মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছু সম্ভব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছুই সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই হুথিদের বিরুদ্ধে ফের সৌদি ভূখন্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে রিয়াদ। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে গেল কিছুদিন ধরেই ইরানে নতুন করে হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বরাতে খবর প্রকাশ করে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ বিষয়ে একেকবার এক ধরনের বক্তব্য দিয়ে বারবার শিরোনাম হয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবারও সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবারও ইরানের বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ফের ইরানে বড় ধরনের হামলা চালাবে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, নির্বাচনের পর যেকোনো কিছুই সম্ভব। যুদ্ধ কবে নাগাদ শেষ হবে- সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও, এটি একান্তই তার নিজের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেখুন ইরানের ক্ষেত্রে আমরা বেশ ভালো অবস্থানে আছি। তবে প্রশ্ন হলো আমি কখন এটি শেষ করতে চাই। আমার মনে হয় ইরানও একটি চুক্তির পক্ষে, কিন্তু তারা আমাদের নির্বাচনের কথা ভেবে চুক্তি নিয়ে সময়ক্ষেপণ করছে, যা খুব একটা কাজে আসবে না। এই মুহূর্তে তারা খুব একটা ভালো অবস্থায় নেই; আমাদের নির্বাচন তাদের কোনো উপকারে আসবে না। তবে নির্বাচনের পর আমরা ইরানের নতুন করে হামলা করোব কি না তা এই মুহূর্তে বলা কঠিন, আমি মনে করি যেকোনো কিছুই সম্ভব।’

আরও পড়ুন:

ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বা সম্পৃক্ততা ছাড়াই মধ্যপ্রাচ্য সংকট নিরসন সম্ভব। মঙ্গলবার মস্কোয় গ্যাস রপ্তানিকারক ফোরামের এক বৈঠকে অংশ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন পেজেশকিয়ান। এসময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কর্মকাণ্ড ইরানকে রাশিয়া এবং নিষেধাজ্ঞার মুখে থাকা অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে উৎসাহিত করছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন কাতারের আমিরও। অন্যদিকে সংকটের স্থায়ী সমাধানে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

এদিকে হুথিদের বিরুদ্ধে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে রিয়াদ। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল সৌদি আরবের পূর্বাঞ্চল। তবে হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবের কয়েকটি এলাকায় সতর্কবার্তা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা। আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি এড়ানোর লক্ষ্যে আলোচনা চলবে বলে জানান মক্কা জোটের প্রতিনিধিরা।

এসএস