সারা দেশের কাঁচাবাজারেও বৈরী আবহাওয়ার প্রভাব!

কাঁচাবাজার
কাঁচাবাজার
বাজার
0

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে সারা দেশের কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। নদী ও সামুদ্রিক মাছের দরও চড়া। বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা যায় এমনই চিত্র।

সাম্প্রতিক বন্যার প্রভাবে চট্টগ্রামের কাঁচাবাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। নগরের কর্ণফুলীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। গত সপ্তাহে ৬০ টাকায় বিক্রি হওয়া শসা এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

বগুড়ায় সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় গ্রীষ্মকালীন সবজি উৎপাদন ও সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। পরবর্তী মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত সরবরাহ সংকট কমবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বৃষ্টির কারণে সবজি সরবরাহ সংকট দেখা দিয়েছে নাটোরের বাজারগুলোতে। সবজির দাম বৃদ্ধির পাশাপাশি ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ। শরীয়তপুরে কাঁচামরিচ প্রতি কেজি ২২০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় হিমশিম অবস্থা ক্রেতাদের।

ক্রেতারা জানান, মোটামুটি সব সবজিরই দাম বাড়তির দিকে। সবজির দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের জন্য তা বেশ অস্বস্তি তৈরি করবে বলেও মনে করেন তারা।

বিরতিহীন বৈরী আবহাওয়ায় থমকে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। জলোচ্ছ্বাস আর উত্তাল সাগরের তোপে হাজার হাজার ট্রলার ফিরে এসেছে কূলে। সামুদ্রিক মাছের তীব্র সংকট, দাম বেড়েছে কয়েকগুন।

বাজারের সবচেয়ে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ এখন যেন মধ্যবিত্তদের নাগালের বাইরে। এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়।

শরীয়তপুর এবং নাটোরে চাষের মাছের দামে কিছুটা স্বস্তি মিললেও, কাঙ্ক্ষিত নদীর মাছের অভাবে অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন খালি হাতে। বিক্রেতারা বলছেন, দুই দফার বৈরী আবহাওয়ায় মাছ শিকার ব্যাহত হওয়াতেই বাজারে এমন আগুন দাম।

তবে আবহাওয়ার অবস্থা উন্নতি হলে দ্রুত সবজি ও মাছের বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে চলে আসবে এমনটাই প্রত্যাশা বাজার সংশ্লিষ্টদের।

এসএইচ