সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের আরেক মামলায় গ্রেপ্তার

আহমেদ জোবায়ার
আইন ও আদালত
1

প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ (সোমবার, ৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে তাকে হাজির করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করে শুনানি করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

আরও পড়ুন:

মামলার অভিযোগে বলা হয়েছে, সময় টেলিভিশনের দায়িত্বে থাকা অবস্থায় আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে দুই কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলে প্রতিষ্ঠানের দেয়া দুটি গাড়ি এবং উত্তোলিত অর্থ ফেরত দিতে বলা হয়। তবে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সময় টেলিভিশনের মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ জব্দকৃত সম্পদ ফেরতের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠালেও তিনি তাতে সাড়া দেননি। এ ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানার আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ১৮ জুন প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা অপর একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন আহমেদ জোবায়ার। ওই মামলাতেও আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন।

এসএস