টাঙ্গাইলে রাজমিস্ত্রি ফয়সাল হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল
জেলা ও দায়রা জজ আদালত
এখন জনপদে
আইন ও আদালত
0

টাঙ্গাইলের কালিহাতীতে রাজমিস্ত্রি ফয়সাল (১৮) হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কালিহাতী উপজেলার টুনি মগড়া গ্রামের (কাজি বাড়ি) মো. আ. আলীমের ছেলে মো. আ. মালেক (২১) এবং মো. রাশেদুল ইসলামের ছেলে মো. সজিব মিয়া ( ২০)।

তাদের দু’জনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় কালিহাতী উপজেলার মগড়া পূর্বপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে রাজমিস্ত্রি ফয়সাল (১৮) বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন ২৩ ডিসেম্বর সকালে ধলাটেংগর দক্ষিণপাড়ার কালিবাড়ী চকে ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

ধারালো অস্ত্রের আঘাতে তার বুকে, পিঠে, মুখে ও মাথায় বহু জখম ছিল। এ ঘটনায় নিহতের বাবা মো. রমজান আলী বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) নাফিউল ইসলাম ২০২৪ সালের ১ জানুয়ারি আসামি মো. সজিব মিয়া ও মো. আ. মালেককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তা‌রের পর আসামিদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী কালিবাড়ী খেয়াঘাটে পানির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্টিলের চাকু এবং নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামিরা পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিপি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ২০২৪ সালের ২৯ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। রায় ঘোষণার পর দণ্ডিত দু’জনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

এসএস