একজন ছিলেন বালেন্দ্র শাহ।
২০২২ সালে বালেন্দ্র শাহ মেয়র নির্বাচিত হওয়ার পর বদলে যায় কাঠমান্ডুর চিত্র। শহরের পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ ও দুর্নীতির বিরোধী অভিযানের মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি।





