বিমান বিধ্বস্তের ঘটনা ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
1

চলমান সংঘাতে বিভীষিকাময় দিন পার করলো ইসরাইল-যুক্তরাষ্ট্র। এক দিনে দু’টি মার্কিন যুদ্ধবিমান ও তিনটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে ইরান। আল জাজিরার তথ্য, এরপর দীর্ঘ অভিযান চালিয়ে বিমানের দুই ক্রুকে উদ্ধার করেছে মার্কিন সেনাবাহিনী। যদিও এখনো নিখোঁজ রয়েছে একজন। তবে এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।

যুদ্ধের ৩৬তম দিনে এসে ইরান যুদ্ধের তীব্রতা আরও বেড়েই চলেছে। এবার একই দিনে যুক্তরাষ্ট্রের দু’টি যুদ্ধবিমান ও তিনটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে ইরান। প্রথমে এফ ফিফটিন বিমান ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়।

অন্যটি হলো এ টেন মডেলের যুদ্ধবিমান যেটা হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়। ইরানের সামরিক বাহিনী বলছে, এই হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তাদের বাহিনীর এখনও লড়াই করার সক্ষমতা রয়েছে।

তবে যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

এরই মধ্যে বিমানের দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে একজন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সৈন্য নিহত, আহত ৩৬৫ হয়েছে বলে জানিয়েছ পেন্টাগন।

এদিকে ইরানের হামলায় ইসরাইলের দক্ষিণ নেগেভের শিল্প অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও মধ্যাঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যেও হামলা চালিয়ে যাচ্ছে আইআরজিসি। এতে সংযুক্ত আরব আমিরাতে নিহত হয়েছে একজন। বাহরাইনে সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরব পূর্বাঞ্চলীয় প্রদেশে সংক্ষিপ্ত সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন:

গত ২৪ ঘণ্টায় ইরানের বিরুদ্ধে ২০০ এরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরাইল। দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপর দু’টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এর মাধ্যমে এই অঞ্চলে তাদের দখলদারিত্ব আরও প্রসারিত হলো। বৈরুতেও একের পর এক হামলা চালাচ্ছে ইসরাইল। দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে ইরাকের মসুল শহরে পপুলার মবিলাইজেশন ফোর্সেস পিএমএফ-এর সদর দপ্তরে।

অন্যদিকে উত্তর ইসরাইলে ড্রোন হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। গত একদিনে দেশে ও এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ১৯টি অভিযানের দাবি করেছে ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী।

এসএস