সৌদির বিমানবন্দরে হুথি হামলার দাবি; ফ্লাইট বাতিল কাতার-আমিরাতের

সৌদির বিমানবন্দরে হুথিদের হামলার দাবি
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা। হামলা হয়েছে সৌদির দক্ষিণের অবস্থিত খান মুশাইদ বিমানঘাঁটিতেও। তবে এসব হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে সৌদি বিমানবন্দরে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটির ধারাবাহিক হামলার জেরে রিয়াদ ও দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বাতিল করেছে কাতার ও আমিরাত। অন্যদিকে গেল একদিনে তাইজ প্রদেশে হুথিদের হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন।

রিয়াদের প্রাণকেন্দ্রে অবস্থিত কিং খালিদ বিমানবন্দরে হুথিদের হামলা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শনিবার ও রোববারের প্রাণঘাতী হামলার পর সোমবারও বিমানবন্দরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এসময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে রিয়াদের আরও বেশ কয়েকটি স্থানে।

এছাড়া সৌদির দক্ষিণে সুরক্ষিত খান মুশাইদ বিমানঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। তবে এ দফায় আর সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারেনি হুথিদের ছোঁড়া মিসাইল। মধ্য আকাশেই সব হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে অবশ্য সম্ভাব্য বিমান হামলার শঙ্কায় সতর্কবার্তা পাঠানো হয় রিয়াদের বাসিন্দাদের ফোনের স্ক্রিনে।

গেল পাঁচদিনে রিয়াদ বিমানবন্দরে হুথিদের চার দফা হামলায় প্রাণহানি বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনিবার দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন প্রাণ হারান। আহত হয় তিন শতাধিক।

এদিকে নিরাপত্তা যাচাইয়ে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে কিং খালিদ বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম। আর সৌদি বিমানবন্দরে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটির ধারাবাহিক হামলার জেরে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল সাময়িক বাতিল করেছে কাতার ও আমিরাত।

আরও পড়ুন:

অন্যদিকে হুথিবিরোধী চলমান অপারেশন ‘ডন অফ ইয়েমেনে’ এখন পর্যন্ত এক হাজার ৯০০ অভিযান চালিয়ে ৯৫০ বিদ্রোহীকে হত্যার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। তবে পাল্টা আক্রমণ চালিয়ে এখনও নিজেদের শক্তির জানান দিচ্ছে হুথিরা। গেল একদিনে তাইজ প্রদেশে ৪৩টিরও বেশি হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে গুলি ছুঁড়ে সৌদি ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের।

হুথিদের ধারাবাহিক আক্রমণে বাড়তে থাকা মধ্যপ্রাচ্য সংঘাত প্রশমনে এবার মধ্যস্থতার বার্তা নিয়ে এগিয়ে এলো ইরান। সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে রিয়াদ- হুথি সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আর ইয়েমেন সংঘাত নিয়ে ফের আরেকবার কৌশলী উত্তর ট্রাম্পের। হুথিদের আক্রমণে নিজের বিরক্তি প্রকাশ করলেও গোষ্ঠীটি দমনে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। আর এখনও কাগজে- কলমে আটকে আছে মক্কা প্রতিরক্ষা চুক্তির কার্যকারিতা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘চুক্তির অভ্যন্তরীণ অনুমোদনের জন্য শিগগিরই এটি আমরা নিজ নিজ দেশের সংসদে পেশ করবো। আমরা সবসময় সৌদি আরবের সঙ্গে আছি।’

তবে মিত্র দেশগুলোর সহায়তার খোঁজে হন্যে হয়ে ওঠা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার প্রাণ বাঁচাতে ঘুরছেন এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে। এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি বলছে, যুবরাজকে বাঁচাতে প্রাসাদগুলোতে তৈরি করা হয়েছে সুরক্ষিত বাঙ্কার। গেল সপ্তাহে সবশেষ জনসমক্ষে এসেছিল সৌদি যুবরাজ।

এসএস