সময় টিভির চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট

হাইকোর্ট
আইন ও আদালত
6

সময় টিভির চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতির কে এম জাহিদ সারওয়ার কাজল ও শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় মিডিয়ার পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের মামলাটি দায়ের করেছিলেন।

এর আগে, গত ৭ জুলাই সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে সময় টিভির চেয়ারম্যান মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। হাইকোর্টের আজকের আদেশের ফলে সেই পরোয়ানাসহ মামলার সার্বিক কার্যক্রম স্থগিত থাকবে।

আরও পড়ুন:

মামলার বিবরণী থেকে জানা যায়, সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন। গত ৭ জুলাই নির্ধারিত দিনে অভিযুক্তরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়েছিল।

অভিযুক্ত অন্যরা হলেন— সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা। ওই দিন শুনানির সময় অভিযুক্তপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছিলেন।

এনএইচ